তদন্ত করে জড়িতদের কঠোর শাস্তি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে অপরিশোধিত জ্বালানি তেল বাজারজাত করার যে অভিযোগ উঠেছে, তা উদ্বেগের বিষয়। প্রতিষ্ঠানটির একজন পরিচালকই যখন বিপিসির চেয়ারম্যানের কাছে পাঠানো এক প্রতিবেদনে এ অভিযোগ করেছেন, তখন একে উপেক্ষা করার সুযোগ নেই।

বিপিসির চেয়ারম্যানের কাছে পাঠানো ওই প্রতিবেদনে বলা হয়েছে, পদ্মা অয়েল লিমিটেড পেট্রোবাংলার অধীন গ্যাসফিল্ড থেকে কনডেনসেট গ্রহণ করছে। নিয়ম অনুযায়ী ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের পর তা বিপণন করার কথা। কিন্তু পদ্মা অয়েল কয়েক বছর ধরে তা না করে সরাসরি বাজারজাত করছে। কী ভয়াবহ কথা! যন্ত্র প্রকৌশলীদের মতে, জ্বালানি হিসেবে সরাসরি কনডেনসেট ব্যবহার করা হলে গাড়ির আয়ুষ্কাল কমে যায়। গাড়ির ইঞ্জিনসহ অন্য যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়া কনডেনসেটে রয়েছে উচ্চমাত্রার সিসা। সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহৃত হওয়ায় তা পরিবেশ দূষণও করে। পদ্মা অয়েলের মাধ্যমে অপরিশোধিত তেল বাজারজাত হওয়ার অর্থ দঁাড়াচ্ছে অনেক গাড়িতেই সেসব তেল জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা গাড়ির ও পরিবেশের ক্ষতি করছে।

মঙ্গলবার প্রথম আলোতে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোবাংলার অধীন গ্যাসফিল্ডগুলো থেকে আহরিত কনডেনসেট সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি এবং ১৩টি বেসরকারি রিফাইনারিতে পরিশোধন করা হয়। এরপর পরিশোধিত তেল বিপিসির নির্দেশনা অনুযায়ী তিনটি বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি দেশে বাজারজাত করে। অপরিশোধিত জ্বালানি তেল বাজারজাত করার এখতিয়ার পদ্মা, মেঘনা, যমুনাসহ কোনো বেসরকারি রিফাইনারিরই নেই। অথচ পদ্মা অয়েল এখতিয়ারবহির্ভূত কাজটি করে যাচ্ছে কয়েক বছর ধরে। বিপিসির পক্ষ থেকে এ ব্যাপারে পদ্মার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি।

পদ্মা অয়েলের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তা সত্যি কি না জানতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করার দাবি জানাই। যেসব কর্মকর্তা এভাবে পরিশোধন না করে তেল বাজারজাত করার সঙ্গে জড়িত, তাঁদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে।