তবু পথ চলছেন পাকিস্তানি নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০২ সাল। বিশ্ববিদ্যালয়ে ঢুকে বিশ্বের তাবৎ বিষয়ে মাথা ঘামাতে শুরু করেছি। এমন সময় খবরের কাগজগুলোতে প্রকাশিত পাকিস্তানের একটি খবরে কেঁদে ওঠে মন। খবরটি দেশটির এক নারী ‘মুক্তারান বিবি’কে (পরে যিনি মুক্তার মাই নামে পরিচিতি পান) নিয়ে। ‘অনার রেপ’, যার বাংলা করা যেতে পারে, ‘সম্মান বাঁচাতে ধর্ষণ’-এর শিকার হন ৩০ বছরের ওই নারী। পাকিস্তানের মুজাফফরাবাদ জেলার প্রত্যন্ত মিরওয়ালা গ্রামে পঞ্চায়েতের নির্দেশে ছয় পুরুষের একটি দল ধর্ষণ করে তাঁকে। বেলুচ বংশোদ্ভূত তাতলা গোত্রের এই নারীর অপরাধ ছিল, তাঁর কিশোর ভাই নাকি স্থানীয় মোস্তায়ি গোত্রের এক মেয়ের সঙ্গে প্রেম করেছে। মোস্তায়ি গোত্রটি ছিল তাতলার চেয়ে ধনী ও প্রভাবশালী। কাজেই মোস্তায়ি গোত্রের সম্মানহানি হয়েছে। গোত্রের সেই হারানো সম্মান ফিরে পেতে মুসলিম শরিয়াহ আইন ‘চোখের বদলে চোখ’-এর বিধান মেনে পঞ্চায়েতে রায় হয় ‘ইজ্জতের বদলে ইজ্জত’ নিতে হবে। মোস্তায়ি গোত্রের ইজ্জত বাঁচাতে তাতলা গোত্রের মুক্তারানকে হতে হয় গণধর্ষণের শিকার। এরপর গ্রামবাসীর সামনে দিয়ে তাঁকে অর্ধ-উলঙ্গ অবস্থায় হাঁটানোও হয়।খবরের এ পর্যায়ে যখন বুকের ভেতর দম বন্ধ হয়ে যেতে থাকে, তখন আবার প্রাণ ফিরে পাই মুক্তারানের প্রতিবাদী রূপে। খবরের পাতা থেকেই জানতে পারি, এই নারী লজ্জা, অপমান, শারীরিক কষ্টের বাইরে এসে মাথা তুলে দাঁড়িয়েছেন। প্রতিবাদ জানিয়েছেন পঞ্চায়েত সিদ্ধান্তের। বিচারের দাবিতে দ্বারস্থ হয়েছেন দেশের আদালতের। মুক্তারান আজ নারী অধিকার আন্দোলনের এক সোচ্চার কণ্ঠ। তাঁর খ্যাতি শুধু পাকিস্তানে নয়, বিশ্বজুড়ে। তিনি পেয়েছেন নানা আন্তর্জাতিক সম্মাননা। হয়ে উঠেছেন বিশ্বের পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার অন্যায়, বর্বরতার বিরুদ্ধে একা উঠে আসা এক প্রবল কণ্ঠ।এরপর কেটে গেছে পুরো এক দশক। ইতিমধ্যে ঝিলামে অনেক জল গড়িয়েছে। মুক্তারানও হেঁটেছেন অনেক পথ। পথের টানেই চলতি বছর আমারও যাওয়া হয় মুক্তারানের দেশ পাকিস্তানে। সফরের প্রথম দফায় পা রাখা হয় করাচিতে। এর পর লাহোর আর ইসলামাবাদে। সফরে প্রত্যন্ত এলাকার নারীদের সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ ছিল একেবারেই সীমিত। তার পরও দেশটির তিন প্রধান শহরের নারীদের দেখে, তাঁদের সঙ্গে কথা বলে, এরই ফাঁকফোকরে শহরে আসা প্রত্যন্ত এলাকার কোনো কোনো নারীর সান্নিধ্যে আমার কাছে স্পষ্ট হতে থাকে, ১০ বছর আগের সেই জায়গায় থমকে নেই পাকিস্তানি নারীর জীবন। দুর্গম হলেও পথ হাঁটছেন, সামনে এগোচ্ছেন তাঁরাও।