তত্ত্বাবধায়কের নজির ও সশস্ত্র বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে অভিবাসী বাংলাদেশিদের দ্বিতীয় পছন্দের গন্তব্য ইতালিতে রাজনৈতিক সংকট এখন চরমে। পার্লামেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে ফেব্রুয়ারিতে, কিন্তু এখনো কোনো জোটের পক্ষে সরকার গঠন সম্ভব হয়নি। বেরলুসকোনির ডানপন্থী জোট আর তাঁর প্রতিদ্বন্দ্বী বারসানির বামপন্থী জোটের রেষারেষি দীর্ঘদিনের। ডান আর বামের গোষ্ঠীস্বার্থকেন্দ্রিক অন্তহীন টানাপোড়েনের মধ্যে আবির্ভূত তৃতীয় শক্তিও এককভাবে সরকার গঠনে অক্ষম। এদিকে প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ১৫ মে। ৮৭ বছর বয়সী প্রেসিডেন্ট নাপোলিতানোর উত্তরাধিকারী নির্বাচনের জন্য পার্লামেন্টে পাঁচ দফা ভোটাভুটি করেও কাউকে নির্বাচন করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত শনিবার (২০ এপ্রিল) বর্তমান প্রেসিডেন্টকেই দ্বিতীয় মেয়াদের জন্য থেকে যেতে রাজি করিয়েছেন সবাই। এ সবকিছুই হচ্ছে একটা তত্ত্বাবধায়ক সরকারের আওতায়। ইতালিতে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে ২০১১ সালের নভেম্বর থেকে। একটা চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশকে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষার উদ্দেশ্যেই একজন অর্থনীতিবিদ মারিও মন্টির নেতৃত্বে গঠিত হয়েছিল ওই তত্ত্বাবধায়ক সরকার।বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে যাঁরা লাগামছাড়া চ্যালেঞ্জ দিয়ে বলেন যে বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই, তাঁরা সম্ভবত ভুলে যান যে ইতালিতে যে লাখ খানেক বাংলাদেশি বাস করেন, তাঁদের ও তাঁদের পরিবারগুলোর কাছে আপনাদের লেশমাত্র বিশ্বাসযোগ্যতা থাকছে না। ইতালির কাছেই আরেকটি ইউরোপীয় দেশ, গণতন্ত্রের আদিভূমি বা সূতিকাগার, গ্রিসেও একই ধরনের অর্থনৈতিক সংকটের মুখে গত বছর তত্ত্বাবধায়ক সরকার গড়ে তার তদারকিতে নির্বাচন হয়েছে দুবার। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের আর কোনো প্রয়োজন আছে কি নেই, সেই বিতর্কের সমাধান রাজনীতিকেরাই করবেন, সেখানে কারও পক্ষ সমর্থন আমার উদ্দেশ্য নয়, আমি শুধু ভুলটা ধরিয়ে দিচ্ছি।সম্প্রতি দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা তাদের সুশাসন প্রতিষ্ঠা কার্যক্রমের অংশ হিসেবে দেশটির রাজনৈতিক সংকট উত্তরণে যে প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের আগে নতুন নতুন ফর্মুলা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত করতে পারে (প্রথম আলো, ১৪ এপ্রিল)। তিনি যেসব দেশে সংসদীয় গণতন্ত্র আছে, সেসব দেশের নির্বাচন-প্রক্রিয়া অনুসরণের কথা বলেছেন। এর মধ্যে তিনি ব্রিটেন, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করেছেন। এর আগেও তিনি বহুবার নানাভাবে ব্রিটিশ সংসদীয়ব্যবস্থার প্রতি তাঁর আগ্রহের কথা জানিয়েছেন। এর আগে তিনি বিবিসিকে জানান, আলোচনার পথ খোলা আছে।ট্রান্সপারেন্সি, সুজন কিংবা সিপিডির মতো নাগরিক গোষ্ঠীগুলো কয়েক মাস ধরে সংলাপের জন্য অনুরোধ জানাতে জানাতে তাদের গলা প্রায় শুকিয়ে ফেলেছে। কিন্তু সরকারের তরফে এখনো কোনো নড়চড় নেই। তাঁর দলের নেতাদের কেউ কেউ বলেছেন, ‘তত্ত্বাবধায়কের দাবি ছেড়ে আসুন, আলোচনা হবে’, কেউ বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে’ আবার কেউ বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর কখনোই হবে না।’ এঁদের প্রায় সবাই আবার বাড়তি শর্ত হিসেবে বলেছেন, আলোচনার জন্য সংসদে আসতে হবে।