আইন থেকেও যদি তা কাজে না লাগে তবে সে আইনের অর্থ কী? তথ্য অধিকার আইন নিয়ে এ প্রশ্ন তোলা অসংগত নয়। নিয়ম মেনে আবেদন করেও সময়মতো তথ্য না পাওয়ার চিত্র ফুটে উঠেছে প্রথম আলোর এক প্রতিবেদনে। তথ্য পাওয়ার বিষয়টি কার্যত এখন এক হয়রানির নাম।
প্রতিবেদন তৈরির কাজে প্রথম আলোর এক প্রতিবেদক গত এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে তথ্য চেয়ে ১৩টি আবেদন করেছিলেন। এর মধ্যে মাত্র দুটি আবেদনের সব তথ্য তিনি সময়মতো পেয়েছেন, একটির পেয়েছেন আংশিক। দুটি ক্ষেত্রে তাঁকে আপিল করতে হয়েছে। আর বাকি সাতটি আবেদনের কোনো সুরাহাই হয়নি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে তথ্য অধিকার আইন কার্যকর থাকার পরও তথ্য পাওয়ার বিষয়টি কতটা শোচনীয়।
২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুযায়ী একজন নাগরিক সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠানে তথ্য চেয়ে আবেদন করলে ২০ কর্মদিবসের মধ্যে তাঁকে তথ্য দেওয়ার কথা রয়েছে। আইন কার্যকর হওয়ার পর প্রায় পাঁচ বছর পার হয়ে গেলেও দেখা যাচ্ছে যে এই আইনকে যথাযথভাবে কার্যকর করা যায়নি। প্রথম আলোর প্রতিবেদন বলছে, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের এই আইনটি সম্পর্কে স্বচ্ছ ধারণার অভাব রয়েছে।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের কাছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে বরাদ্দ অর্থের পরিমাণসহ খাতওয়ারি খরচের তথ্য চেয়ে যথাসময়ে তা পাওয়া যায়নি। কারণ হিসেবে প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন প্রকল্প পরিচালকেরা যথাসময়ে তথ্য না দেওয়ায় তাঁর পক্ষে তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। তাঁর এই দাবি সত্যি হয়ে থাকলে এর অর্থ দাঁড়াচ্ছে বিভিন্ন প্রকল্প পরিচালকেরা তাঁদের দায়িত্বে অবহেলা করছেন।
জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার জন্য যেহেতু আইনটি কার্যকর হয়েছে, তাই এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার কোনো বিকল্প নেই।