ঢাকার জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় থেমে থেমে আট ঘণ্টায় বৃষ্টি হয়েছে মোট ৬২ মিলিমিটার। কিন্তু এই সামান্য বৃষ্টিতেই মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিলসহ মহানগরের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। বৃষ্টি থামার অনেক পরেও অনেক এলাকায় জলাবদ্ধতা ছিল। আমাদের প্রিয় রাজধানী শহরের এই অবস্থা নতুন করে দেখা দেয়নি; বরাবর এমনটাই চলে আসছে। এবার বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হয়েছে; ফলে ওয়াসা ও অন্যান্য কর্তৃপক্ষের অভয়বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। তারা বলেছিল, এবার জলাবদ্ধতা কম হবে, কারণ তারা প্রস্তুত রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জলাবদ্ধতা কমেনি।

রাজধানী ঢাকার জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যা হিসেবে চলে আসছে অনেক বছর ধরে। জলাবদ্ধতা দূর করার জন্য একের পর এক নানা প্রকল্প নেওয়া হয়েছে, বছরে বছরে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা হচ্ছে, কিন্তু সমস্যাটি লাঘব হচ্ছে না। এই মহানগরের বাসিন্দারা এমনিতেই যানজটে নাকাল, তার ওপর জলাবদ্ধতার দুর্ভোগ গোদের ওপর বিষফোড়ার মতোই অসহনীয়।

জলাবদ্ধতা দূর করার উদ্যোগগুলো অনেকটাই যেন সাময়িক আপদ মেটানোর লক্ষ্য থেকে পরিকল্পিত। সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য যে সুদূরপ্রসারী ও সমন্বিত পরিকল্পনা করা প্রয়োজন, তা করা হয় না। জলাবদ্ধতা দূর করার জন্য প্রয়োজন জলাবদ্ধতা সৃষ্টির কারণগুলো চিহ্নিত করে সেসব কারণ অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। অনেক কারণ চিহ্নিত হয়েছে; সেগুলোর একটি হলো ঢাকার ভেতরের অধিকাংশ খাল ভরাট হয়ে যাওয়া। ভরাট খাল পুনরুদ্ধারের সুযোগ আর নেই, কিন্তু এখনো যেসব খাল আছে, সেগুলোর শোচনীয় দুরবস্থা দূর করার উপায় অবশ্যই আছে। কিন্তু এ কাজটি করা হচ্ছে না। খালগুলোর অবৈধ দখল অপসারণ করে বর্জ্য সরিয়ে সংস্কার করা হলে সেগুলো দিয়ে অনেক বৃষ্টির পানি নেমে যেতে পারবে। ফলে জলাবদ্ধতা কমবে। জলাবদ্ধতার আরেকটি কারণ পর্যাপ্ত নালা-নর্দমার অভাব। এই অভাব দূর করার সোজা উপায় নতুন নতুন নালা-নর্দমা নির্মাণ করা। এটা করার জন্য যদি অর্থের ঘাটতি থাকে, তাহলে এই খাতে অর্থ বরাদ্দের ব্যবস্থা করতে হবে।

ঢাকার জলাবদ্ধতার একটি বড় বৈশিষ্ট্য হলো, অনেক এলাকায় বৃষ্টির পানি নেমে যেতে দীর্ঘ সময় লেগে যায়। এর প্রধান কারণ বিদ্যমান নালা-নর্দমাগুলোর পানিনিষ্কাশন সমস্যা কমে গেছে। এ রকম হয়েছে নালা-নর্দমাগুলোতে ময়লা-আবর্জনা জমে ওঠার ফলে। এ সমস্যাটি সৃষ্টি হয়েছে একান্তই দায়িত্বে অবহেলার ফলে। সারা বছর ধরে নিয়মিতভাবে নালা-নর্দমাগুলো পরিষ্কার করা ওয়াসার কাজ। কিন্তু সংস্থাটি এই দায়িত্ব যথাযথভাবে পালন করে না। শুকনো মৌসুমে নালা-নর্দমাগুলোর দিকে তাদের কোনো দৃষ্টি থাকে না, শুধু বর্ষা এলেই এ ব্যাপারে তোড়জোড় শুরু হয়। এ বছরও ওয়াসা নালা-নর্দমাগুলো পরিষ্কার করার জন্য স্থানীয় সরকার বিভাগের কাছে অর্থ বরাদ্দ চেয়েছে এবং ইতিমধ্যে তাদের ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কিন্তু ওয়াসা কি নালা-নর্দমাগুলো আবর্জনামুক্ত করার কাজ ঠিকমতো করছে? তাহলে দুই-এক ঘণ্টার বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে কেন? আমরা বরাবরই বলে আসছি, পানিনিষ্কাশনের পথগুলো সব সময় সচল রাখা প্রয়োজন। এ জন্য নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একটি নিয়মিত দায়িত্ব, শুধু বর্ষা মৌসুমের কাজ নয়।

বিভিন্ন সেবা সংস্থার সঞ্চালন লাইন স্থাপন ও সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ির ফলেও নালা-নর্দমা ক্ষতিগ্রস্ত হয়; এটিও একটি পুরোনো সমস্যা। এই সমস্যা
দূর করার জন্য সেবা সংস্থাগুলোর মধ্যে কাজের সমন্বয় করতে হবে। আর নাগরিক পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা ও কর্তব্যবোধ
বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পলিথিন, প্লাস্টিক ইত্যাদি অপচনশীল ব্যবহার্য বস্তুর ব্যবহার নিয়ন্ত্রণ করা, বিশেষত পাতলা পলিথিন নিষিদ্ধ করা একান্ত জরুরি হয়ে পড়েছে।