বায়ুদূষণে ঢাকা শহর গত কয়েক বছরে বারবার বিশ্বের শীর্ষে চলে যাচ্ছে। গত সপ্তাহে টানা তিন দিনও আমরা তেমনটা দেখতে পেলাম। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার বিশ্বের ১০০টি বড় শহরের মধ্যে বায়ুদূষণের দিক থেকে ঢাকা ছিল শীর্ষে। আর্থসামাজিক নানা উন্নয়নে বাংলাদেশের সাফল্য বৈশ্বিক পরিসংখ্যান ও গবেষণাগুলোতে উঠে আসছে, সেখানে বায়ুদূষণে ঢাকার এমন অবস্থান আমাদের জন্য উদ্বেগ তৈরি করে। বিষয়টি দেশের নীতিনির্ধারকদের কতটুকু ভাবাচ্ছে, তা নিয়েও আমরা সন্দিহান।
আন্তর্জাতিক প্রতিবেদনগুলো বলছে, বিশ্বের যে পাঁচটি দেশের শতভাগ মানুষ দূষিত বায়ুর মধ্যে বসবাস করে, বাংলাদেশ সেগুলোর অন্যতম। গত বছর ঢাকার বায়ু ৩৬৫ দিনের মধ্যে ২০০ দিনের চেয়েও বেশি সময়জুড়ে অনিরাপদ বা অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। এটা ২০১৮ সাল পর্যন্ত ছিল ১২০ থেকে ১৩০ দিন। এতেই বোঝা যাচ্ছে, ঢাকার বায়ুর মান দিন দিন কেমন অবনতি হচ্ছে। ভয়াবহ বায়ুদূষণের শহর দিল্লিকেও প্রায় সময় ছাড়িয়ে যাচ্ছে এ শহর। একিউআই অনুযায়ী, শুক্রবার সকালে ঢাকায় বায়ুদূষণের মাত্রা ছিল ২৮৯। এ সময় দিল্লির বায়ুদূষণের মাত্রা ছিল ১৯৬। বায়ুমানের সূচক ২০০ অতিক্রম করলে একে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। গত শুক্রবার পর্যন্ত টানা তিন দিন সেই মাত্রা অতিক্রম করে আরও বহুদূর চলে গেছে ঢাকা।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রধানত নিম্ন ও মধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। বায়ুদূষণ যে ঢাকার বাসিন্দাদের আয়ু কতটা কমিয়ে দিচ্ছে, সেটি আমরা দেখতে পাই সম্প্রতি শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউটের একটি প্রতিবেদনে। সেখানকার ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স’–এর তথ্যমতে, ঢাকায় বায়ুদূষণ না থাকলে মানুষ আরও প্রায় সাত বছর সাত মাস বেশি বাঁচতে পারত। এ ছাড়া একই কারণে সারা দেশে মানুষের গড় আয়ু কমেছে প্রায় পাঁচ বছর চার মাস। আরেকটি গবেষণায় আমরা জানতে পারছি, বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবের ফলে মৃত্যুর সংখ্যার দিক থেকে বাংলাদেশ পঞ্চম। ২০১৭ সালে বাংলাদেশে ১ লাখ ২৩ হাজার মানুষ বায়ুদূষণের কারণে মারা গেছে।
একটা সময় ঢাকার বায়ুদূষণের জন্য দায়ী করা হতো ইটভাটার ধোঁয়াকে। সেই জায়গা পরে দখল করে নেয় মোটরযান ও শিল্পকলকারখানার ধোঁয়া। এখন কয়েক বছর ধরে বড় বড় উন্নয়ন প্রকল্প ও ছোট–বড় আবাসন প্রকল্পের উন্মুক্ত পরিবেশে অনিয়ন্ত্রিতভাবে নির্মাণযজ্ঞ বাড়িয়েছে ধুলাদূষণ। ফলে কোথাও কোথাও স্বাভাবিকের তুলনায় ১০ গুণ বেশি ধুলার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে গত বছর পরিবেশ মন্ত্রণালয়ের বায়ুদূষণ রোধে যে নির্দেশিকা দিয়েছিল, সেটির তেমন বাস্তবায়ন দেখা যায়নি। নির্দেশিকায় রাস্তা নির্মাণের সময় নির্মাণসামগ্রী ঢেকে রাখা, বিটুমিনের ওপর বালু না ছিটিয়ে মিনি অ্যাসফল্ট প্ল্যান্টের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার, রাস্তার পাশের মাটি কংক্রিট বা ঘাসে ঢেকে দেওয়া, রাস্তা পরিষ্কারের ঝাড়ুর পরিবর্তে ভ্যাকুয়াম সুইপিং ট্রাক ব্যবহার, বড় সড়কে কমপক্ষে দুবার পানি ছিটানোর কথা বলা হয়েছিল। এর কোনোটি কার্যকর করার উদ্যোগ লক্ষ করা যায়নি। এর আগেও এমন নির্দেশনা দেওয়া হয়েছিল, তখনো সে অনুযায়ী কিছু হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণের কাজটি মূলত সরকারি সংস্থাগুলোর। আর ধোঁয়া ও ধুলা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সিটি করপোরেশনগুলো থেকে নিয়মিত তদারকি এবং রাস্তায় পানি ছিটানোর কাজ করলেই পরিস্থিতির উন্নতি সম্ভব। কিন্তু এ নিয়মিত কাজটিও ঠিকমতো না করায় বায়ুদূষণ পরিস্থিতির বেশি অবনতি হচ্ছে। এমন পরিস্থিতিতে ঢাকার পরিবেশ সুরক্ষায় সরকারের সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের বিকল্প নেই। এ জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।