বিশেষ সাক্ষাৎকারযুদ্ধাপরাধের বিচার ও তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে রাজনৈতিক সংকট গভীর হওয়ার মুখে। এ অবস্থায়সরকার ও বিরোধীদলের ভূমিকা নিয়েপ্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ। সাক্ষাৎকার নিয়েছেন যথাক্রমে মশিউলআলম ও মিজানুর রহমান খান
তত্ত্বাবধায়কের দাবি নিষ্প্রভ হয়ে গেছে
প্রথম আলো বিরোধী দলের নেতা-কর্মীদের ধরপাকড়কে আপনি কীভাবে দেখছেন? পুলিশের অতিরাজনৈতিক ব্যবহারে কি এই বাহিনী আরও অকার্যকর হচ্ছে?হারুন-অর-রশিদ যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করার বিষয়ে সরকারের দিক থেকে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। আর পুলিশের রাজনৈতিক ব্যবহার তো আমাদের রাজনীতিতে আছে। এটা দ্রুত দূর হবে না। প্রথম আলো যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি—এই দুটি বিষয় প্রত্যাখ্যানের শক্তি কি সরকার রাখে?হারুন-অর-রশিদ আপনি যে দুটি বিষয় নাকচের কথা বলছেন, হয়তো ১৪ দল মনে করে এটা ঘুরেফিরে একই বিষয়। কারণ, জামায়াতের সঙ্গে বিএনপির দীর্ঘকালীন আদর্শিক মৈত্রী রয়েছে। সুতরাং একই পক্ষের দুটো দাবি। এটা অবশ্য একটা কঠিন অবস্থা। কারণ, দুটো শক্তিকে তাদের মোকাবিলা করতে হচ্ছে। প্রথম আলো কিন্তু কার্যত দুটি বিষয় সমান্তরাল নয়। কারণ, বিএনপি ছাড়াও বহু লোক মনে করেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন ফুরিয়ে যায়নি।হারুন-অর-রশিদ বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির সঙ্গে কত ভাগ লোক আছে, সেটা কিন্তু বলা কঠিন।প্রথম আলো কিন্তু শতকরা ৩৭ এবং ৪০ ভাগ ভোটের একটা ভাগাভাগি আমরা জানি। রাজনীতিতে এমন কী গুণগত পরিবর্তন ঘটেছে, যা এই অনুপাতকে বদলে দিয়েছে?হারুন-অর-রশিদ বিএনপি সংগঠনগতভাবে যে দুর্বল, সেটা স্পষ্ট।প্রথম আলো কিন্তু সেটাও নতুন নয়। সেটা সত্ত্বেও এই বিভক্তি দেশে চলমান। হারুন-অর-রশিদ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অনুকূলে প্রবল জনমত গড়তে পারেনি। গত নির্বাচনে তারা শতকরা ৩৩ ভাগ ভোট পেলেও আসন পেয়েছে ৩২টি। এটা তারা বদলাতে পারবে বলে মনে হয় না। উপরন্তু শাহবাগে যে নবজাগরণের সৃষ্টি হয়েছে, তা রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করেছে।প্রথম আলো শাহবাগের চেতনাকে ইতিবাচকভাবে দেখলেও ফাঁসির দাবিতে একটি আন্দোলন গড়ে ওঠাকে কীভাবে দেখেন? এর ভবিষ্যৎ কী বলে মনে করেন? হারুন-অর-রশিদ জনমত গঠনে এর ভবিষ্যৎ আছে। মুক্তিযুদ্ধের চেতনায় এক ধরনের নবজাগরণ ঘটেছে। এটা যদি অব্যাহত থাকে এবং সরকার যদি নির্বাচনের আগেই রায় কার্যকর করতে পারে, তাহলে দেখবেন আগামী নির্বাচনী ফলাফলকে তা বিরাটভাবে প্রভাবিত করতে পারে। আর যদি তা না পারে, যদি দোদুল্যমানতার পরিচয় দেয়, আপস করে, তাহলে সরকারের জন্য তা উল্টো ফল বয়ে আনবে। সরকারের জন্য বুমেরাং হবে।প্রথম আলো আদালতের ওপর আস্থা রাখলে দুটো ফলাফলই ঘটতে পারে। কাদের মোল্লার ফাঁসি যেমন হতে পারে, তেমনি তাঁর যাবজ্জীবন দণ্ড বহাল থাকতে পারে। যদি শেষেরটি হয় তাহলে কি সরকার শাহবাগের সহানুভূতি পাবে?হারুন-অর-রশিদ ইতিমধ্যেই দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি হয়েছে। প্রথম আলো কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল কাদের মোল্লার ফাঁসির দাবিতে। হারুন-অর-রশিদ কাদের মোল্লা একটা উপলক্ষ বা প্রতীক। এখন এটা সামগ্রিকভাবে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার দাবির মধ্যে চলে এসেছে। সাঈদীর ফাঁসি হওয়ায় তাদের প্রত্যাশার আংশিক পূরণ হয়েছে।প্রথম আলো প্রশ্ন হলো, তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার যে চাপ, সেটা কি সরকার এই কারণে উতরাতে পারবে? হারুন-অর-রশিদ আপাতত সরকারের সুবিধা হয়েছে, সেটা স্পষ্ট। প্রথম আলো কিন্তু ফসলটা ঘরে তুলতে পারবে কি না? নির্বাচন করে আরেক মেয়াদ টিকবে কি না? হারুন-অর-রশিদ আগে তত্ত্বাবধায়কের দাবি মুখ্য ছিল, এখন যুদ্ধাপরাধীর বিচারের দাবিই প্রধান। প্রথম আলো কিন্তু আমাদের তো একটা অংশগ্রহণমূলক নির্বাচনে যেতে হবে। হারুন-অর-রশিদ সরকার যদি নির্বাচন করতে চায় তাহলে কোনো না কোনোভাবে সেটা করতে পারবে, এটা আমরা বুঝি। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে পারাটাই উত্তম। বিএনপি যদি যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে পরিচ্ছন্ন অবস্থান নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শক্তিশালী অবস্থান নিত, তাহলে তারা রাজনৈতিকভাবে লাভবান হতো। কিন্তু তারা এখন দোদুল্যমান ও আস্থাহীনতার সংকটে আছে। আজ যদি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি সামনে না আসত, তাহলে বিএনপি ও জামায়াত অনেক শক্তি দিয়ে তত্ত্বাবধায়কের দাবিতে সোচ্চার হতে পারত। এখন তত্ত্বাবধায়কের দাবি নিষ্প্রভ হয়ে গেছে।প্রথম আলো তাহলে কিন্তু এই অভিযোগ জোরালো হতে পারে যে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিতে একটি নির্বাচনী হিসাব-নিকাশ ছিল।হারুন-অর-রশিদ প্রতিটি রাজনৈতিক দল ও প্রত্যেক নেতার একটি হিসাব-নিকাশ থাকবে। তাঁরা একজন আরেকজনকে পেছনে ফেলতে চাইবেন, এটাই রাজনীতির খেলা। সুতরাং এটা রাজনীতি-বিবর্জিত কিছু নয়। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের এটা নির্বাচনী অঙ্গীকার ছিল। প্রথম আলো সেটা তারা তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকা অবস্থায় করেছিল। এখন তারা তার সুবিধাটা তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে পেতে চাইছে। হারুন-অর-রশিদ এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই যে নির্বাচনে সুবিধা করার জন্য সরকার এটা করেছে। প্রতিটি রাজনৈতিক দল নবতর বিন্যাস, কৌশলী পরিচালনা কিংবা কোন বিষয়টি আগে আনবে, আপাতত কোনটা স্থগিত রাখবে, সেখানে তারা হিসাব-নিকাশ করবে। সেটা বড় ধরনের বৈজ্ঞানিক কর্মকাণ্ড। নির্বাচনটাও একটি বিজ্ঞানসম্মত কর্মকাণ্ড।