ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স-সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে অ্যাম্বুলেন্সের চাপায় মর্মান্তিকভাবে মৃত্যু ঘটেছে এক অন্তঃসত্ত্বা নারী ও সাত বছরের এক শিশুসহ চারজনের; আহত হয়েছেন তিনজন, তাঁদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশুও আছে। এ দুর্ঘটনার সুবাদে উন্মোচিত হলো দেশের প্রধান ও বৃহত্তম সরকারি হাসপাতালটির অ্যাম্বুলেন্স-ব্যবস্থার বিরাট ঘাটতি, অব্যবস্থাপনা এবং তারই সুযোগে গড়ে ওঠা দায়দায়িত্বহীন ও জবরদস্তিমূলক এক বিকল্প অ্যাম্বুলেন্স-ব্যবস্থার স্বরূপ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ২ হাজার ৬০০। কিন্তু সেখানে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কখনোই তিন হাজারের নিচে নামে না। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন দৈনিক গড়ে প্রায় তিন হাজার রোগী। এত বড় যে হাসপাতাল, তার মোট অ্যাম্বুলেন্স মাত্র সাতটি। দুটি বার্ন ইউনিটের, পাঁচটি মূল হাসপাতালের। তার মধ্যে দুটি নষ্ট। বার্ন ইউনিটের দুই অ্যাম্বুলেন্স চলে না, হাসপাতালটির সহকারী পরিচালক (প্রশাসন) খাজা আবদুল গফুরের ভাষ্য অনুযায়ী, অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি বরাদ্দ নেই বলে।
এ কেমন অ্যাম্বুলেন্স সেবা!মোদ্দা কথা, এই হাসপাতালের অ্যাম্বুলেন্স-সেবা এতটাই অপ্রতুল যে তা ধর্তব্য নয়। কিন্তু ৭০ থেকে ৭৫টা অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টাই সেখানে ওত পেতে থাকে। সেগুলোর মালিক হাসপাতালটির তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা। তারা অ্যাম্বুলেন্স সেবার নামে গড়ে তুলেছে জবরদস্তিমূলক এক ব্যবসা; যেসব রোগীর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, তারা এই চক্রের কাছে জিম্মি। চক্রটি নিজেদের ইচ্ছামতো ভাড়া নেয়, এমনকি কখনো কখনো কোনো কোনো রোগীর স্বজনদের দুটি অ্যাম্বুলেন্স ভাড়া নিতেও বাধ্য করে, প্রয়োজন না থাকা সত্ত্বেও। তারা বাইরের অ্যাম্বুলেন্স সেখানে ঢুকতে দেয় না, তাদের চাঁদা না দিয়ে এমনকি সিএনজিচালিত অটোরিকশাও সেখানে যেতে পারে না।
দোর্দণ্ড প্রতাপে কায়েম হয়ে বসা এই অ্যাম্বুলেন্স ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না; বরং এমন অভিযোগ আছে, তাদের সঙ্গে যোগসাজশের ভিত্তিতেই চক্রটির অ্যাম্বুলেন্স ব্যবসা চলছে। কিন্তু এভাবে আর চলতে দেওয়া যায় না। প্রথমত, হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স-ব্যবস্থা সম্পূর্ণভাবে সক্রিয় করতে হবে, অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো ও সেগুলোর জন্য জ্বালানি নিশ্চিত করতে হবে।
দ্বিতীয়ত, বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো হয় সরিয়ে ফেলতে হবে, নয়তো সেগুলোর মালিকদের জবরদস্তিমূলক আচরণ বন্ধ ও প্রকৃত অ্যাম্বুলেন্স-সেবা নিশ্চিত করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জন্য কিছু নিয়মকানুন তৈরি করে সংশ্লিষ্ট থানার সহযোগিতায় সেগুলো কঠোরভাবে প্রয়োগের মধ্য দিয়ে তাদের দায়িত্বশীলতা-জবাবদিহির আওতায় আনতে পারে।