তদন্ত, দোষী চিহ্নিতকরণ ও অর্থ ফেরত আনা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়ার কারণ অনুসন্ধান, দেশি-বিদেশি দোষী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং খোয়া যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। এটা বোধগম্য যে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা ও সহযোগিতাও দরকার। তবে অভ্যন্তরীণ তদন্ত অত্যন্ত জরুরি। কারণ, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে রয়টার্স বলেছে, সাইবার দস্যুরা গুপ্তচরবৃত্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে আগাম ‘গভীর জ্ঞান’ অর্জন করে থাকতে পারে। এর আগেও অন্য দেশে ব্যাংক কর্মকর্তাদের ‘নজরদারি’ করে বেলজিয়ামভিত্তিক সুইফটের মাধ্যমেই টাকা চুরির ঘটনা ঘটেছে।
আমরা আশা করব এই কাজে তদন্তের ন্যায্য স্বার্থ রক্ষা ব্যতিরেকে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এই ঘটনায় জনগণের মধ্যে যেন অহেতুক ভুল-বোঝাবুঝির কারণ না ঘটে। গত মাসের গোড়ায় সংঘটিত সাইবার নিরাপত্তা নস্যাৎ হওয়ার ঘটনাটি আমাদের ইতিহাসে প্রথম। এই বিষয়ে প্রাথমিক রাখঢাক কাম্য ছিল না। সংশ্লিষ্টরা সরকারের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে জানাতেও বিলম্ব করেছে। এমনকি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন যে তাঁকেও বিষয়টি জানানো হয়নি। যদিও তিনি টাকা ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
কঠোর অ্যান্টি মানি লন্ডারিং আইন এবং দায়িত্বশীল কর্মকর্তাদের সতর্কতা কী করে দুর্ঘটনা রোধ করতে পারে, তার উত্তম উদাহরণ সৃষ্টি করেছে শ্রীলঙ্কা। আমরা তাদের ধন্যবাদ জানাই। ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তারা সততার সঙ্গে দায়িত্ব পালন করলে অন্তত তিনটি স্থানীয় ক্যাসিনো ঘুরে ৮ কোটি ১০ লাখ ডলার বেহাত হতো না। এখন অবশ্য দেশটির সরকার ও আদালত যথেষ্ট তৎপর হয়েছে। এই প্রেক্ষাপটে সরকারের মূল চ্যালেঞ্জ হলো সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পাচার হওয়া অর্থ উদ্ধার করা।