ঢাবি সিন্ডিকেটের সুবিধা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ও মেয়াদ বৃদ্ধির সুযোগের অপব্যবহারের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়েও। একশ্রেণির বিশ্ববিদ্যালয়শিক্ষকও অসংগতভাবে সুবিধা নেওয়ার সারিতে দাঁড়িয়ে পড়েছেন; এটা খুবই লজ্জাকর। সনদহীন এসব ‘মুক্তিযোদ্ধা’ শিক্ষকের প্রতি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বিশেষ আনুকূল্যের কারণ কি দলীয়পনা নয়? মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা সনদের গুরুত্বকে এভাবে ঢাবি কর্তৃপক্ষ হেয় করতে পারে না।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের চাকরির মেয়াদ এক বছর বাড়ানোর বিধান করা হয়েছিল সুনির্দিষ্ট শর্তের ভিত্তিতে। যিনি চাকরিতে যোগদানের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছেন এবং যাঁর প্রকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট রয়েছে, তিনিই এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনা সনদেই পাঁচ শিক্ষক ও এক কর্মকর্তার চাকরির মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত পাস করেছে। এটা এমনকি সিন্ডিকেটের এ-বিষয়ক আগের সিদ্ধান্তেরও বরখেলাপ। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এক বছরের জায়গায় দুই বছর চাকরি বাড়ানো গেলেও সীমাহীন ভবিষ্যতে সনদ জমা দেওয়ার সুযোগ সম্পূর্ণ অন্যায়।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যও ধোপে টেকে না। গত শুক্রবারের প্রথম আলোর সংবাদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর একটি চিঠির দোহাই দিয়েছেন তিনি। অথচ মন্ত্রীর দাবি, ওই চিঠিতে তিনি কোনো সুনির্দিষ্ট সুপারিশ করেননি। উপাচার্য এখন পরের বৈঠকে সিদ্ধান্ত সংশোধন করে দুই বছরের জায়গায় এক বছর করার আশ্বাস দিয়েছেন। কিন্তু জানা থাকা সত্ত্বেও কী কারণে তাঁর নেতৃত্বাধীন সিন্ডিকেট সরকারি আইন ও সিন্ডিকেটের আগের সিদ্ধান্ত লঙ্ঘন করল, তার একটি ব্যাখ্যা জরুরি।
মুক্তিযোদ্ধা পরিচয়ে যখন সুযোগ-সুবিধার দরজা খোলে, তখন তা দুর্নীতির দুয়ারও খুলে দেয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন বিভিন্ন পেশার মোট ১১ হাজার ১৫০ জন। সংখ্যাটি ব্যাপক এবং বিভিন্ন সময়ে জাল সনদ দেওয়ার ঘটনা প্রমাণিতও হয়েছে। মুক্তিযুদ্ধের সঙ্গে জাতির নৈতিক ও আবেগীয় বন্ধন রয়েছে। একে এভাবে দুর্নীতির উপায় বানানো কেবল অনৈতিকই নয়, শাস্তিযোগ্য অপরাধ।