সরকার ও বিরোধী দলের মধ্যে সংসদের বাইরে আলোচনা কি আসলেই কোনো অবাস্তব ধারণা? সম্প্রতি ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের শেষকৃত্য যে নানা ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পন্ন হলো, সেই শেষকৃত্যের প্রাথমিক পরিকল্পনাটি হয়েছিল বছর পাঁচেক আগে তাঁর যখন স্ট্রোক হয়, তখন। ব্যারোনেস থ্যাচারের আমলে যারা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছিল, তারা হলো খেটে খাওয়া শ্রমিক-কর্মচারী, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী এবং তাদের দল বামপন্থী লেবার পার্টি। লেবার পার্টির তহবিলের সবচেয়ে বড় অংশটি আসে এই ট্রেড ইউনিয়নের কাছ থেকে। সুতরাং ব্যারোনেস থ্যাচারের প্রতি লেবার পার্টির যে তীব্র ক্ষোভ থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু লৌহমানবীর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা এবং এর ব্যয় নিয়ে বিতর্কের পটভূমিতে সেদিন সকালে প্রধানমন্ত্রী ক্যামেরন রেডিও ও টেলিভিশনের স্টুডিওগুলোয় পালাক্রমে হাজির হয়ে জানান, এই শেষকৃত্যের প্রথম পরিকল্পনাটি করেছিলেন লেবার সরকারের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। ব্রাউন বিরোধীদলীয় নেতা হিসেবে তখন তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করেছিলেন। এখন চূড়ান্ত পরিকল্পনাটি ঠিক করার আগে তিনিও বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ডের পরামর্শ নিয়েছেন, যাতে কোনো আপত্তি ওঠেনি।এ তো গেল একজন প্রয়াত রাজনীতিককে রাষ্ট্র মরণোত্তর কতটা মর্যাদা দেবে, সে রকম একটি আবেগপূর্ণ বিষয়। রাজনৈতিক বিরোধের ক্ষেত্রে কি এ ধরনের খোলামেলা সলাপরামর্শ সম্ভব? তাহলে পরের দিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মঞ্চ গরম করা যাবে কীভাবে? ব্রিটেনে সংবাদপত্রের জন্য নতুন আচরণবিধি তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে বিরোধী নেতা মিলিব্যান্ডের মতের মিল হচ্ছিল না। তাঁর জোটের শরিক লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগের সঙ্গেও এ বিষয়ে তাঁর ভিন্নমত ছিল। কয়েক দিন ধরে তাঁরা দফায় দফায় আলোচনা চালালেন। প্রধানমন্ত্রী আলাদা করে মিলিব্যান্ড ও ক্লেগের সঙ্গে কথা বললেন। কিন্তু তাঁর প্রস্তাবে অন্যরা রাজি না হওয়ায় ১৪ মার্চ আলোচনা ভেঙে দেওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী। বিষয়টিতে অনেকেই যখন ক্যামেরনকে দুষতে লাগলেন, তখন নেপথ্যে আবার আলোচনা শুরু হলো। ১৭ মার্চ সারা রাত ধরে বিরোধীদলীয় নেতার পার্লামেন্টারি অফিসে দুই পক্ষ চালিয়ে গেলেন। ভোরবেলা সমঝোতার ঘোষণাটি প্রথম দেন প্রধানমন্ত্রী ক্যামেরন। তারপর দুপুরে হাউস অব কমন্সের অধিবেশনে হাজির হয়ে তিনি সমঝোতার বিস্তারিত ব্যাখ্যা করলেন। সমঝোতাটির পুরোটিই কার্যত বিরোধী নেতার উত্থাপিত প্রস্তাব। এর আগে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনে সংবাদপত্রের বেপরোয়া ভূমিকার বিষয়ে যে তদন্ত কমিশন গঠিত হয়েছিল, সেই কমিশনের কাজের পরিধি, ক্ষমতা ও এখতিয়ার ঠিক করার কাজটিও হয়েছিল বিরোধী নেতার সঙ্গে পরামর্শের ভিত্তিতে।ব্রিটেনে এবং প্রায় সব গণতান্ত্রিক রাষ্ট্রেই সরকারের সঙ্গে বিরোধী দলের এ ধরনের আলোচনা সব সময়ই হয়ে থাকে। আমাদের প্রতিবেশী দেশগুলোয়ও সেটাই তো চল। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ব্রিটেনের মতো হবে, এমনটা কেউ আশা করেন না ঠিকই, কিন্তু তা আফ্রিকার সংঘাতপূর্ণ দেশগুলোর পর্যায়ে পৌঁছাবে, সেটাও নিশ্চয়ই মেনে নেওয়া যায় না। বিরোধী দলের সংসদ বর্জন অতীতের মতোই এখনো যে অযৌক্তিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যাঁরা বলছেন আলোচনা হতে হবে শুধু সংসদেই, তাঁরা আসলে চালাকির আশ্রয় নিচ্ছেন। কারণ তাঁরা জানেন, এ রকম দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সংসদে বিরোধীদের কণ্ঠ শোনা যাবে না। সংসদের আলোচনায় আস্থা রেখে অতীতেও বিরোধী দল যে রাজপথ ছেড়ে আসেনি, সে কথাটি তাই যত কম উচ্চারিত হয়, তাঁদের জন্য ততই ভালো।