খোঁজ নিয়ে জানতে পারি, এ বছরই পাকিস্তানের সিন্ু্ল প্রদেশের প্রাদেশিক অ্যাসেম্বলি করাচি শহরকেন্দ্রিক দুস্থ ও দরিদ্র নারীদের সহায়তায় একটি বিল পাস করেছে। বিলটির নাম ‘সিন্ু্ল গভর্নমেন্ট সার্ভেন্টস বেনোভেলেন্ট ফান্ড, ২০১২’। এ বিলের আওতায় করাচি শহরের বিধবারা মোটামুটি সম্মানজনক ভাতা পাবেন, যাতে তাঁরা খেয়েপরে বাঁচতে পারেন। পাকিস্তানের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে করাচির রাস্তাঘাটে অপেক্ষাকৃত বেশি নারীকে আপনি চলাফেরা করতে দেখবেন। গত ফেব্রুয়ারিতে দেশটির রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) যখন করাচিতে নারীদের একটি সমাবেশ ডাকে, সে ডাকে ১৯ ফেব্রুয়ারি নারীদের এত বড় শোভাযাত্রা বের হয় যে বিবিসি পর্যন্ত একে বিশ্বের এযাবৎকালের সর্ববৃহৎ শোভাযাত্রা বলে আখ্যায়িত করতে বাধ্য হয়। শোভাযাত্রার স্লোগান ছিল: ‘নারীর ক্ষমতায়ন, শক্তিশালী পাকিস্তান’। সেখানে এমকিউএম প্রধান আলতাফ হুসেন বলতে বাধ্য হন, শক্তিশালী আর অগ্রসর পাকিস্তান পেতে হলে অবশ্যই নারীর ক্ষমতায়ন ঘটাতে হবে।করাচিতে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলটি উঠেছিল শহরের প্রাণকেন্দ্রের হোটেল কন্টিনেন্টালে। হোটেলে পৌঁছে ১৬ মে বেলা ছয়টার দিকে লিফটে দেখা হয় দুই তরুণীর সঙ্গে। তাঁদের সঙ্গী এক দীর্ঘদেহী প্রৌঢ় পুরুষ। তিন দিন ওই হোটেলে থাকাকালে আসা-যাওয়ার পথে ওই তরুণীদের সঙ্গে দেখা হলেও কথার সুযোগ হয়নি। শেষ পর্যন্ত সফরের আনুষ্ঠানিক দায়িত্ব শেষে যেদিন লাহোর যাওয়ার পালা, এর আগের রাতে হোটেল লবিতে আবার দেখা দুই তরুণীর সঙ্গে। এবার তাঁদের সঙ্গী এক তরুণ। আড্ডায় মশগুল তাঁরা। পাশে গিয়ে বসতেই দুই তরুণী উচ্ছ্বসিতভাবে আলাপ জুড়ে দেওয়ার চেষ্টা করেন। ভাষা আর সংস্কৃতির পার্থক্য ডিঙিয়ে আলাপ জমে উঠতে দেরি হয় না। তাঁরা জানান, দুজনই পেশোয়ারের গ্রাম থেকে আসা। বিবিএ শেষ করে ব্যাংকে চাকরি পেয়েছেন। সেই চাকরিরই অংশ হিসেবে ছয় দিনের এক প্রশিক্ষণে এসেছেন করাচিতে। ওই প্রবীণ বৃদ্ধের কথা জিজ্ঞেস করতেই জানান, তিনিও ওই প্রশিক্ষণের একজন অংশগ্রহণকারী। বাইরে