তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রাবস্থায় সক্রিয় রাজনীতিতে যোগ দেন। সে সময় তিনি একটি বাম ছাত্রসংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। পরে শিক্ষকতা পেশা ছেড়ে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় বিএনপি-জামায়াত জোট সরকারে তিনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম কাউন্সিলের পর দলীয় চেয়ারপারসন তাঁকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেন। ২০১১ সালের মার্চে দলের মহাসচিবের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।  সাক্ষাৎকার নিয়েছেন এ কে এম জাকারিয়া ও তানভীর সোহেলপ্রথম আলো  সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে অংশ নেবে। এই সরকারের অধীনে বিভিন্ন নির্বাচন সুষ্ঠু হয়েছে—এ ধরনের যুক্তি দেওয়া হচ্ছে। সম্প্রতি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও বলেছেন, তিনি বিশ্বাস করেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে। আপনার মন্তব্য কী?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  এগুলো আসলে সরকারের রাজনৈতিক বক্তব্য। কোনো ভিত্তি ছাড়াই এ ধরনের দাবি করা হচ্ছে। এ ব্যাপারে বিএনপির অবস্থান খুবই পরিষ্কার। নিরপেক্ষ কোনো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। এটাই বিএনপির চূড়ান্ত অবস্থান। জনগণও এ ধরনের নির্বাচন ছাড়া মেনে নেবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এখন গণদাবিতে পরিণত হয়েছে। এমনকি মহাজোটের অনেক শরিক দলও এমনটি মনে করে। সরকার আদালতের রায়ের দোহাই দিচ্ছে, কিন্তু আমরা দেখছি, রায়ের সংক্ষিপ্ত যে অংশ, সেখানে জনস্বার্থে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বলা হয়েছে। পূর্ণাঙ্গ রায়েও দেখলাম, তিনজন বিচারপতি সরাসরি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছেন। বাকি তিনজনেরও যে অবস্থান, তাতে এটা বলা যায়, ছয়জন বিচারপতিই কোনো না কোনোভাবে আগামী কয়েকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পক্ষে। এখন সরকার তার সুবিধা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পথ বেছে নিয়েছে। বর্তমানে আমরা দেখছি, এই সরকার গণতন্ত্রকে আবদ্ধ করে ফেলেছে। বিরোধী দলের ওপর নির্যাতনের পথ বেছে নিয়ে হত্যা ও গুমের রাজনীতি শুরু করেছে। এই যখন পরিস্থিতি, তখন দেশে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন অসম্ভব একটি বিষয়। আমাদের দেশের রাজনীতিতে পারস্পরিক আস্থার কোনো পরিস্থিতি যেহেতু এখনো তৈরি হয়নি, আরও কয়েকটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।প্রথম আলো  আপনারা তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল চান, সেটা কি হুবহু আগের মতো? সে ক্ষেত্রে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কথা। আপনারা কি তা মেনে নেবেন?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  দেখুন, সরকার ইতিমধ্যে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছে। এখন আমাদের অবস্থান হচ্ছে, সরকারকে আগে নীতিগতভাবে মানতে হবে যে, তারা নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে রাজি আছে। সেটা যদি তারা মেনে নেয়, তখন এই সরকারের কাঠামো কী হবে, কে সেই সরকারের প্রধান হবেন, কীভাবে সেই সরকার গঠিত হবে—এ নিয়ে আলাপ-আলোচনা করা যেতে পারে। আমরা মনে করি, পারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতে এটা সহজেই করা সম্ভব।প্রথম আলো  আপনারা কোনো প্রস্তাব দিচ্ছেন না কেন?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আমরাই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করেছিলাম। এর একটি ধারণা তো আমাদের সবার সামনে রয়েছেই। এখন সরকার যদি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার অবস্থানে না আসে, তবে নতুন কোনো প্রস্তাব দিয়ে তো লাভ নেই। সরকার তার অবস্থান পরিবর্তন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি মেনে নিলে আলাপ-আলোচনা করে তা ঠিক করা কঠিন কিছু হবে না।