দুই বছর আগে মিরপুরে একসঙ্গে তিন কিশোরকে গুলি করে হত্যা করা হলেও পুলিশের তদন্তে সেই ঘটনার রহস্য উদ্ঘাটিত না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিন কিশোর খুনের ঘটনা ঘটে ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি গভীর রাতে। তখন রাজনৈতিক কর্মসূচি ও জ্বালাও-পোড়াও চলছিল। মিরপুর থানার পুলিশ তাদের জামায়াত-শিবিরের সদস্য বলে দাবি করলেও পরে জানা গেছে, তিন কিশোরের দুজনই অমুসলিম।
ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পুলিশের সংশ্লিষ্টতা থাকায় শুরু থেকেই সত্য গোপন করার চেষ্টা লক্ষ করা যায়। পুলিশের দাবি, ওই কিশোরেরা নাশকতা করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। কিন্তু নিহত কিশোরদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে আনার পর শারীরিক পরীক্ষায় তাদের শরীরে বুলেটের ৫৪টি চিহ্ন পাওয়া যায়। পুলিশের তদন্তে তাদের অজ্ঞাতনামা দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত করা হলেও প্রথম আলোর অনুসন্ধানে নিহত তিনজনেরই নাম-পরিচয় পাওয়া গেছে।
নিহত কিশোরেরা দুষ্কৃতকারী হোক আর সুকৃতিকারী হোক, তাদের হত্যার রহস্য উদ্ঘাটন করা পুলিশের দায়িত্ব। সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করেনি বলে মাননীয় আদালত যথার্থভাবেই তদন্ত প্রতিবেদন গ্রাহ্য করেননি। গত বছরের ১৮ সেপ্টেম্বর অধিকতর তদন্তের আদেশ দিয়ে ঢাকা মহানগর হাকিম মামলাটি যত্নসহকারে তদন্তের জন্য ডিসি ডিবিকে (পশ্চিম) আদেশ দিয়েছেন। সেই আদেশের পরও সাড়ে ছয় মাস চলে গেছে। কিন্তু তদন্তকাজ এগোয়নি। এটি আদালতের আদেশকে অগ্রাহ্য করা, যা রাষ্ট্রীয় বাহিনীর কোনো সদস্য করতে পারেন না।
সম্প্রতি চট্টগ্রামে যুবদলের এক নেতার মৃত্যুর ঘটনা তদন্তে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হলে তারা যেহেতু অভিযোগটি তাদের বিরুদ্ধে, সেহেতু সিআইডি বা অন্য কোনো সংস্থা দিয়েই তদন্ত করার আবেদন জানিয়েছে। এটি তাদের দায় এড়ানো কিংবা মামলাটি ধামাচাপা দেওয়ার অন্য কৌশলও হতে পারে।
তবে আমরা মনে করি, পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তের ভার পুলিশ সদস্যদের দিলে প্রকৃত সত্য উদ্ঘাটিত না হওয়ার আশঙ্কাই বেশি থাকে। অনেক ক্ষেত্রে অপরাধীদের শনাক্ত করা যায় না। এ কারণে পুলিশের আইন সংস্কারের যে সুপারিশ করা হয়েছিল, তাতে তদন্ত দল ও আইন প্রয়োগকারী সংস্থাকে আলাদা করার কথা বলা হয়েছিল। তিন কিশোর এবং যুবদল নেতাকে হত্যার অভিযোগ যেহেতু পুলিশের বিরুদ্ধে, সেহেতু এগুলোর বিচার বিভাগীয় তদন্ত হওয়াই শ্রেয়। আর আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্থায়ী ব্যবস্থা হিসেবে প্রয়োজন আলাদা একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলা।