ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের কোরবানির ঈদের পর পশুর বর্জ্য সরিয়ে ফেলার কাজটা উভয় সিটি করপোরেশন মোটামুটি সেরেছে। কিন্তু মনে রাখা দরকার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কোনো বিশেষ উপলক্ষের বিষয় নয়, দৈনন্দিন জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। সব ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হয় নিয়মিতভাবে, প্রতিদিন। কিন্তু উভয় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক মান খারাপ। প্রতিদিন সৃষ্ট বর্জ্যের অর্ধেকটাই থেকে যায় রাস্তাঘাটে কিংবা বাড়ির আশপাশে। ডাস্টবিনে ময়লা পড়ে থাকে দিনের পর দিন। বর্জ্য পরিবহনের জন্য ত্রিপলে ঢাকা ট্রাক ব্যবহার করার কথা, কিন্তু দুই সিটি করপোরেশনের ৩৭৮টি ট্রাকে কোনো ত্রিপল নেই। ফলে বর্জ্য পরিবহনের ট্রাকগুলো থেকে দুর্গন্ধ ছড়ায় এবং কিছু বর্জ্য ও দুর্গন্ধযুক্ত ময়লা পানি রাস্তায় পড়ে। এভাবে শহর নোংরা হয়, রোগজীবাণু ছড়ায়।

ঢাকা মহানগরে প্রতিদিন প্রায় ৭ হাজার মেট্রিক টন বর্জ্য জমা হয়। এর মধ্যে ৫০ থেকে ৬০ ভাগ সঠিক নিয়মে নির্ধারিত ভাগাড়ে জমা করা হয়। ২০ ভাগ স্থানীয়ভাবে বেসরকারি উদ্যোগে বিশেষ করে টোকাইদের মাধ্যমে সংগ্রহ করে রিসাইক্লিং হয়। আর বাকিটা থেকে যায় ছড়িয়ে-ছিটিয়ে এবং পরে তা স্থানীয়ভাবেই মাটির সঙ্গে মিশে যায় কিংবা ড্রেনে পড়ে পয়োনিষ্কাশনব্যবস্থাকে বাধাগ্রস্ত করে।

এমন বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণযোগ্য নয়। উভয় সিটি করপোরেশনকে এ বিষয়ে আরও দায়িত্বশীলতা, দক্ষতা ও দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। সুব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা যায়। বর্জ্য থেকে বিদ্যুৎ, সার ইত্যাদি উৎপাদন সম্ভব। সেদিকে মনোযোগ দিতে হবে। সাম্প্রতিক এক খবরে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর রাজধানীর বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্যে দুটি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট তৈরির কাজ শুরু করেছে। এই দুটি প্ল্যান্টের মাধ্যমে মহানগরের সব বর্জ্যকে সারে রূপান্তর করা হবে।

উদ্যোগটি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করা হোক। সে জন্য দুই সিটি করপোরেশনের প্রতিদিনের বর্জ্য সংগ্রহ ও পরিবহনের কাজ আরও সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে করতে হবে।