রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকা, যেটাকে আমরা মেগাসিটি বলি, তার জনসংখ্যা এখন ১ কোটি ৭০ লাখ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) দেওয়া এই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে, ঢাকা পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরগুলোর তালিকায় ১১তম। কিন্তু আয়তনের তুলনায় জনসংখ্যার হিসাবে এটিই এখন পৃথিবীর সবচেয়ে জনঘন শহর। এখানে প্রতি বর্গকিলোমিটার এলাকায় বাস করে ৪৩ হাজার ৫০০ মানুষ। এটা ভীষণ উদ্বেগজনক তথ্য।
কারণ, ঢাকা মেগাসিটির এই জনঘনত্ব অতিমাত্রায় অস্বাভাবিক। পৃথিবীর আর কোনো অংশের কোনো জনপদের মানুষ কখনো এত ঘনবদ্ধ হয়ে বসবাস করার অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি। ঢাকার পরে দ্বিতীয় জনঘন শহর যে মুম্বাই, সেটিও ঢাকার চেয়ে অনেক পিছিয়ে আছে। সেখানে প্রতি বর্গকিলোমিটারে ৩২ হাজার ৪০০ লোকের বাস, যা ঢাকার তুলনায় প্রতি বর্গকিলোমিটারে প্রায় ১১ হাজার জন কম। এই অস্বাভাবিক মাত্রার জনঘনত্বের কারণে ঢাকা মেগাসিটির জীবনে কত রকমের সমস্যা কত জটিল আকার ধারণ করেছে, তার ফিরিস্তি নিষ্প্রয়োজন। এই দুর্বিষহ পরিস্থিতিতে মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো যে তথ্যটা শনিবারের প্রথমআলোর এক প্রতিবেদন থেকে জানা গেল, তা হলো এই: ঢাকা মেগাসিটিতে প্রতিদিন গড়ে আরও ১ হাজার ৭০০ মানুষ যুক্ত হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে এই মেগাসিটির সার্বিক অবস্থা কী হতে পারে, তা ভেবে আঁতকে উঠতে হয়।
সবচেয়ে উদ্বেগের বিষয়, অস্বাভাবিক মাত্রায় জনঘনত্বপূর্ণ একটি মেগাসিটির রাস্তাঘাটসহ অন্যান্য অবকাঠামোগত চাহিদা কীভাবে পূরণ হবে, কীভাবে সেবাব্যবস্থা, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যাগুলো মোকাবিলা করা যাবে, এসব নিয়ে তেমন কোনো চিন্তা বা পরিকল্পনা নেই। শুধু যানজটের কারণেই যে শহরে জনজীবন প্রায় স্থবির হতে চলেছে, সেখানে প্রতিদিন যে আরও ১ হাজার ৭০০ মানুষ এসে যোগ দিচ্ছে, তাদের ঠেকানোরও কোনো উদ্যোগ নেই।
কিন্তু এখনই উদ্যোগ নিতে হবে, নইলে এই মেগাসিটি আর কয়েক বছরের মধ্যেই সামগ্রিকভাবে ব্যবস্থাপনার অযোগ্য হয়ে পড়তে পারে। কী করণীয়, তা বিশেষজ্ঞরা বলেছেন: বিচার, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং সেবাসহ আরও অনেক ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ করতে হবে। বিভিন্ন আঞ্চলিক শহরে শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করতে হবে, যাতে করে ঢাকার বাইরে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয় এবং মানুষ জীবিকার সন্ধানে ঢাকায় আসার প্রয়োজন বোধ না করে।
ব্যাপক পরিকল্পনা শুরু করতে হবে এখনই, কাজও শুরু করতে হবে দ্রুত।