ঢাকার রাস্তাঘাটের অবর্ণনীয় দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুম শুরুর আগে থেকে ঢাকার রাস্তাঘাটের দুরবস্থার চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে। কিন্তু দুরবস্থা দূর করার কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। উপরন্তু এই ভরা বর্ষায় মহানগরের বিভিন্ন এলাকায় রাস্তার খোঁড়াখুঁড়ি যেন আরও বেড়েছে। যেসব সেবা সংস্থা তাদের অবকাঠামো মেরামত বা সম্প্রসারণের প্রয়োজনে রাস্তাগুলো খুঁড়ছে, তারা খোঁড়া জায়গাগুলো তেমনি ফেলে রেখে কিংবা দায়সারাভাবে মাটিচাপা দিয়ে চলে যাচ্ছে। মহানগরের কোনো না কোনো অংশে তাদের এমন কর্মকাণ্ড সারা বছরই চলে, তবে বর্ষায় যেন তাদের উৎসাহ বেড়ে যায়। কিন্তু তার ফলে জনগণের যে দুর্ভোগ হয়, সে বিষয়ে তাদের কোনো বিবেচনা আছে বলে মনে হয় না।

রাস্তাঘাটের এই দুরবস্থার জন্য নগরবাসীর দৃশ্যমান দুর্ভোগ তো আছেই, সেই সঙ্গে আছে জাতীয় অর্থনীতির বিপুল ক্ষতি। কারণ, মহানগরে রাস্তাঘাটে যানজট আরও ব্যাপক হওয়ার ফলে যানবাহনের গতি অবিশ্বাস্য মাত্রায় হ্রাস পেয়েছে; সব শ্রেণির মানুষের কর্মঘণ্টার অপচয় আরও বেড়েছে। আর যেহেতু রাজধানী ঢাকাই আমাদের সব জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, সেহেতু ঢাকার স্থবিরতার নেতিবাচক প্রভাব সারা দেশেই পড়ছে। তা ছাড়া রাস্তাঘাটের বিপর্যস্ত দশা শুধু যে ঢাকা মহানগরে সীমাবদ্ধ তা-ও নয়, ঢাকার সঙ্গে সংযুক্ত প্রায় সব রুটের সড়ক-মহাসড়কের অবস্থাও করুণ। সব মিলিয়ে জাতীয় অর্থনীতির ওপর এর ক্ষতিকর প্রভাব বিরাট।

যদিও এই সমস্যার তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় এবং অ্যাডহক ভিত্তিতে সমাধানের চিন্তার চেয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের পরিকল্পনা বেশি প্রয়োজন, তবু মানুষের দুর্ভোগ ও অর্থনীতির ক্ষতি লাঘব করার উদ্যোগ জরুরি ভিত্তিতে নেওয়া প্রয়োজন। প্রথমত, রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ করা এবং বর্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বিবেচনা করা প্রয়োজন। দ্বিতীয়ত, গর্ত ও খানাখন্দময় রাস্তাগুলো জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে। তৃতীয়ত, জলাবদ্ধতা কমাতে পানিনিষ্কাশনের নালা-নর্দমাগুলো যতটা সম্ভব পরিষ্কার করতে হবে।

কিন্তু এসব সাময়িক পদক্ষেপে সমস্যার সমাধান হবে না। সে জন্য সব সেবা সংস্থা ও কর্তৃপক্ষকে সমন্বিতভাবে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা করতে হবে।