ঢাকা সিটি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভক্ত ঢাকায় দ্বিতীয়বারের মতো জোড়া নির্বাচন আসছে। নির্বাচন ও ভোটাভুটি নিয়ে জাতীয় রাজনীতি ও জীবনে কী ধরনের ভূমিধস পরিবর্তন ঘটেছে, তার ব্যাখ্যা নিরর্থক। মুখ ফুটে কথা না বলে শুধু ইশারা-ইঙ্গিত করলেই প্রকৃত বাস্তবতার প্রতিফলন ঘটে। বিভক্ত ঢাকায় মেয়র নির্বাচন হয়েছে তিনটি। তিনটি পর্বেই অভিন্ন অভিযোগ হলো, নগর নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। অবশ্য ভোটে অনিয়ম সংঘটনের সপক্ষে তেমন অকাট্য সাক্ষ্য–প্রমাণ অভিযোগকারীরা দায়ের করতে পারেননি। তাই নির্বাচনের বৈধতা ভোটের পরে উপযুক্ত ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করা এবং তাতে সফল হওয়ার কোনো বাস্তবতা দেশে এখনো তৈরি হয়নি। সুতরাং ধরে নেওয়া চলে নির্বাচনের ভালো-মন্দ সেই ‘এক দিনের উৎসবের’ বাতাবরণেই শেষ হবে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেওয়ার কথা জানিয়েছে। এটা স্বস্তির বিষয়। যেকোনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব থেকে কার্যকর রক্ষাকবচ। কিন্তু বাস্তবতা হলো, অংশগ্রহণমূলক নির্বাচন মানেই অবাধ, প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা নয়।

নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করে, তার ওপর অবাধ নির্বাচন পরিস্থিতি অনেকাংশে নির্ভর করে। কিন্তু বহুলাংশে নির্ভর করবে ক্ষমতাসীন দলের রাজনৈতিক সদিচ্ছার ওপর। আমরা মনে করি, নির্বাচন তথা দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যে ক্ষত সৃষ্টি হয়েছে, তা নিরাময়ে রাজনৈতিক সদিচ্ছা দেখানোর সামর্থ্য সরকারি দল আওয়ামী লীগের রয়েছে। একসময় বাংলাদেশের প্রধান বিরোধী দলের সঙ্গে ক্ষমতাসীন দলের যে দোলাচল বা সমীকরণ ছিল, গত এক দশকে তার খোলনলচে বদলে গেছে। প্রধান বিরোধী দল এখন ন্যুব্জ হয়ে পড়েছে।

গত সাধারণ নির্বাচনের শুদ্ধতার বিষয়ে প্রধান বিরোধী দলের অভিযোগ যাই থাক না কেন, এটা রূঢ় বাস্তবতা যে, এই নির্বাচনকে মেনেই তারা সংসদ আছে। তারা এমনকি পারতপক্ষে মধ্যবর্তী নির্বাচনের কথা মুখেও আনে না। সুতরাং ক্ষমতাসীন দল দাবি করতে পারে এবং করেও থাকে যে, দেশের রাজনীতিতে ভঙ্গুর পরিস্থিতি নেই। রাজনীতি ও শাসনব্যবস্থায় অনেক ত্রুটি সত্ত্বেও পরিস্থিতি স্থিতিশীল। সুতরাং এখনই সময় এটা বিবেচনায় নেওয়ার যে, সুশাসন যেখানে দেওয়া সম্ভব, সেখানে তা দেওয়া উচিত। অবাধ নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম। তাই একটানা দীর্ঘদিন অবাধ নির্বাচন হতে না দেওয়াটা উল্টো ফল বয়ে আনতে পারে কি না, সেই প্রশ্ন ঠুনকো নয়।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনটিকে তাই ভোট ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা ফেরানোর একটি উপলক্ষ হিসেবে দেখা যেতে পারে। এ জন্য সরকারি দল ও তার অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের প্রতি এখনই উপযুক্ত দিকনির্দেশনা প্রত্যাশিত। আসন্ন সিটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে দিতে ক্ষমতাসীন দলের বিরাট দলীয় স্বার্থ আছে বলে আমরা মনে করি। কারণ, একটানা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে ক্ষমতাসীন দলের অভ্যন্তরে নানা ধরনের ক্ষতিকর উপসর্গ ফুটে উঠেছে।

আওয়ামী লীগের কাউন্সিলগুলো নিয়মিত হয়। কিন্তু তিন বছরে তারা একটি সাংগঠনিক কমিটিও পূর্ণাঙ্গভাবে নির্বাচিত করতে পারেনি। গোপন ব্যালটে ভোটাভুটির যে বিধান দলের ঐতিহ্যবাহী গঠনতন্ত্রে আছে, সেটা বড় বেশি কাগুজে হয়ে যাচ্ছে। সাম্প্রতিক কালে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের একশ্রেণির নেতা-কর্মীর নানা আচরণ ও দুর্নীতি দলের হাইকমান্ডকে উদ্বিগ্ন করেছে। সার্বিক অবস্থা বিবেচনায় তাই দলটির উচিত হবে নির্বাচন কমিশনকে সবুজ সংকেত দেওয়া।

আমরা আশা করব, নির্বাচন কমিশন অতীতের ক্লেদ ঝেড়ে এবার সবার জন্য মাঠ সমতল করার কাজটি ভালোভাবে সম্পন্ন করবে। তারা তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারে সচেষ্ট হবে। প্রতি কেন্দ্রে দুজন সেনার উপস্থিতিতে ইভিএমে আসন্ন ভোট অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে পারাটা সত্যিই একটি বড় চ্যালেঞ্জ।