২০১৫ সালে রাজধানীর হোসেনি দালানের শোক মিছিলে জঙ্গিরা বোমা হামলা চালিয়ে একজনকে হত্যা ও শতাধিক ব্যক্তিকে আহত করে। এ সহিংসতার উদ্দেশ্য ছিল শিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান বানচাল করা ও জনজীবনে আতঙ্ক ছড়ানো। অথচ এ ঘৃণ্য সন্ত্রাসী ঘটনার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল তদন্ত কর্মকর্তার গাফিলতির কারণে।
গত মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মামলার পর্যবেক্ষণে বলেছেন, হোসেনি দালানের শোক মিছিলে জঙ্গি হামলা মামলা তদন্তের ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিউদ্দিন শেখ মারাত্মক ভুল করেছেন। তিনি দায়িত্বে চরম অবহেলা করেছেন। এ কারণে এ হামলার মূল পরিকল্পনাকারী ও হামলাকারীরা আইনের বাইরে রয়ে গেছেন। দুই আসামি কবীর হোসেন ওরফে রাশেদ ওরফে আসিফ ও আরমান ওরফে মনিরকে ৭ বছর ও আরমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত আট আসামির ছয়জনই বেকসুর খালাস পেয়েছেন।
কবীর ও আরমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় দেখা যায়, হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন আলবানি ও নোমান। তাঁরা গ্রেপ্তার হওয়ার আগে বন্দুকযুদ্ধে নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। তবে তিনি কার কাছ থেকে, কীভাবে এ তথ্য জানতে পেরেছেন, তা প্রতিবেদনে উল্লেখ করেননি। অন্যদিকে কোনো সাক্ষ্যপ্রমাণ ছাড়া চান মিয়া, ওমর ফারুক, আহসানউল্লাহ ও শাহজালালকে আসামি করা হয়েছে। আদালত যথার্থই বলেছেন, তদন্ত কর্মকর্তার খামখেয়ালির কারণে এই চারজন হয়রানি ও মানসিক কষ্টের শিকার হয়েছেন।
মামলার তদন্তকাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভুল ও গাফিলতির খবর প্রায়ই গণমাধ্যমে আসে। এর কারণও অজানা নয়। বেশির ভাগ ক্ষেত্রে তদন্তে নিয়োজিত কর্মকর্তারা কোনো পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে অসম্পূর্ণ ও অসত্য প্রতিবেদন দাখিল করেন। তদন্ত সঠিক না হলে সেই মামলার বিচারও সঠিক হতে পারে না, যা হোসেনি দালানে হামলার মামলার বিচারকও বলেছেন। কয়েক বছর আগে তদন্ত কর্মকর্তার গাফিলতিতে জাহালম নামের এক পাটকলশ্রমিককে তিন বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। তঁার নামে সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলা দেওয়া হয়েছিল। এ বিষয়ে উচ্চ আদালত জাহালমকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন।
হোসেনি দালানে হামলার ঘটনায়ও যে চার ব্যক্তিকে অযথা হয়রানি করা হয়েছে, তাঁদেরও ক্ষতিপূরণ পাওয়া উচিত। আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তদন্ত কর্মকর্তার উচিত ছিল পরিকল্পনাকারী ও হামলাকারীর বিষয়টি আদালতকে জানানো। কিন্তু সেটি তিনি না জানিয়ে বিষয়টি গোপন করেছেন। এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা–ও খতিয়ে দেখা জরুরি।
তদন্তকাজে ভুল হওয়া অস্বাভাবিক নয়। ভুল হলে তা প্রতিকারের উপায় হলো পুনঃ তদন্ত করা। একজন তদন্ত কর্মকর্তার ভুল বা অবহেলার কারণে নিরীহ মানুষ বিপদে পড়বে আর অপরাধীরা পার পেয়ে যাবে, তা হতে পারে না। তদন্ত কর্মকর্তার তদন্ত সম্পর্কে মাননীয় বিচারক যেসব মন্তব্য করেছেন, সেগুলো আমলে নিয়ে হোসেনি দালানে হামলা মামলার তদন্ত নিয়েই আরেকটি তদন্ত হওয়া প্রয়োজন।