প্রথম আলো  তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সম্প্রতি ব্যারিস্টার রফিক-উল হকের নাম আলোচিত হয়েছে। তিনি নিজেও প্রয়োজনে এ ধরনের দায়িত্ব নিতে রাজি আছেন বলে জানিয়েছেন। আপনাদের দলের পক্ষ থেকে তাঁর ব্যাপারে সম্মতির কথা আমরা জেনেছি। তবে সরকারি দলের অবস্থান এ ক্ষেত্রে নেতিবাচক। আপনার বক্তব্য কী?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  দেখুন, প্রয়োজনে এ ধরনের দায়িত্ব নিতে তাঁর আপত্তি নেই বলে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা তাঁর ব্যক্তিগত অবস্থান। এ ক্ষেত্রে আমাদের কোনো অবস্থান নেই। আমাদের মূল দাবি হচ্ছে, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। কে এর প্রধান হবেন বা হতে পারেন, এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। খন্দকার মোশাররফ হোসেন এ ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন, সেটা তাঁর নিজস্ব মত। দলের অবস্থান নয়।প্রথম আলো  তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আপনারা যে আন্দোলন করছেন, সেটা শান্তিপূর্ণভাবে এবং আগামী ডিসেম্বরের আগে কোনো কঠোর কর্মসূচি না দেওয়ার একটি ঘোষিত অবস্থান আপনাদের রয়েছে। কিন্তু আমরা দেখলাম, হঠাৎ করেই আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। আপনাদের অফিসের সামনে সমাবেশের সময় গাড়িতে আগুন ধরানো হলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর  আমরা বর্তমানে শান্তিপূর্ণভাবে আন্দোলনের পথ বেছে নিয়েছি। দেশের জনগণের ভোগান্তি ও দেশের অর্থনৈতিক ক্ষতি হোক, এমন কোনো কর্মসূচি দেওয়া থেকে আমরা বিরত থাকতে চাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণসম্পৃক্ততা বাড়ানোর কাজ করে যাচ্ছি। আমাদের এক নিজস্ব জরিপে দেখেছি, জনগণ ধ্বংসাত্মক কার্যকলাপ ও কর্মসূচি পছন্দ করে না। কিন্তু দুঃখজনক হচ্ছে, সরকার এ ক্ষেত্রে কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। তারা ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করছে ও পরিস্থিতি সৃষ্টি করছে, যাতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা সন্দেহ করছি, সেদিন আমাদের অফিসের সামনে যে ঘটনা ঘটেছে, তা সরকার ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে। আপনারা জানেন, সরকার দেশের বিভিন্ন স্থানে আমাদের গণসম্পৃক্ততা কর্মসূচিকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে। নেত্রকোনা, শেরপুর, মাগুরাসহ বিভিন্ন স্থানে সভা করতে দেওয়া হয়নি। সেদিন আমাদের অফিসের সামনে একটি তাৎক্ষণিক সভা ছিল। হঠাৎ দেখা গেল, উল্টো দিকে একটি গাড়িতে আগুন দিয়ে আমাদের ওপর হামলা শুরু হলো। এখনো (বৃহস্পতিবার দুপুরে এই সাক্ষাৎকার নেওয়া হয়) পুলিশ আমাদের অফিস ঘিরে আছে।প্রথম আলো  আপনারা যে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বললেন, সেটা সামনেও অব্যাহত থাকবে?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বিষয়টি নির্ভর করছে সরকারের ওপর। আমরা শান্তিপূর্ণ পথেই আমাদের আন্দোলন ও গণসম্পৃক্ততা চালিয়ে যেতে চাই। এখন সরকার পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে গেলে সে দায় তো সরকারকেই নিতে হবে। দেশে হত্যা ও গুমের রাজনীতি চলছে। আমাদের নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন, চৌধুরী আলম নেই। দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে। আমি নিজেও রয়েছি এর মধ্যে। বলা যায় একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে সরকার গণতন্ত্রের পথ রুদ্ধ করেছে। অনেকটা বাকশালের পথে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করছে। সংবিধান সংশোধন করেছে এমনভাবে, যাতে নিজেরা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে পারে। একই লক্ষ্যে তারা প্রশাসন ও বিচার বিভাগ—সবকিছুতেই দলীয়করণ করছে। এখন সরকার যদি এ ধরনের অগণতান্ত্রিক আচরণ অব্যাহত রাখে, তবে এর যেকোনো পরিণতির দায় তো সরকারকেই নিতে হবে। প্রথম আলো  আপনাদের দলের সাংগঠনিক দুর্বলতা নানা মহলে আলোচিত। আপনাদের আন্দোলন করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আপনি কীভাবে আত্মপক্ষ সমর্থন করবেন?