শাহবাগ এলাকায় শিক্ষার্থীদের একটি আন্দোলন-সমাবেশে গত রোববার পুলিশ যেভাবে চড়াও হয়েছিল, তা শুধু বাড়াবাড়িই নয়, এক ছাত্রীর সঙ্গে পুলিশ যে আচরণ করেছে, তা চরম অসভ্যতা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে পুলিশ বাহিনীর এক সদস্য সেখানে যা করেছেন, তার সঙ্গে আর যাই হোক শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো বাহিনীতে এ ধরনের সদস্যের স্থান থাকা উচিত নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছিলেন। এটা কোনো সহিংস আন্দোলন নয়। এ ধরনের ক্ষেত্রে পুলিশ বাহিনীর দায়িত্ব হচ্ছে প্রথা অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিনিধিদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পাঠানোর ব্যবস্থা করা। শেষ পর্যন্ত তা-ই হয়েছে, কিন্তু এর আগে শিক্ষার্থীদের সঙ্গে অহেতুক ধস্তাধস্তির সুযোগে শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা অসভ্যতাটি করে বসেছেন। ছবি কথা বলে। প্রথম আলোতে যে ছবিটি ছাপা হয়েছে, তাতে এটা স্পষ্ট যে এক ছাত্রীকে পেছন দিক থেকে সেই পুলিশ কর্মকর্তা যেভাবে লাথি মেরেছেন, তার আদৌ কোনো দরকার ছিল না।
পুলিশ বাহিনীতে নিয়োগ পাওয়ার পর একজন সদস্যকে ‘জনগণের বন্ধু’ হওয়ার জন্য যে প্রশিক্ষণ গ্রহণ করতে হয়, সেই প্রশিক্ষণ সম্ভবত শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হাবিল হোসেনের কাজে লাগেনি। একটি বাহিনীর মর্যাদা ও সুনাম নষ্ট করার জন্য এ ধরনের একজন সদস্যই যথেষ্ট। কোনো আন্দোলন বা বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে সব দেশেই পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেয় এবং নানা কৌশল অবলম্বন করে। এ ক্ষেত্রে আমাদের পুলিশ বাহিনীর ঘাটতি বিভিন্ন সময়েই প্রকট হয়ে দেখা দেয়।
পুলিশ বাহিনীর কোনো এক সদস্য যদি কোনো অপকর্ম করেন, তবে তার দায় পুরো বাহিনীর নয়। ফলে পুলিশ কর্তৃপক্ষের এখন দায়িত্ব হচ্ছে এই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। এ ধরনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে কেউ এমন কিছু করার সাহস পাবে না। পুলিশ কর্তৃপক্ষ এখন কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।