ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধ ও চিকিৎসা-উপকরণ কেনা বাবদ যে দুর্নীতির প্রমাণ মিলেছে, তাকে এককথায় পুকুর চুরি বলা যায়। বাজারে যে ইনজেকশনের দাম ২৫০ টাকা, ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ তা কিনেছে ২২৯০ টাকায়। এভাবে ওষুধ ও চিকিৎসা-উপকরণ কেনা বাবদ সরকারি এই প্রতিষ্ঠানটি খরচ করেছে ৩০ কোটি টাকা। সরকারের স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের নিরীক্ষাতেই এ দুর্নীতি ধরা পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের কষ্টার্জিত অর্থের এমন নয়ছয় যেন স্থায়ী পদ্ধতিতে পরিণত হয়েছে।১৪ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত এক প্রতিবেদনে এই দুর্নীতি সম্পর্কে বিস্ময়কর সব তথ্য প্রকাশিত হয়েছে। সরকারের স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরের এক নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ ২০০৯-১০ অর্থবছরে সরকারি ক্রয়নীতি লঙ্ঘন করে বিনা দরপত্রে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে ১০ গুণেরও বেশি মূল্যে হেপারিন ইনজেকশন কিনেছে। যেকোনো ক্রেতা যেকোনো পণ্য কেনার সময় সর্বনিম্ন দামে কেনার চেষ্টা করে। কিন্তু ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ উল্টো কাজটিই করেছে। যে জিনিস বাজারে আড়াই টাকায় কিনতে পাওয়া যায়, কে তা সাড়ে ১২ টাকায় কিনতে যায়? কেন? এই বাড়তি টাকার জোগান আসে কোথা থেকে? ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের কি চক্ষুলজ্জা বলেও কিছু নেই? মাত্রাতিরিক্ত বেশি দামে ওষুধ কেনাই শুধু নয়, প্রকৃত অর্থেই চুরির ঘটনা ধরা পড়েছে এই হাসপাতালে। দুটি অর্থবছরে হাসপাতালের সাতটি ওয়ার্ডের জন্য এক হাজার ৩৬২ বোতল হেক্সিটিন ক্রিম ও তিনটি ওয়ার্ডের জন্য ৪০১টি ব্রেন সার্কিটের চাহিদা দেখিয়ে হাসপাতালের ভান্ডার থেকে সেগুলো তুলে নেওয়া হয়েছে, কিন্তু ওয়ার্ডে সরবরাহ করা হয়নি। অর্থাৎ আত্মসাৎ করা হয়েছে। ঢামেক হাসপাতালের এ কেমন কর্তৃপক্ষ? নিজ প্রতিষ্ঠানে চুরি-আত্মসাৎ চালায় কারা? সে প্রতিষ্ঠান সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়, একটি হাসপাতাল!আরও বিস্মিত হতে হয় নিরীক্ষা প্রতিবেদনের এই তথ্য থেকে: ২০০৯-১০ অর্থবছরে যে পরিমাণ অ্যামোক্সালিনি ইনজেকশন ও স্ক্যাবি ক্রিম কেনা হয়েছে, বর্তমান বার্ষিক চাহিদা অনুযায়ী তা ব্যবহার করতে সময় লাগবে যথাক্রমে ৩৯ বছর ও ৮৫ বছর। কী বিস্ময়কর নীতিহীনতা! জনগণের অর্থের সদ্ব্যবহারের দায়দায়িত্ব উপলব্ধি করার পরিবর্তে যারা তা বিভিন্ন কৌশলে আত্মসাৎ করে এবং এই ধিক্কারজনক নীতিহীনতার চর্চায় সরকারি প্রাতিষ্ঠানিক পদ ও ক্ষমতার অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বলে এসব দুর্নীতি বন্ধ হয় না। ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের উল্লিখিত অনিয়ম-দুর্নীতির ক্ষেত্রেও দেখা যাচ্ছে, দুদকের তদন্ত, মামলা ইত্যাদির অজুহাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কিন্তু এসব প্রক্রিয়া তো অনন্তকাল চলতে পারে না। অতি দ্রুত এসব প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ নিতে হবে। এমন চৌর্যবৃত্তি বরদাশত করার সুযোগ নেই।