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  এটা আসলে আমাদের সাইকির সমস্যা। আমরা এটা ধরেই নিয়েছি, হরতাল, গাড়ি পোড়ানো—এসব না হলে আন্দোলন হয় না। অনেকেই হয়তো আমাদের নিয়মতান্ত্রিক বা শান্তিপূর্ণ আন্দোলনকে বিবেচনায় নিচ্ছেন না। আপনারা দেখেছেন, গত ১২ মার্চের সমাবেশকে সরকার কীভাবে ঠেকানোর চেষ্টা করেছে। এর পরও কত লোক হয়েছে আমাদের সমাবেশে। রোডমার্চে স্বতঃস্ফূর্তভাবে লোকজন অংশ নিয়েছে। সম্প্রতি দিনাজপুরে যে জনসভা হয়েছে, স্মরণকালের মধ্যে এত বড় সমাবেশ সেখানে আর হয়নি। সাংগঠনিক শক্তি ও জনসমর্থন আছে বলেই এসব হচ্ছে, আমাদের কর্মসূচি ও জনসভা সফল হচ্ছে।প্রথম আলো  আপনি দীর্ঘদিন ধরে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কাজ করছেন। এটাকেও তো আমরা একটি সাংগঠনিক দুর্বলতার দিক বলতে পারি।মির্জা ফখরুল ইসলাম আলমগীর  আমাদের দলের গঠনতন্ত্রে দলের চেয়ারপারসনকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তিনি কাজ করেন। আপনারা জানেন, দলের গত কাউন্সিলে সদস্যরা মহাসচিব নির্বাচনের ক্ষমতা দলের চেয়ারপারসনের হাতে দিয়েছেন এবং তিনি মহাসচিব পদে খোন্দকার দেলোয়ার হোসেনকে নিয়োগ দেন। সাধারণত যখন কেউ কোনো কাউন্সিলের মাধ্যমে দলের কোনো পদে আসেন, তখন এটাই ধরে নেওয়া হয়, পরবর্তী কাউন্সিল পর্যন্ত তিনিই সেই দায়িত্ব পালন করবেন। দুঃখজনক যে, আমাদের নির্বাচিত মহাসচিব মারা গেছেন। এর পর থেকে আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের দলে এরপর আর কোনো কাউন্সিল হয়নি। সুতরাং ভারপ্রাপ্ত হিসেবে আমি কাজ চালিয়ে যাচ্ছি। এর সঙ্গে দলের সাংগঠনিক দুর্বলতার কোনো সম্পর্ক নেই।প্রথম আলো  কিন্তু নতুন কাউন্সিল ছাড়াও তো দলের চেয়ারপারসন চাইলে পূর্ণাঙ্গ মহাসচিব নিয়োগ দিতে পারেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর  সেটা তিনি অবশ্যই পারেন। কিন্তু প্রতিটি দলেই নিজস্ব কিছু ব্যাপার থাকে। বিষয়টি চেয়ারপারসনের এখতিয়ারভুক্ত। দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে যদি তিনি মনে করেন, তবে এ ব্যাপারে নিশ্চয়ই তিনি সিদ্ধান্ত নেবেন।প্রথম আলো  আপনারা বলে আসছেন, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না। আপনারা কি তবে নতুন নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন পুনর্গঠন চান?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বর্তমান নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার আমাদের সঙ্গে একধরনের প্রতারণা করেছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে মতামতের জন্য রাষ্ট্রপতি যে সংলাপ ডেকেছিলেন, সেখানে আমরাও যোগ দিয়েছিলাম। আমরা সেখানে বলেছিলাম, আগে কোন সরকারের অধীনে নির্বাচন হবে, সেটা ঠিক করতে হবে। এরপর নির্বাচন কমিশন গঠন করতে হবে। এটা ছিল আমাদের নীতিগত অবস্থান। কিন্তু সরকার আমাদের সে বিষয়টি বিবেচনায় না নিয়ে নিজেদের মতো করে একটি কমিশন গঠন করেছে। আসলে নির্বাচন কোন সরকারের অধীনে হবে, সেটার ওপরই নির্ভর করছে নির্বাচন কমিশন-সংক্রান্ত বিষয়গুলো।প্রথম আলো  যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে আপনাদের স্পষ্ট কোনো অবস্থান নেই কেন?