ভুল করেছে প্রশাসন ও পুলিশ, কিন্তু চার বছর ধরে তার খেসারত দিয়ে চলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। প্রশাসন তার ভুল শোধরালেও চার বছর যাবৎ পুলিশ তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। এতেই বোঝা যায়, প্রশাসন কী রকম তদন্ত করে ‘শাস্তি’ দেয় আর পুলিশ কোন মানের অনুসন্ধানের ভিত্তিতে অভিযোগপত্র দাখিল করে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সচেতন ও অসচেতন উভয়ভাবেই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে ফেলা চলছে।
২০১১ সালে ছাত্রলীগের দুই পক্ষ মারামারি করে এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে মামলা দেয়। সেই মামলার ভিত্তিতে বহিষ্কৃতদের মধ্যে ছিলেন আরিফুল ইসলাম নামের এক ছাত্র। অথচ ওই ঘটনায় জড়িত মোহাম্মদ আরিফ হোসেন নামের আরেক ছাত্র। কিন্তু ছাত্রলীগের যে নেতা মামলা করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নাম ধরে ধরে যাঁদের শাস্তি দিয়েছে এবং পুলিশের যে কর্মকর্তা তদন্ত করেছেন, তাঁদের কেউই প্রকৃত সত্য জানার চেষ্টা করেননি। তা যদি করতেন, তাহলে এক আরিফের জায়গায় আরেক আরিফকে ভুগতে হতো না।
প্রশাসন ও পুলিশের ভুল, খেসারত দিচ্ছে নিরপরাধ ছাত্রআরিফের আবেদনের ভিত্তিতে প্রশাসনের শাস্তির তালিকা থেকে নাম কাটানো হলেও পুলিশের খাতায় আরিফুলের পরিচয় ‘আসামি’। ছাত্রলীগের যে নেতা মামলা করেছিলেন কিংবা যে প্রশাসনের ভুলের পথে পুলিশও পা বাড়িয়েছিল, তারাও নিরীহ ছাত্রের ভোগান্তির কথা মাথায় রাখেনি। ক্ষমতায় বেসামাল বা সতর্ক না হলে কী হয়, এটা তার ছোট উদাহরণ।
প্রায়ই গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে নিরীহ লোকদের পুলিশি হয়রানির অভিযোগ আসে। এমনকি কেবল নামের মিলের জন্য শাস্তিভোগ থেকে শুরু করে জীবন হারানোর ঘটনাও বিরল নয়। আবার সচেতনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকর কিংবা র্যাবের গুলিতে পা হারানো লিমনের মতো নিরপরাধ যুবকদের অপরিমেয় ক্ষতির ঘটনাও আছে।
যাঁরা ক্ষমতাধর, ক্ষমতার নিয়ন্ত্রণ যাঁদের হাতে, কাউকে শাস্তি দেওয়ার আগে তাঁরা যেন সতর্ক হন। বিচার যদি নির্বিচারে পর্যবসিত হয়, তাহলে আইনে আস্থা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।