তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসে রাঙামাটিতে সংঘটিত সংঘর্ষের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি যে প্রতিবেদন জমা দিয়েছে, তাতে ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি কিছু সুপারিশও রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘর্ষের সূত্রপাত হয় রাঙামাটি কলেজে উপজাতি ও অ-উপজাতি শিক্ষার্থীদের মধ্যে একটি বিরোধকে কেন্দ্র করে। আবার সেই বিরোধের কারণ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাসের আসন নিয়ে। কিন্তু ঘটনার দিনে যে তিন অচেনা যুবক কলেজে এসেছিলেন, কমিটি তাঁদের পরিচয় বের করতে পারেনি। এই ব্যর্থতা সত্ত্বেও কমিটি পার্বত্য চট্টগ্রামে উপজাতি ও অ-উপজাতি সংঘাত-সংঘর্ষ এড়াতে যেসব সুপারিশ করেছে, তা বিবেচনার দাবি রাখে। তাদের সুপারিশের মধ্যে রয়েছে, দুই সম্প্রদায়ের মধ্যে মেলামেশা ও যোগাযোগ বাড়ানো, সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টির উদ্যোগ, ভূমি বন্দোবস্ত চালু ও পার্বত্য চুক্তির বাস্তবায়ন। এ ছাড়া এনজিও কার্যক্রমে অ-উপজাতিদের সম্পৃক্ত করা ও পুলিশ বিভাগে আনুপাতিক হারে দুই সম্প্রদায়ের লোক নিয়োগের কথা বলা হয়েছে এতে। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এসব সুপারিশ বাস্তবায়নের বিকল্প নেই। অস্বীকার করার উপায় নেই যে, পার্বত্য চট্টগ্রাম সমস্যার মূলে উপজাতি জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, ক্ষোভ ও ভূমির মালিকানা বিরোধ। পার্বত্য চুক্তি সই হয়েছে প্রায় দেড় দশক আগে। এত দিনেও চুক্তির অধিকাংশ অবাস্তবায়িত থাকায় উপজাতি জনগোষ্ঠীর হতাশা বেড়েছে এবং মাঝেমধ্যেই সেখানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটছে। তদন্ত কমিটি যথার্থই বলেছে, সেপ্টেম্বরের সংঘর্ষের পেছনে দুই সম্প্রদায়ের সন্দেহ-অবিশ্বাস কাজ করেছে। এখন সরকারের জরুরি কাজ হলো এই সন্দেহ-অবিশ্বাস পেছনে ফেলে সেখানে উপজাতি ও অ-উপজাতি সম্প্রদায় যাতে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারে, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া। সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে রাখতে হবে, একটি সংঘাতের ঘটনায় যেই ক্ষতের সৃষ্টি হয়, দ্রুত তা উপশম করতে না পারলে পরবর্তী সংঘাতের বীজ রোপিত হয়। অতএব, অতীতের ক্ষতগুলো দূর করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হতে হবে। পার্বত্য চুক্তির বাস্তবায়নই সেখানে শান্তি প্রতিষ্ঠার পূর্বশর্ত।