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  এ বিষয়ে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। এ নিয়ে এখনো যদি কোনো অস্পষ্টতা থেকে থাকে, তা হলে বলতে হবে, হয় আমরা আপনাদের বোঝাতে পারিনি অথবা আপনারা আমাদের অবস্থান বুঝতে পারেননি। আমাদের অবস্থান ন্যায়বিচারের পক্ষে। আমরা চাই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করা হোক এবং বিচারের মাধ্যমে তাঁদের শাস্তি নিশ্চিত হোক। কিন্তু আমাদের মনে হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে এই বিচারকে ব্যবহার করা হচ্ছে।প্রথম আলো  আপনারা কি মনে করেন, যাঁদের বিরুদ্ধে বিচারকাজ চলছে, তাঁরা কেউই যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত নন?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বিষয়টি এভাবে দেখা যাবে না। আমরা বলতে চাইছি, বিচারটি ত্রুটিমুক্ত হতে হবে, যাতে ভবিষ্যতে এই বিচার নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এটা আমরা সবাই জানি, একাত্তর সালে জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। প্রশ্ন হচ্ছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা নিজেরা কোনো মানবতাবিরোধী কাজ করেছেন কি না। সে জন্যই বিচার-প্রক্রিয়ার বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই জানেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যায় থেকেও এই বিচার-প্রক্রিয়ার নানা দিক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মামলার শুনানি যেভাবে চলছে এবং পত্রপত্রিকায় এ নিয়ে যেসব খবর দেখছি, তাতে মনে হচ্ছে, যথাযথ বিচারিক প্রক্রিয়ার অভাব এ ক্ষেত্রে রয়েছে। এসবই আমাদের উদ্বেগের বিষয়।প্রথম আলো  আপনারা এখন শান্তিপূর্ণ আন্দোলনে রয়েছেন বলে দাবি করছেন, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জনসমর্থন গড়ে তোলার কাজে রয়েছেন। এই কাজটির পাশাপাশি সংসদে গিয়ে কথা বলতে এবং একই কাজ করতে আপনাদের সমস্যা কোথায়?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  সংসদে যেতে আমাদের কোনোই আপত্তি নেই। আমরা সংসদের প্রথম অধিবেশনে গিয়েছি। এর পরও বিভিন্ন সময় গিয়েছি। সংসদের প্রথম অধিবেশনেই আমাদের চেয়ারপারসন বলেছিলেন, সরকারকে তাদের কাজে সহযোগিতা করতে বিএনপি প্রস্তুত। কিন্তু শুরু থেকেই আমরা দেখলাম, বিরোধী দলকে কীভাবে সংসদের বাইরে রাখা যায়, সে চেষ্টাই সরকার করছে। সংসদে বসার জায়গা দেওয়া নিয়ে সরকার আমাদের সঙ্গে শুরুতেই সমস্যা করল। আমাদের জনগুরুত্বপূর্ণ নোটিশ বিবেচনায় নেওয়া হয়নি। দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে, আমাদের নেত্রী সম্পর্কে যে ভাষায় সরকারি দলের লোকজন কথা বলা শুরু করল, তা আর যা-ই হোক, গণতন্ত্রের পক্ষে সহায়ক নয়। কিন্তু এর পরও আমরা সংসদে যাওয়ার পক্ষে, যেকোনো সময়ই আমরা যেতে পারি। কিন্তু দেখুন, কোন সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, এ নিয়ে সরকার একটি অনিশ্চিত পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। প্রথম আলো  সরকারের এ ধরনের অবস্থানের কারণ কী?মির্জা ফখরুল ইসলাম আলমগীর  তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭০ দিন হরতাল করেছে আওয়ামী লীগ, এ জন্য বিএনপিকে ত্রয়োদশ সংশোধনী করতে হয়েছে, এ ধরনের সরকারের অধীনে তিনটি নির্বাচন হয়েছে এবং দুটিতে আওয়ামী লীগ সরকার জয়লাভ করছে। এরপর কেন আওয়ামী লীগ এখন তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করছে? এর উত্তর প্রধানমন্ত্রী বিভিন্ন সময় দিয়েছেন। সে নিয়ে আলোচনায় না গেলাম। কিন্তু আমরা দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো কম-বেশি সুষ্ঠু হয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে। এখন তাঁরা যে এই পদ্ধতিতে নির্বাচন করতে চান না, এর মানে কি তাঁরা জেনে গেছেন যে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাঁদের জয়লাভের আর কোনো সম্ভাবনা নেই? এই ভয়ই সম্ভবত সরকারি দলকে পেয়েছে।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।মির্জা ফখরুল ইসলাম আলমগীর  ধন্যবাদ।