প্রথম আলো তাহলে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘নবতর বিন্যাস’ কি আপনি চিরতরে নাকচ করে দেবেন? হারুন-অর-রশিদ চিরতরে বলব না, তবে ভবিষ্যতে জামায়াতের সঙ্গে এমন কোনো সম্ভাবনা আমি দেখি না। সেটা ঘটলে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকবে না। আদর্শিক অবস্থানের সঙ্গে আপস করলে আওয়ামী লীগের জন্য তা বিপর্যয় ডেকে আনবে। প্রথম আলো আমাদের রাজনীতির ইতিহাস কিন্তু তা বলে না। গণ-আদালতে মৃত্যুদণ্ডতুল্য শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে লীগ সম্পর্ক গড়েছিল। তাতে তাদের বিপর্যয় ঘটেনি। হারুন-অর-রশিদ রাজনীতি কোনো স্থবির বিষয় নয়। ওর একটা পর্যায় ছিল, সেটা চলে গেছে। প্রথম আলো দলীয় সরকার ছাড়া সরকারের হাতে কি অন্য কোনো তাস নেই? হারুন-অর-রশিদ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলে। প্রথম আলো এটা দ্বারা দলীয় সরকার ছাড়া আমরা আপাতত আর কিছু বুঝি না। আপনি কি ভিন্ন কিছু বোঝেন?হারুন-অর-রশিদ গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার বজায় রেখে উভয় দল আলাপ-আলোচনার মাধ্যমে একটা উপায় খুঁজে বের করতে পারে। কিন্তু বড় সমস্যা হলো, আমরা কেউ বিরোধী দলে বসতে বহুলাংশে নারাজ।প্রথম আলো আজ লীগ যা করেছে, সেটা বিএনপি করলে আওয়ামী লীগ নির্বাচনে যেতে চাইত? হারুন-অর-রশিদ বিএনপি ক্ষমতায় থাকতে এই দাবি মানেনি। এখন তারা সেটা পেতে আন্দোলন করছে। প্রথম আলো তার মানে তত্ত্বাবধায়ক পেতে আমরা কি ভবিষ্যতে লীগকেই আন্দোলন করতে দেখব? হারুন-অর-রশিদ আওয়ামী লীগ বলছে, বর্তমান শক্তিশালী ইসির অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে। আমিও তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে একাধিক লেখা লিখেছি। গত দুই দশক এই ব্যবস্থা রাজনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে, তাতে কোনো সন্দেহ নেই। বিএনপি এই ব্যবস্থা বিকৃত করেছিল। কিন্তু ২০০৭ সালের ঘটনার কারণে আওয়ামী লীগ এটা থেকে দূরে সরে এসেছে। প্রথম আলো বিএনপিবিহীন নির্বাচন করে নতুন লীগ সরকার টিকতে পারবে কি না? হারুন-অর-রশিদ সেটা দেখার বিষয়। আমরা সবার অংশগ্রহণে নির্বাচন দেখতে চাই। উভয় দলের খোলামনে আলোচনা দরকার। এবং একটা গ্রহণযোগ্য পন্থা খুঁজে বের করতে হবে। বিএনপিকে বাইরে রেখে নির্বাচন হোক, আমার মনে হয় না এটা কেউ বলবে। প্রথম আলো সেটাই যদি হবে তাহলে বিএনপির বিরুদ্ধে যে দমন-পীড়ন চলছে, সেটা কোনো একটা খারাপ পরিকল্পনার অংশ কি না? বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্টা হতে পারে?হারুন-অর-রশিদ বিএনপিতে ভাঙন ধরাতে সরকার এটা করছে বলে মনে হয় না। সমস্যা হচ্ছে, তারা দীর্ঘদিন সংসদ বর্জন করে চলেছে। প্রথম আলো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে না রেখে কোনো অন্তর্বর্তীকালীন সরকার কল্পনা করতে পারেন?হারুন-অর-রশিদ কাকে রেখে বা না রেখে আমি সেভাবে বলব না। সরকার কিন্তু বলেনি অন্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে হবে। তারা অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথা বলছে। আমি বিশ্বাস করি, উভয় পক্ষ আলোচনায় বসলে একটা উপায় উদ্ভাবন করতে পারবে। যদি তাঁরা তাতে ব্যর্থ হন, সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক। প্রথম আলো আপনাকে ধন্যবাদ।হারুন-অর-রশিদ ধন্যবাদ।