অহরহ নারীর ওপর ধর্ষণ ও হত্যার ঘটনা চলে আসছিল। কিন্তু সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় ঘুরে দাঁড়িয়েছে সমাজের প্রায় সব অংশ। সরব আন্দোলন না হলে তনু হত্যার ঘটনাটি ধামাচাপা পড়ে যাওয়ার ঝুঁকিতে ছিল। প্রথম দফায় ত্রুটিপূর্ণ ময়নাতদন্ত ও আলামত নষ্টের নজির তা-ই বোঝাচ্ছে। এই নির্দয় ঘটনার হোতাদের সম্পর্কে সব সত্য প্রকাশিত হোক, অপরাধীরা শাস্তি পাক, এটাই দেশবাসীর দাবি। আইন ও নীতির জয়ের জন্যও এটি জরুরি।
জনমতের চাপে সোহাগীর লাশ তুলে ফের ময়নাতদন্ত হয়েছে। এই তদন্ত প্রতিবেদনের ওপর ভর করেই প্রাথমিক তদন্তকাজ এগিয়ে যাবে আশা করি। কিন্তু উদ্বেগের বিষয় হলো মূল অপরাধীদের আড়াল করার কৌশলী চেষ্টার কথা গণমাধ্যমে আসছে। অতীতে স্পর্শকাতর মামলায় ক্ষমতাশালী গোষ্ঠীর আত্মরক্ষার চেষ্টার অংশ হিসেবে ‘জজ মিয়া’ কাহিনির জন্ম হয়েছিল। সংগত কারণেই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, ‘জজ মিয়া কাহিনি হলে কেউ গ্রহণ করবে না।’
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর কোনো সুযোগ যাতে না থাকে, তা দেখতে হবে সংশ্লিষ্টদের। বারবার তদন্তকারী কর্তৃপক্ষ বদল, শোকে বিপর্যস্ত পরিবারকে নিয়ে অস্বাভাবিক কর্মকাণ্ডের কারণে সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে জনমনে উৎকণ্ঠা ও সংশয় তৈরি হওয়া অসংগত নয়। সুষ্ঠু বিচারের বাধা দূর করার ক্ষেত্রে নাগরিক নজরদারি জারি থাকা প্রয়োজন।
ঘটনার পর ১২ দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডটি ধর্ষণমূলক কি না, নিশ্চিত হওয়া যায়নি। সবাইকেই মনে রাখতে হবে, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন ও ধর্ষণের শীর্ষে তনুর ঘটনায় দেশবাসী কঠিন মানসিক ধাক্কা অনুভব করেছে। কঠিন মনোভাব নিয়েই সবাই এখন বিচারের অপেক্ষা করছে। এ অবস্থায় অপরাধীদের পার পাইয়ে দেওয়ার চেষ্টা বুমেরাং হতে বাধ্য। নিজেদের মধ্যে ঘাপটি মারা খুনিকে নিয়ে কোনো প্রতিষ্ঠান বা সমাজ নিরাপদ ও মর্যাদাবান থাকতে পারে না। এই সত্যটি সবারই অনুধাবন করা যেমন প্রয়োজন, তেমনি ব্যক্তির দায় সমষ্টি ও প্রতিষ্ঠানের ওপর চাপানোর ব্যাপারেও সতর্ক থাকা জরুরি।