ঢাকায় ভারতীয় বাণিজ্য দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পর বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের ঢাকা সফর নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। তবে বাংলাদেশের নীতিনির্ধারকদের সঙ্গে তাঁর বৈঠক কিংবা সেমিনারে বিশেষজ্ঞদের আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে কি না, সেটি নির্ভর করছে নয়াদিল্লির নতুন সরকারের সদিচ্ছার ওপরই।
গত রোববার ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) আয়োজিত সেমিনারে দুই দেশের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে যে ধ্যানধারণা পরিবর্তনের ওপর জোর দিয়েছেন, তার সঙ্গে দ্বিমত করেননি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও। প্রশ্ন হলো, পরিবর্তনটা কীভাবে আসবে? বিগত আওয়ামী লীগের সরকার ভারতের চাওয়া অনুযায়ী নিরাপত্তাঝুঁকি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও পাল্টা পদক্ষেপ হিসেবে নয়াদিল্লি দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে কার্যকর কোনো ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। তিস্তা নদীর পানিবণ্টন ও সীমান্ত প্রটোকল বাস্তবায়ন না হওয়ার ক্ষেত্রে মনমোহন সিংয়ের সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরোধিতা ও সংসদে তাদের দুর্বল অবস্থানের দোহাই দিয়েছে। ভারতের নতুন সরকারের সেই যুক্তি দেওয়ার সুযোগ নেই; লোকসভায় তাদের দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
রোববারের সেমিনারে যৌক্তিকভাবেই বাণিজ্যবৈষম্য কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। ২০১১ সালে ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশে আইনি বাধা দূর হলেও অশুল্ক বাধা রয়েই গেছে। এই বৈষম্য কমাতে সীমান্ত হাটের মতো মামুলি পদক্ষেপ যে খুব কাজে আসবে না, তা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালকের বক্তব্যে উঠে এসেছে। তিনি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দীর্ঘমেয়াদি নীতি গ্রহণের ওপর যে গুরুত্ব দিয়েছেন, তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন উভয় দেশের নীতিনির্ধারকেরা। তাই অশুল্ক বাধাগুলো দূর করতে ভারতের সরকার ও ব্যবসায়ী মহলের উচিত হবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া।
সেমিনারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যেভাবে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বিরোধী দল ও গণমাধ্যমকে বাধা হিসেবে চিহ্নিত করেছেন, তার আদৌ কোনো ভিত্তি আছে কি? গণমাধ্যম দ্বিপক্ষীয় সম্পর্ককে বাধাগ্রস্ত করেছে—এমন একটি নজির কি তিনি দেখাতে পারবেন? সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান থাকবে, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না।