কেনাকাটা বা অন্য কোনো প্রয়োজন হলে সঙ্গে যান। এতে তাঁরা নিরাপদ বোধ করেন। ইভ টিজিং কী এই নারীরা জানেন না। তাঁরা বলেন, শপিংয়ে গেলে ছেলেরা তো একটু মজা করেই। তাঁরা অকপটে স্বীকার করেন, এতে তাঁরাও মজা পান। কখনো তাঁরা সাড়া দেন, কখনো দেন না। যেদিন দিতে চান না, সেদিন ওই প্রৌঢ়কে দেখিয়ে বলেন, সঙ্গে বাবা আছে, চুপ। সিন্ু্লর প্রাদেশিক সরকারের তথ্য ও বিদ্যুৎমন্ত্রী সাজিয়া মারির সঙ্গে ১৯ জুন গভর্নর হাউসে আলাপকালে তিনি জানান, এখানকার প্রত্যন্ত এলাকার কৃষিজীবী নারীদের ক্ষমতায়নে সরকারের পক্ষ থেকে প্রতি নারীকে ২৫ একর করে জমি দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ মাসেই (জুন) তাঁর সরকার চাকরির ক্ষেত্রে ২৫ শতাংশ কোটা নারীদের জন্য সংরক্ষিত ঘোষণা করেছে। বিশ্বের পঞ্চম বৃহত্তম মসজিদ লাহোরের বাদশাহি মসজিদ। এখানে ইবাদত-বন্দেগিতে পুরুষদের পাশাপাশি যেমন রয়েছে নারীদের অবস্থান, তেমনি মসজিদজুড়েই দেখা গেল নারীদের স্বচ্ছন্দ বিচরণ। ২০ জুন পড়ন্ত বিকেলে মসজিদের মূল চত্বরে প্রবেশের আগে বিস্তীর্ণ মাঠে পুরুষ দর্শনার্থীদের সঙ্গে দেখা যায়, নারীদের সমান বিচরণ, আড্ডা, কলরব।ওই দিনই কথা হয় লাহোরের ফোর্ট মিউজিয়ামের কিউরেটর শাহ বানুর সঙ্গে। সদ্যই লেখাপড়ার পাট চুকিয়ে যোগ দিয়েছেন এ পদে। নতুন কর্মজীবনের জড়তা থাকলেও দুই ঘণ্টা সময়ের মধ্যে দেখিনি নারী হিসেবে তাঁর মধ্যে কোনো জড়তা। মূলত পুরুষপ্রধান আমাদের এই ১০ জনের প্রতিনিধিদলটিকে যথেষ্ট দক্ষতার সঙ্গেই তিনি ঘুরিয়ে দেখান জাদুঘরের নানা দর্শনীয় উপাদান। তিনি বলেন, বাবা মারা গেছেন আগেই। কিন্তু মা ও ভাইদের কাছ থেকেও লেখাপড়া বা পেশা বাছাইয়ে কোনো বাধা তো নয়ই, বরং সহযোগিতাই পেয়ে এত দূর এসেছেন তিনি। ইসলামাবাদের পাহাড়চূড়ায় মুনাল রেস্টুরেন্টে তো উচ্চবিত্ত নারীদের স্বচ্ছন্দ চলাফেরায় একেবারেই মনে হয় না, পাকিস্তানের যে ছবি আমাদের মনে এটি সেই দেশেরই একটি অংশ। তা ছাড়া শুধু এ রেস্তোরাঁর কথাই বা বলি কেন, করাচি, লাহোর কিংবা ইসলামাবাদ সবখানেই শপিংমল আর রেস্তোরাঁগুলোতে মূলত নারীদের ভিড়ই চোখে পড়ে। দুপুরে কিংবা গভীর রাতে রেস্তোরাঁগুলোতে বাচ্চা-স্বামী নিয়ে ভিড় করছেন নারীরা। দুধের ফিডার নিয়ে কোলের শিশুটিকে রেস্তোরাঁর ভেতরেই ঘুরে ঘুরে খাওয়াচ্ছেন তাঁরা। আবার পরিবারের অন্য কাউকে হয়তো শিশুটির দায়িত্ব দিয়ে নিজে উপভোগ করছেন রেস্তোরাঁর খাবার। এত নারী দেখে অবাক হয়ে যখন সঙ্গী লাহোরের বাসিন্দা আশফাক আহমেদকে জিজ্ঞেস করি, কী ব্যাপার, এখানকার নারীদের হেঁশেলের দায় নেই? জবাবে তিনি হাসতে হাসতে বলেন, এখানে মোটামুটি সচ্ছল সব পরিবারই বাইরের খাবারে অভ্যস্ত। মেয়েদের ওপর তো এমনিতেই সংসার-বাচ্চাকাচ্চা সামলানোর বিরাট চাপ থাকে। তাই খাওয়ার ঝামেলাটা বাইরে সেরে নিলে তাঁদের ওপর চাপ একটু কমে। আমি নিজেও দেখেছি, নারীদের রেস্তোরাঁয় বসে আয়েশ করে গল্প করতে করতে ভোজন সারতে। দেখি রেস্তোরাঁর ভেতরেই শিশুরা কী স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে, খেলছে। কোনো শিশু মায়ের নজর এড়িয়ে কোথাও গেলে সেখানে যে আছেন পুরুষ কিংবা মহিলা, শিশুটিকে আবার নিরাপদে পৌঁছে দিচ্ছেন তার পরিবারের সদস্যদের কাছে কিংবা আদর করে সাবধান করে দিচ্ছেন বিপজ্জনক কোনো বস্তু সম্পর্কে। তার পরও এখানেই শুধু নারী হয়ে নিজের মন আর শরীরের জড়তা ঝেড়ে ফেলে গান গাওয়ায় ১৯ জুলাই খুন হয়েছেন গাজালা জাভেদের মতো সম্ভাবনাময় শিল্পী। দীর্ঘদিন ধরেই তালেবান জঙ্গিরা তাঁকে গান বন্ধ করতে হুমকি দিয়ে আসছিল।৩ আগস্ট বিবিসি সূত্রে জানা যায়, ব্রিটেনে বড় হওয়া ১৭ বছরের মেয়েকে শুধু যথেষ্ট পর্দা মেনে না চলায় তার পাকিস্তানি মা-বাবা খুন করেছেন। এ দেশের মুক্তারান মাই সারা বিশ্বে প্রতিবাদী কণ্ঠের আরেক নাম হয়ে উঠলেও নিজের অধিকার আদায়ে তাঁকে এখনো হতে হয় পদে পদে হয়রানি। তাঁর অতীত এখন সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে উঠলেও ভবিষ্যৎ কী কেউ জানে না। পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত বছরের ১১ এপ্রিল যখন মুক্তারানের মামলায় লাহোর হাইকোর্টের রায়ই বহাল রাখে, তখন আসলে মুক্তারানের সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে আসে পিতৃতন্ত্রের শৃঙ্খল থেকে মুক্তিকামী সারা বিশ্বের নারীদের চারপাশ। সেদিন সুপ্রিম কোর্টের রায়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত ছয়জনের পাঁচজনকেই বেকসুর খালাস দেওয়া হয়। ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন-এর ২৩ এপ্রিল ২০১১ সালে প্রকাশিত এক সংবাদ থেকে আমরা জানতে পারি, দেয়ালে পিঠ ঠেকা মানুষের মতো মুক্তারান আবারও আপিল করেছেন। এরপর মামলাটির আর কোনো অগ্রগতির খবর আমরা পাই না।পাকিস্তান থেকে ফিরে ইসরাত জাহান: সাংবাদিক।