এই প্রশ্নটা সরকারের জন্য একটা আত্মজিজ্ঞাসা হতে পারে: এত কিছু করার পরও চালের দাম কেন কমছে না? বরং কেন চালের বাজারের ঝোঁক চড়ার দিকে? সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সূত্র থেকে সংবাদমাধ্যম বলছে, গত এক মাসে বাজারে মোটা চালের দাম কেজিপ্রতি ১ টাকা বেড়েছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না।
কথা ছিল চালের বাজারের অস্থিরতা কমবে। কারণ, সরকার চালের আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২ শতাংশ করেছে। এভাবে বেসরকারি খাতে চাল আমদানির পথ সুগম করার সঙ্গে সঙ্গে সরকার নিজেও বিভিন্ন দেশ থেকে চাল আমদানির চুক্তি করা শুরু করে। বস্তুত সরকারি ও বেসরকারি উভয় খাত মিলিয়ে ইতিমধ্যে কিছু পরিমাণ চাল আমদানি করা হয়েছে। কিন্তু তার কোনো ইতিবাচক প্রভাব দেশের চালের বাজারে এখনো পরিলক্ষিত হচ্ছে না। বরং চালের বাজার এখনো ঊর্ধ্বমুখীই রয়ে গেছে। কারণগুলো কী হতে পারে?
প্রথমত, খাদ্যনিরাপত্তার ঝুঁকি বা অনিশ্চয়তা দূর করতে সরকার উদ্যোগী হয়েছে বেশ দেরিতে। উদ্যোগী হওয়ার পরও খাদ্য মন্ত্রণালয়ের কাজকর্ম অত্যন্ত ঢিমেতেতালায় চলেছে। ১৫ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়ার পরে তিন মাসে আমদানি করে সরকারি গুদামে তুলতে পেরেছে মাত্র ১ লাখ ২৭ হাজার টন। পাশাপাশি দেশের ভেতরে ধান-চাল সংগ্রহের কাজে খাদ্য মন্ত্রণালয় ভয়ানক ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। ফলে সরকারি খাদ্যগুদামে চালের মজুত বাড়ছে না। এত কাঠখড় পোড়ানোর পর এখন পর্যন্ত চালের সরকারি মজুতের পরিমাণ মাত্র ৩ লাখ ২১ হাজার টন। সরকারি মজুতের এই দীন দশাই প্রকৃতপক্ষে চালের বাজারকে অস্থির করে রেখেছে কি না, তা-ও ভেবে দেখার বিষয়। কারণ অর্থনীতিবিদেরা বলেন, সরকারি গুদামে চালের মজুত ৬ লাখ টনের নিচে নামলে বাজারে তার নেতিবাচক প্রভাব পড়ে।
চালকলমালিক ও চাল ব্যবসায়ীদের কাছে অন্তত ১ কোটি টন চাল আছে বলে ধারণা করা হচ্ছে। তাঁরা সরকারের কাছে চাল বিক্রি করতে উৎসাহী নন। কারণ, সরকারের নির্ধারিত ক্রয়মূল্য কেজিপ্রতি ৩৩ টাকা, অর্থাৎ বাজারমূল্যের অনেক কম। তাঁরা সরকারকে দাম বাড়িয়ে কেজিপ্রতি ৩৫ টাকা করার আহ্বান জানিয়েছিলেন। সরকার যদি নিজে বিদেশ থেকে
৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে চাল আমদানি করতে পারে, তাহলে দেশের ভেতর থেকে ৩৫ টাকা কেজি দরে চাল সংগ্রহ করতে সমস্যা কোথায়?
এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সরকারি-বেসরকারি উভয় খাতে চাল আমদানির প্রক্রিয়া আরও গতিশীল করা প্রয়োজন।