ঢাকার জলাবদ্ধতা ও বেহাল রাস্তাঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিয়ে লেখালেখি, সমালোচনা অনেক হয়েছে। কিন্তু এই সমস্যা সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ নেই। থাকলে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো না। অথচ জলাবদ্ধতা দূর করার নামে গত চার বছরে খরচ করা হয়েছে ৩০৩ কোটি টাকা। জনগণ কর দেয় সেবা পাওয়ার আশায়, সেই করের টাকা বৃষ্টির পানিতে ফেলার জন্য নয়। বৃষ্টির পানি দ্রুত নেমে না গেলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানিনিষ্কাশনের জন্য যেসব নালা-নর্দমা রয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার দায়িত্ব ঢাকা ওয়াসা নিয়মিতভাবে পালন করে না বলেই মহানগরীর আজ এ অবস্থা। অথচ তারা এই বাবদে এ বছরই তিন দফায় ২০ কোটি টাকা তুলে নিয়েছে। আমাদের প্রশ্ন, এই টাকা কীভাবে খরচ করা হয়েছে? ঢাকা ওয়াসার কি কোনো জবাবদিহি নেই?

শুধু জলাবদ্ধতা নয়, রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থাও বেশ খারাপ। অনেক মহল্লার রাস্তাঘাট ভেঙে গেছে, খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে সেসব এলাকায় পথচারীদের চলাফেরায় শোচনীয় দুর্ভোগ সৃষ্টি হয়। আর সবচেয়ে বড় দুর্দশা হয়েছে দেশের প্রধান বিমানবন্দরের সামনের প্রাঙ্গণের রাস্তায় এবং কার পার্কিংয়ের প্রবেশ ও বাহির পথে, যা শুধু ভোগান্তি নয়, দেশের ভাবমূর্তির জন্যও দৃষ্টিকটু বিষয়।

সমস্যাগুলো সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।