ঢাকায় দখলমুক্ত খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীমাতৃক বাংলাদেশের রাজধানী ঢাকার ভূপ্রাকৃতিক অবস্থানও নদী ও খালকে ঘিরে। শহরের চারপাশে নদীগুলোর সঙ্গে যুক্ত ছিল অর্ধশতাধিক খাল। এসব নদী-খালকে ঘিরেই গড়ে ওঠা নৌপথ দিয়ে ঢাকার বাণিজ্যিক প্রসার ঘটে। মূলত প্রবহমান এসব নদী ও খালের সুবিধার কারণে মোগলরা ঢাকায় রাজধানী প্রতিষ্ঠায় উৎসাহিত হন। নদীর তীর ও খালগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে রাজপ্রাসাদ ও দুর্গ। কিন্তু সেই খালগুলো এখন কোথায়? নদীগুলোও ধুঁকে ধুঁকে মরছে। যার ফলে কালের পরিক্রমায় তিলোত্তমা ঢাকা আজ বসবাসের অযোগ্য হওয়ার পথে। এখন খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকার স্বরূপ ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্রমতে, ঢাকায় দুই সিটি করপোরেশন এলাকায় খালের সংখ্যা ৪৭। তবে গবেষণা প্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের হিসাব অনুযায়ী, ঢাকা শহরে ৫৬টি খালের অস্তিত্ব থাকলেও তার সবই মৃতপ্রায়। সম্প্রতি দখল-দূষণে সংকটাপন্ন ২৬টি খাল উদ্ধারে নেমেছে ঢাকার দুই সিটি। এক বছর আগে দুই সিটি করপোরেশনের কাছে ওয়াসার অধীনে থাকা খালগুলো হস্তান্তর করা হয়। গণপূর্ত মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের অধীনে থাকা ১৩টি খালও হস্তান্তরের প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেছে। ইতিমধ্যে উত্তর সিটি আশকোনা এলাকায় একটি খাল উদ্ধার করেছে, সেটি এখন প্রবাহিত আছে।

গত সোমবার বছিলায় খাল ভরাট করে অবৈধভাবে গড়ে ওঠা ট্রাক টার্মিনালসহ বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেছে উত্তর সিটি কর্তৃপক্ষ। পাশাপাশি খালটির খননকাজও শুরু হয়ে গেছে। সেখানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকার প্রতিটি খাল মানচিত্র অনুযায়ী উদ্ধার করা হবে।’ অবৈধ স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গেই খাল খনন শুরু না হলে আবারও দখলবাজি শুরু হয়ে যায়। সেদিক দিয়ে বছিলার লাউতলা খালটি উদ্ধারে এমন কঠোর তৎপরতার জন্য আমরা মেয়রকে সাধুবাদ জানাই। খালটি যাতে ভবিষ্যতেও দখলমুক্ত থাকে, সে জন্য খালের পাশে পার্ক স্থাপন, ওয়াকওয়ে ও সাইকেল লেন তৈরির জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানতে পারছি। একইভাবে অন্যান্য খাল উদ্ধারেও ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে। আমরা আশা করব, খালগুলো উদ্ধারে সিটি করপোরেশনের সহায়তায় দ্রুত এগিয়ে আসবে মন্ত্রণালয়।

আগামী বর্ষা মৌসুমের আগেই ‘ক্র্যাশ প্রোগ্রাম’–এর মাধ্যমে ঢাকা শহরের প্রধান খালগুলো দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন দুই সিটি মেয়র। তাঁদের প্রতিশ্রুতি অনুযায়ী উত্তর ও দক্ষিণ উভয় সিটিতেই সব কটি খাল আমরা আগামী বর্ষার আগেই দখলমুক্ত দেখতে চাই। খনন ও পরিষ্কার করে খালগুলোর নাব্যতা ফিরিয়ে এনে ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যা দূর করা হোক।