বাংলাদেশে ইংল্যান্ড ক্রিকেট দলের আগমনের সচিত্র খবর আমাদের জন্য স্বস্তিদায়ক। এই আনন্দদায়ক ঘটনা এ দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বহির্বিশ্বের শঙ্কা-উদ্বেগ দূরীকরণে সহায়ক হবে বলে আশা করা যায়। বোঝা যায়, গত জুলাই মাসে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে ধর্মীয় উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের আক্রমণের পর আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তাঝুঁকি নিয়ে যে ধারণার সৃষ্টি হয়েছিল, তা নিশ্চিতভাবেই পরিবর্তিত হয়েছে। উগ্র পন্থা দমনে সরকারের তরফে যে তৎপরতা সম্প্রতি লক্ষ করা গেছে, তার ধারাবাহিকতা বজায় থাকলে এ দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বহির্বিশ্বের নেতিবাচক মনোভাব অবশ্যই দূর হবে।
সাম্প্রতিক সময়ে উগ্র সন্ত্রাসবাদী তৎপরতার ফলে এ দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে যে নেতিবাচক বার্তা বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে, তার ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হয়েছে রপ্তানি বাণিজ্য, পর্যটনশিল্প, খেলাধুলাসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে। গত বছরের অক্টোবরে একটি দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলার জন্য অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। নিরাপত্তাহীনতার শঙ্কায় তারা সেই নির্ধারিত সফর বাতিল করলে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ করা যায়। দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলও নিরাপত্তাহীনতার কথা বলে বাংলাদেশ সফর বাতিল করে। অনূর্ধ্ব-১৯ ম্যাচে অস্ট্রেলিয়ার দল আবারও নির্ধারিত সফর বাতিল করে।
এই ঘটনাগুলো বাংলাদেশের ক্রিকেটপ্রেমী নাগরিকদের যেমন ব্যথিত করেছে, তেমনি সর্বস্তরের মানুষের মনেও এ দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। উগ্রপন্থীদের সহিংস তৎপরতা কঠোর হাতে দমন করার দাবিতে জাতি সোচ্চার হয়েছে। বিশেষত, বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উচ্চারিত হয়েছে জোরালোভাবে। অভ্যন্তরীণ জনমত ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির কথা বিবেচনায় রেখে সন্ত্রাসবাদ দমনে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তার কিছু সুফল পাওয়া গেছে। ইংল্যান্ড ক্রিকেট দলের ঢাকা সফরে আসা সেই আলোকে দেখা যেতে পারে। তবে লক্ষ রাখা দরকার, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের সরকার বাংলাদেশে তাদের নাগরিকদের সফরের ব্যাপারে সতর্কতামূলক নির্দেশনা এখনো তুলে নেয়নি। অর্থাৎ, এ দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তাদের শঙ্কা-উদ্বেগ এখনো পুরোপুরি দূর হয়নি।
এখন আমাদের কর্তব্য, বিদেশিদের শঙ্কা-উদ্বেগ সম্পূর্ণ দূর করে পরিপূর্ণ আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সব উগ্র সন্ত্রাসবাদী তৎপরতার স্থায়ী অবসানে উদ্যোগী হওয়া।