ঢাকা মহানগরীর অনেক এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়। বর্ষা আসার আগে জলাবদ্ধতা দূর করার পদক্ষেপ নিয়ে বিভিন্ন সংস্থার মধ্যে ‘ঠেলাঠেলি’ হয়; কিন্তু সমস্যাটির স্থায়ী বা টেকসই সমাধানের পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। ফলে নগরবাসীর বর্ষাকালীন জলাবদ্ধতাজনিত দুর্ভোগের অবসান ঘটে না।
চলতি বছরের সমস্যা আরও প্রকট। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বন্যা হতে পারে। তা ছাড়া ইতিমধ্যে ঘন ঘন বৃষ্টি নামছে। কিছু এলাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। পানিনিষ্কাশনের নালা-নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না বলে দ্রুত পানি নামতে পারে না। উপরন্তু মহানগরীর অনেক এলাকায় মেট্রোরেলপথ তৈরির কাজ চলছে। সেসব এলাকায় পানিনিষ্কাশনের অবকাঠামো নষ্ট হয়ে গেছে। যেমন ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মিরপুর ১০ নম্বর থেকে তালতলা-আগারগাঁও পর্যন্ত পানিনিষ্কাশনের ব্যবস্থা ‘প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে’। সেখানে পৌনে তিন কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শুরু করা হয়েছিল মার্চের মাঝামাঝি। এর মধ্যে বর্ষা চলে আসায় কাজটি অসমাপ্ত অবস্থায় বন্ধ রাখা হয়েছে। অক্টোবর-নভেম্বরের দিকে আবার শুরু হবে। তাহলে চলতি বর্ষা মৌসুমে ওই এলাকাগুলোর বাসিন্দাদের কী হবে? সন্দেহ নেই যে তাঁরা জলাবদ্ধতার কারণে ভীষণ দুর্ভোগের শিকার হবেন।
এ রকম জলাবদ্ধতার শিকার হতে পারে, এমন ১১টি এলাকা চিহ্নিত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ রকম কোনো তালিকা পাওয়া যায়নি। তবে তারা জলাবদ্ধতাপ্রবণ কিছু এলাকায় বড় ব্যাসের নালা নির্মাণের কাজ করছে বলে জানিয়েছে। পানিনিষ্কাশনের জন্য পাইপলাইন, নালা ইত্যাদি অবকাঠামো নির্মাণের কাজ শুকনো মৌসুমের মধ্যে, অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার আগেই সেরে ফেলা উচিত। কিন্তু তা করা হয় না। কাজ শুরু করতে করতে দেরি হয়ে যায় এবং বর্ষা আসার আগে শেষ হতে পারে না। ফলে পরবর্তী শুকনো মৌসুমের অপেক্ষায় থাকতে হয় এবং ইতিমধ্যে সম্পন্ন কাজের অংশ বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়। কাজ শুরুতে বিলম্ব হওয়ার একটা কারণ বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতি। এটি একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে এবং এই সমস্যার কারণে অনেক অর্থের অপচয় ও নগরবাসীর দুর্ভোগ হয়।
নগরের জলাবদ্ধতা লাঘবের জন্য পানিনিষ্কাশনের পথ অর্থাৎ নালা-নর্দমাগুলো সব সময় পরিষ্কার রাখা দরকার। কিন্তু এবার বর্ষায় তা–ও যথেষ্ট হবে না, আটকে থাকা পানি পাম্প করে মহানগরীর বাইরে নিতে হবে। সে জন্য পানিনিষ্কাশনের পাম্পগুলোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।