তদন্ত হোক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আসামি নির্যাতনের শিকার হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কিংবা শাস্তির বিধান থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে তা অকার্যকর। ২০১৩ সালে প্রণীত হেফাজতে নির্যাতনবিরোধী আইনে নির্যাতনকারীকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা আছে। এরপরও হেফাজতে আসামির মৃত্যু ও নির্যাতনের ঘটনা কমেনি।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত দুই বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালে ২৮ জন মারা গেছেন, যার মধ্যে চলতি বছরেই ৫ জন। আর নির্যাতনের শিকার যে কতজন হয়েছেন, তার হিসাব নেই। নির্যাতনের শিকার হয়েও অনেকে নিশ্চুপ থাকেন। তাঁরা মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করলে প্রতিকার পাওয়া যাবে না। কেননা যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তদন্তও করবেন তাঁরা।

গত সোমবার নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় আন্তর্জাতিক দিবস উপলক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্ল্যাস্ট) আয়োজিত সেমিনারে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আসামিদের মৃত্যু ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তাঁরা বলেছেন, জিজ্ঞাসাবাদের নামে অভিযুক্ত ব্যক্তির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন না চালানোর বিষয়ে আইনে স্পষ্ট নির্দেশনা আছে। তদন্ত কর্মকর্তারা তদন্তের আগেই ‘বিচার’ নিজেদের হাতে তুলে নিতে পারেন না।

ওই সেমিনারে তদন্তকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নিগৃহীত ঝালকাঠির লিমন হোসেন ও ঢাকার পল্লবীর ইমতিয়াজ হোসেন ওরফে রকিও বক্তব্য দেন। ২০১১ সালে একটি মামলার তদন্তে গিয়ে র‍্যাব সদস্যরা ১৬ বছর বয়সী কিশোর লিমনের পায়ে গুলি করেন। আর ২০১৪ সালে পল্লবী থানার পুলিশ রকি ও তাঁর ভাই জনিকে ধরে নিয়ে যায়। জনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকাকালে মারা যান।

এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার দৃষ্টি আকর্ষণ করলে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মামলার তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিতে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কিন্তু জিজ্ঞাসাবাদের অর্থ এই নয় যে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন ও মৃত্যুর বেশির ভাগ ঘটনারই তদন্ত হয় না। তদন্ত হলেও দায়সারা গোছের। ‘জুতার ফিতা গলায় পেঁচিয়ে আসামি আত্মহত্যা করেছেন’—এ রকম হাস্যকর বক্তব্যও তাঁরা সামনে নিয়ে আসেন নিজেদের অপরাধ ঢাকতে।

বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তদন্ত করেছেন বলে জনির মৃত্যুর ঘটনায় পল্লবী থানার তিন পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে একজনের যাবজ্জীবন ও আরেকজনের সাত বছর কারাদণ্ড হয়। তাঁরা কারাগারে থাকলেও অপর আসামি পলাতক। মামলাটি এখন উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইউএনডিপির সহায়তায় পুলিশ আইনের যে সংস্কার নিয়ে একটি কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের অন্যতম সুপারিশ ছিল আইন প্রয়োগকারী ও তদন্তকারী সংস্থাকে আলাদা করা। সেই তদন্ত কমিশনের সুপারিশ এখনো ফাইলবন্দী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যূনতম জবাবদিহির জন্য পুলিশ কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন জরুরি। পুলিশ বিভাগের কোনো সদস্যের বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ এলে এর তদন্তভার কোনোভাবে তাদের হাতে ন্যস্ত করা যাবে না। তদন্তের দায়িত্ব দিতে হবে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে। অন্যথায় জিজ্ঞাসাবাদের নামে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিষ্ঠুরতা চলতেই থাকবে।