ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেঙ্গু জ্বরের প্রকোপ সম্পর্কে সংবাদমাধ্যমে লেখালেখি কিছুটা কমে এসেছে বলে মনে করার কোনো সুযোগ নেই যে আমরা এই বিপদ পেরিয়ে এসেছি। বরং উল্টোটাই বলা যায়: এ বিপদ সামনের দিনগুলোতে আরও বাড়ার আশঙ্কা আছে। কারণ, বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজনন ঋতুর মূল সময়টাই সেপ্টেম্বর মাস এবং বৃষ্টির মৌসুম প্রলম্বিত হলে তা অক্টোবর পর্যন্তও চলতে পারে। তা ছাড়া এ বছর ডেঙ্গু আর শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই; দেশের ৬৪টি জেলাতেই ছড়িয়ে পড়েছে। শুধু তা–ই নয়, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ঢাকার চেয়ে ঢাকার বাইরেই বেশি।

অর্থাৎ, ডেঙ্গু নিয়ে উদ্বেগ বৃদ্ধির পরিস্থিতি দেখা যাচ্ছে। প্রথমত, ঢাকার বাইরের ডেঙ্গু রোগীদের প্রায় ৩৯ শতাংশ স্থানীয়ভাবেই সংক্রমণের শিকার হয়েছে—সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) জরিপ থেকে প্রাপ্ত এই তথ্যে স্পষ্ট হয়ে উঠেছে যে সারা দেশে এডিস মশার বিস্তার ক্রমবর্ধমান। দ্বিতীয়ত, ঢাকার বাইরে সাধারণ চিকিৎসাব্যবস্থায় নানা সীমাবদ্ধতার কারণে রোগীদের মৃত্যুর ঝুঁকি যে বেশি, তা দৃশ্যমান হয়ে উঠেছে। আগস্ট মাসে ঢাকায় মারা গেছে ৪৮ জন ডেঙ্গু রোগী আর ঢাকার বাইরে মারা গেছে ৫২ জন। অথচ আগস্টের আগপর্যন্ত ঢাকার বাইরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ছিল মাত্র ৪।

ঢাকার বাইরে বিভিন্ন মফস্বল শহরে ও প্রত্যন্ত গ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত মানুষের মৃত্যুর ঝুঁকি যেসব কারণে বেশি, তার একটি হলো ডেঙ্গু রোগ সম্পর্কে জনসচেতনতার ঘাটতি। অনেক পরিবার এটিকে সাধারণ সর্দি–জ্বর ভেবে রোগীকে হাসপাতাল, ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্রে নিতে দেরি করে। এর ফলে রোগের জটিলতা বেড়ে যায় এবং যখন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাকে বাঁচানো বেশ কঠিন হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, ঢাকা ছাড়া দেশের সব জেলা–উপজেলায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম ও আনুষঙ্গিক সুযোগ–সুবিধার ব্যাপক ঘাটতি রয়েছে। এমনিতেই প্রয়োজনের তুলনায় পদ কম, উপরন্তু অধিকাংশ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের অনেক পদ শূন্য আছে। তা ছাড়া ডেঙ্গু রোগ শনাক্ত করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই। 

মাত্র এক দিন আগে প্রকাশিত এক খবরে জানা গেল, দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ডেঙ্গু ভাইরাস পরীক্ষার কিট কেনার জন্য সবে অর্থ বরাদ্দ করা হয়েছে। যেকোনো রোগের চিকিৎসা শুরু করতে হলে প্রাথমিক কাজটাই হলো রোগ শনাক্ত করা; সেই ব্যবস্থা না থাকলে রোগীকে যথাসময়ে হাসপাতালে নেওয়ার পরও সুচিকিৎসা নিশ্চিত হয় না। ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার সময়েই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে সারা দেশেই ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তা ছাড়া খুলনা ও চট্টগ্রামে ডেঙ্গু ভাইরাসের অস্তিত্বের প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। সুতরাং, ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে আরও আগেই সারা দেশের জন্য প্রস্তুতি নেওয়া উচিত ছিল।

আর ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ার পরও লক্ষ করা যাচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়ার পরও ঢাকার বাইরে শহরগুলোর সিটি করপোরেশন বা পৌর এলাকার বাইরে মশা নিধনের কার্যক্রম শুরু করা হয়নি। কিন্তু প্রত্যন্ত গ্রামেও ডেঙ্গু ছড়িয়ে পড়ার খবর আসছে। যেমন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি গ্রামেই গত ১২ দিনে ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, এ থেকে প্রতীয়মান হচ্ছে, শহর–গ্রামনির্বিশেষ সারা বাংলাদেশের মানুষের জন্য ডেঙ্গুর ঝুঁকি সৃষ্টি হয়েছে।

এখন জরুরি কর্তব্য দুটি: আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং দেশব্যাপী এডিস মশা নিধনের ব্যাপক ও জোরালো উদ্যোগ নেওয়া। এ জন্য স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি।