শেষ হয়ে গেল বইপ্রেমীদের প্রাণের মেলা, যে উৎসবটির জন্য সারা বছর অপেক্ষায় থাকেন দেশের কবি, লেখক, মুদ্রক, প্রকাশক ও পাঠক। রাজধানী ঢাকায় বাংলা একাডেমী প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাস ধরে চলা অমর একুশে গ্রন্থমেলায় বই কিনতে ভিড় জমান শুধু রাজধানীর মানুষই নন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন অনেক পাঠক ও পুস্তক ব্যবসায়ীও। ভাষার মাস ফেব্রুয়ারি বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে যখন এই গ্রন্থমেলারও অবসান ঘটে, যেন তার পরদিন থেকেই শুরু হয় পরের বছরের অমর একুশে গ্রন্থমেলার জন্য অপেক্ষা।এবারের একুশে গ্রন্থমেলার প্রথম সপ্তাহ থেকেই দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। বেশ কয়েকটি হরতাল হয়েছে অল্প সময়ের ব্যবধানে; বিক্ষোভ মিছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতাপূর্ণ কর্মকাণ্ডে সাধারণ শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। ফলে গ্রন্থমেলায় প্রত্যাশিত ভিড় হয়নি, বই বিক্রিও কম হয়েছে। শাহবাগ আন্দোলনের কেন্দ্রস্থল বাংলা একাডেমীর অদূরে হওয়ায়, এর প্রভাবও গ্রন্থমেলার ওপর বেশ ভালোভাবেই পড়েছে। বই বিক্রি অন্যান্য বছরের তুলনায় বেশ কম হয়েছে, তবে প্রকাশকেরা সাধারণভাবে এই ক্ষতি মেনে নিয়েছেন। অনেকেই সংবাদমাধ্যমে শাহবাগ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সে কথা স্পষ্ট ভাষায় বলেছেন।গ্রন্থমেলার শেষ সপ্তাহে ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে রহস্যজনক আগুনে পুড়ে যায় ২৭টি প্রতিষ্ঠানের ৪৭টি ইউনিট স্টল। ক্ষতিগ্রস্ত প্রকাশকেরা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে আগুন লেগেছিল, তা কোনো নাশকতা ছিল কি না—এসব তদন্ত হওয়া উচিত। এই অগ্নিকাণ্ড থেকে এটা স্পষ্ট হয়ে উঠল যে একুশে গ্রন্থমেলার অগ্নিনিরাপত্তাব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয়, এটি অবশ্যই আরও জোরদার করতে হবে।একুশে গ্রন্থমেলা আসে বইপ্রেমীদের জন্য উৎসবের আমেজ নিয়ে, উৎসবের মেজাজেই তার অবসান ঘটে। এই মেলা বই পড়ার অভ্যাস গড়ারও একটা বড় উপলক্ষ বৈকি। প্রতিবছরই নতুন নতুন প্রজন্ম এ মেলায় প্রথম আসে। তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠলে আর বয়স্কদের মধ্যে বইয়ের কদর আরও বাড়তে থাকলে বাংলাদেশ ক্রমেই এক আলোকিত সমাজে পরিণত হবে। রাজনৈতিক উত্থান-পতন ও আর্থসামাজিক অস্থিরতা থাকবে। তবু বই পড়ুন। কারণ, বই আমাদের সামনে চলার পথ দেখাবে।