ঢাকার জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা–সংকটে রাজধানীবাসীর দুর্দশা আরেকবার ফুটে উঠেছে। ঢাকার ২ হাজার ৩০০ কিলোমিটার পানিনিষ্কাশন নেটওয়ার্কের মধ্যে ওয়াসা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩৬০ কিলোমিটার নিষ্কাশন লাইন দেখভালের দায়িত্বে আছে। আর তারা গত এক দশকে জলাবদ্ধতা দূর করতে অন্তত ৫২৩ কোটি টাকা খরচ করেছে। এই অর্থ কী কী প্রকল্পে কীভাবে ব্যয় হয়েছে এবং তা থেকে কতটা সুফল মিলেছে, তা জানা দরকার। 

প্রতীয়মান হয় যে ওই অর্থ যথাযথভাবে খরচ করা হলে জলাবদ্ধতার এমন ভয়ংকর রূপ নগরবাসীকে দেখতে হতো না। রাজধানীর জলাবদ্ধতা দূর করার বিষয়ে ২০১৭ সালের এপ্রিলে আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র এবং ওয়াসার এমডির মধ্যে প্রকাশ্য তর্ক-বিতর্ক লক্ষ করেছিলাম। জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ডিএসসিসি মেয়র ওয়াসাকে একটি ব্যর্থ সংগঠন হিসেবে চিহ্নিত করেন। ওয়াসার এমডি তাঁর সঙ্গে দ্বিমত করেন। এক বছরের বেশি সময়ের ব্যবধানে ১ অক্টোবর সোয়া ঘণ্টার বৃষ্টিতে ঢাকা ডুবল। এটা প্রমাণিত যে দায়ী যারাই হোক খরচ হয়েছে দেদার, কিন্তু মানুষের ভোগান্তি কমানো যায়নি। 

ঢাকা ওয়াসা প্রতিদিন নগরবাসীর জন্য পানি সরবরাহ করে। সেই সরবরাহ–ব্যবস্থা ও পানির মান নিয়ে অভিযোগের শেষ নেই। ওয়াসার এমডি পানির মান ভালো বলে দাবি করেন, কিন্তু ওয়াসার পানি দিয়ে বানানো শরবত পানে অস্বীকৃতি জানিয়ে তিনি কার্যত এর মানের বিষয়টি মেনে নিতে বাধ্য হয়েছেন। পানি সরবরাহ আর জলাবদ্ধতা দুটি ভিন্ন কাজ। দেখা যাচ্ছে, দুটি ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। এভাবে প্রায় দেড় কোটি মানুষের জীবন একটি অকার্যকর সংস্থার কাছে জিম্মি থাকতে পারে না। 

ডিএসসিসির মেয়র নগরীর পানিনিষ্কাশন–ব্যবস্থাকে একক কর্তৃপক্ষের অধীনে দেখতে চান। কিন্তু যিনি এই দায়িত্ব নিতে চান, তিনি নিজের দায়িত্ব কতটা পালন করেছেন বা করছেন, সেই প্রশ্নও আছে। উত্তরের মেয়র বলেছেন, জলাবদ্ধতার কাজে ওয়াসা ও সিটি করপোরেশন একসূত্রে গাঁথা। দ্বৈত ব্যবস্থাপনা মানেই হযবরল অবস্থা। এর ওপরে তাতে যদি অদক্ষতা ও দুর্নীতি যুক্ত হয়, তাহলে পরিস্থিতি কী দাঁড়াতে পারে, অনুমান করা কঠিন নয়। জলাবদ্ধতার মতো ঢাকা মহানগরের আরও অনেক সমস্যা সংশ্লিষ্টদের সমন্বয়হীনতার ফাঁদে খাবি খাচ্ছে। 

 ২০১৫ সালে আমরা তার আগের চার বছরে ওয়াসার দ্বারা ৩০৩ কোটি টাকা খরচের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম। আমরা লিখেছিলাম, জনগণ কর দেয় সেবা পাওয়ার আশায়, সেই করের টাকা বৃষ্টির পানিতে ফেলার জন্য নয়। চার বছর পরে আমরা জানছি তারা আরও প্রায় সোয়া দুই শ কোটি টাকা খরচ করে ফেলেছে। কিন্তু জনদুর্ভোগ আরও বেড়েছে। বিশেষজ্ঞরা নির্দিষ্টভাবে তথ্য হাজির করেছেন যে দু–তিন বছর আগে ঘণ্টায় ৫০ মিলিমিটার বৃষ্টি হলেও জলাবদ্ধতা হতো না। অথচ মঙ্গলবার ৩৫ মিলিমিটার বৃষ্টিতেই ঢাকা ডুবে গেল। অথচ ভারী বৃষ্টি হলেও যাতে জলাবদ্ধতা না হয়, সে জন্য সরকারের কাছ থেকে ওয়াসা বিশেষ বরাদ্দ পেয়েছিল। 

গত ১৫ মাসেই তারা এ খাতে ৪৫ কোটি টাকা খরচ করেছে, তারপর খোদ রাজধানীর এত বড় অধঃপতন। সুতরাং আমরা মনে করি, অবিলম্বে ওয়াসার জলাবদ্ধতা মোকাবিলা প্রকল্প ও তার ব্যয় করা অর্থ বিষয়ে একটা তদন্ত হওয়া দরকার। ওয়াসার বর্তমান এমডি প্রায় ১০ বছর ধরে চুক্তিভিত্তিক দায়িত্বে আছেন। এত অনিয়ম, দুর্নীতি ও অপচয়ের অভিযোগের পরও তিনি কিসের জোরে পদে বহাল আছেন, সেটা সত্যিই এক বড় প্রশ্ন।