ঢাকায় নারীদের জন্য বাস অপর্যাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ঢাকায় নারীদের জন্য বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে না। বাস কম থাকায় কর্মজীবী নারীসহ অন্য নারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আটটি বাস রাজধানীর আটটি রুটে প্রতিদিন সকাল ও বিকেলে কর্মজীবী নারীদের জন্য যাতায়াত করে। দুই বেলাতেই বাসগুলোতে যাত্রীদের ব্যাপক চাপ থাকে। চাপ থাকা সত্ত্বেও বিআরটিসির পক্ষ থেকে নারীদের জন্য বাসের সংখ্যা বাড়ানোর কোনো উদ্যোগ নেই। এ ছাড়া বাসগুলো সারা দিন চলে না। ফলে নারী যাত্রীরা চাইলেও এ ধরনের বাসে যাতায়াত করতে পারেন না।
বিভিন্ন নারী সংগঠনের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০০১ সালের ২৫ অক্টোবর এই বাসসেবা উদ্বোধন করা হয়। একটা সময় এই সেবার আওতায় সর্বোচ্চ ১২টি পর্যন্ত বাস চালু ছিল। কমতে কমতে নারী বাস সার্ভিস বর্তমানে আটটি পথে (রুট) আটটি গাড়ি দিয়ে চালু রয়েছে। কিন্তু অনেক নারীই এ ধরনের বাসের কথা জানেন না। শুধু নারীদের ওঠার কথা থাকলেও এসব বাসে নিয়ম লঙ্ঘন করে পুরুষ যাত্রীদের তোলার অভিযোগও রয়েছে।
অথচ বিআরটিসির উপব্যবস্থাপক (অপারেশন) মো. আবু তাহেরের বক্তব্য হচ্ছে, নারী বাসে সব সময় যাত্রী পাওয়া যায় না। ফলে লোকসান গুনতে হয়, তেলখরচের টাকাও ওঠে না। নারী যাত্রীরা যেখানে বাসে উঠতে পারেন না, সেখানে শুধু নারীদের বাসে যাত্রী পাওয়া যায় না, এই তথ্য বিশ্বাসযোগ্য নয়। রাজধানীতে চলাচলকারী বাসগুলো নারীবান্ধব নয়। এসব বাসে নারীদের জন্য আসনসংখ্যা সীমিত থাকে। অনেক সময় এসব নির্ধারিত আসনেও নারীরা বসতে পারেন না। তার ওপর আছে নারী যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও তাঁদের যৌন হয়রানি। এমন বাস্তবতায় শুধু নারীদের জন্য আরও বাস চালু হওয়া উচিত, যা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রুটে চলবে। বিআরটিসিকে এ ব্যাপারে তৎপর হতে হবে। নারী বাসের সংখ্যা বাড়িয়ে তা যদি নারীদের জানানো ও প্রচার–প্রচারণার ব্যবস্থা করা হয়, তাহলে যাত্রীসংকট হওয়ার কথা নয়। সে ক্ষেত্রে কর্তৃপক্ষের লোকসানও গুনতে হবে না।