দিন যায়, আর তনু হত্যা তদন্তে সৃষ্টি হতে থাকে নতুন নতুন অনিশ্চয়তা। কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্ত হওয়ার পরও পেরিয়ে গেছে ২৯ দিন। কিন্তু এখন পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন দেওয়া হয়নি এবং কবে নাগাদ তা দেওয়া হবে, তারও নিশ্চয়তা কেউ দিচ্ছে না। তনু হত্যার প্রতিবাদে সাড়া জাগানো আন্দোলনের পরও আইনের এমন গতিহীনতা মানা যায় না।
হত্যাটি গোপন হলেও এর তদন্ত প্রক্রিয়ায় প্রকাশ্যেই যে ঘোরপ্যাঁচের আলামত দেখা গেছে, তাতে বিচারহীনতার আশঙ্কা করছেন অনেকেই। তনুর প্রথম ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত লুকানোর অভিযোগ রয়েছে। জনমতের চাপে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফা ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। পুনরায় লাশ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্তও করা হয়। বৃহস্পতিবারের প্রথম আলো জানাচ্ছে, চট্টগ্রামের ফরেনসিক ল্যাব থেকে অনেক আগেই ভিসেরা পরীক্ষার প্রতিবেদন এবং ডিএনএ প্রতিবেদনও চলে এসেছে। এরপরও ময়নাতদন্ত প্রতিবেদন না দেওয়া সন্দেহজনক। এ দায়িত্বে নিয়োজিত কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহার নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ডও স্পষ্ট করে কিছু বলছে না।
ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া পুলিশ অভিযোগপত্র দিতে পারবে না। এই ব্যাখ্যাহীন গাফিলতি চলতে পারা থেকে সন্দেহ হয়, তনু হত্যার তদন্ত ঠিক পথে চলছে না বা চলতে পারছে না। বিষয়টি উদ্বেগজনক। ময়নাতদন্তেই যদি এ রকম অস্বাভাবিক বিলম্ব হয়, বিচারের বেলায় কী ঘটতে পারে, তা সহজেই অনুমেয়। কালক্ষেপণের পরিষ্কার অর্থ দাঁড়াচ্ছে তনু হত্যার বিচার–প্রক্রিয়াকে ব্যাহত করা। এ বিষয়ে সরকারের উচ্চমহলের কিছু নিশ্চয়ই করার রয়েছে। দেশকে আলোড়িত করা মর্মান্তিক হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার না হলে আইনের শাসনের প্রতি আস্থা আরও নেমে যাবে।
সার্বিক বিচারহীনতার সংস্কৃতির মধ্যে তনু হত্যাকাণ্ডের বিষয়টি যেন আরেকটি কালো অধ্যায়ে পরিণত না হয়।