অথচ বিরোধী দলকে আস্থায় নিতে পারলে রাজপথের চলমান সংঘাত এড়ানো যেত। অনেকেই বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে বিএনপি কখনোই সহযোগিতা করত না। কেননা, জামায়াতের সঙ্গে জোট টিকিয়ে রাখা ভবিষ্যতের ভোটের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিপরীতে আরেক দল বলে, আওয়ামী লীগের কৌশলই ছিল বিএনপিকে জামায়াতের আরও কাছে ঠেলে দেওয়া। তারা যুক্তি দেখায়, বিএনপি সব সময়ই বলে এসেছে যে তারা সব যুদ্ধাপরাধীর বিচার চায় এবং সে কারণে প্রায় বছর তিনেকেরও বেশি সময় তারা জোটকে বাদ দিয়ে একলা পথ চলছিল।গণতন্ত্রের সংস্কৃতিতে অন্যান্য দেশে দেখা যায়, সংসদীয় কার্যধারাকে স্বচ্ছতর করার একটা চেষ্টা থাকে। কিন্তু বাংলাদেশে সংসদীয় কমিটিগুলো বৈঠক করে সবার আড়ালে। এসব রুদ্ধদ্বার বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকারও নিষিদ্ধ হয়েছে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে সশস্ত্র বাহিনীগুলোর প্রধানেরা কী বলেছেন, তা আমরা জানলাম ওই কমিটির সভাপতি ও অন্য সদস্যদের মুখ থেকে। কমিটির সভাপতি জানান, বগুড়ায় বিরোধীদলীয় নেতার সাম্প্রতিক বহুল বিতর্কিত বক্তব্যের প্রেক্ষাপটে সংসদীয় কমিটির বৈঠকে সংবিধান সমুন্নত রাখার পক্ষে মত দেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা (প্রথম আলো, ১৬ এপ্রিল)।এ ধরনের ব্যাখ্যা দিয়ে কমিটি-প্রধান ইদ্রিস আলী কি বোঝাতে চাইলেন যে সশস্ত্র বাহিনী আওয়ামী লীগের পক্ষে আছে? যেকোনো সংকট, তা সে যত গুরুতরই হোক না কেন, তাতে সশস্ত্র বাহিনীর প্রধানেরা কি সংবিধান সমুন্নত রাখার বাইরে অন্য কিছু বলতে পারেন? গণতান্ত্রিক শাসনকাঠামোর মধ্যে থেকে বিরোধী নেতা তাঁদের উসকানি দিলেন কি না, কিংবা সরকারি দলের কেউ তাঁদের কাছ থেকে কোনো সংবিধানবহির্ভূত বিশেষ সুবিধা চাইছেন কি না, সেগুলো নিয়ে তাঁরা কীভাবে জনসমক্ষে মুখ খুলবেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণের কারণে এরই মধ্যে অভিযোগ উঠেছে যে সরকার একটি পুলিশ লীগ গঠন করেছে। একই ধরনের অভিযোগ আছে প্রশাসন ও বিচার বিভাগের ক্ষেত্রেও। সেনাবাহিনীর ক্ষেত্রে অন্তত সে ধরনের ফৌজি লীগ গঠনের চেষ্টা চালানো সমীচীন হবে না। দল-অনুগত সেনাবাহিনী কমিউনিস্ট অথবা ইসলামি শাসনব্যবস্থায় চলতে পারে, কিন্তু গণতন্ত্রে তা কাম্য নয়। তার চেয়ে বরং সংসদীয় কমিটির সভাগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করুন, সংসদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করুন। যুক্তরাষ্ট্রেও সেনাপ্রধান এবং সিআইএ-প্রধান কংগ্রেসের শুনানিতে কী বলছেন, তা আমরা সরাসরি টেলিভিশনের পর্দায় দেখে থাকি। এগুলোয় যদি স্বচ্ছতা না আনা যায়, তাহলে সংসদের জন্য আলাদা টেলিভিশন চ্যানেলের কার্যকারিতা কী? শুধু সংসদে সংসদ নেত্রীর স্তুতিগান শোনা? সংসদীয় কমিটিগুলোয় তো মন্ত্রীদের জবাবদিহি করার কথা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমিটিতে কী আজ পর্যন্ত তেমনটি হয়েছে?নানা দেশের গণতান্ত্রিক বিধিব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর উপদেশটা খুবই সময়োপযোগী, সন্দেহ নেই। কিন্তু এই পরামর্শটি তো তাঁর নিজের দলের লোকদেরই আগে শোনার কথা। অবশ্য দৃশ্যপটে শেখ হাসিনা আর খালেদা জিয়া একে অন্যের আসনে থাকলে, ঘটনাক্রম বা পরিস্থিতির খুব একটা তফাত হতো বলে ভাবারও কোনো কারণ নেই।কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।