রোববার দিবাগত রাত, মানে সোমবারের প্রথম প্রহরে বইমেলায় সংঘটিত অগ্নিকাণ্ডে ২৫ থেকে ৪০টা স্টল পুড়ে গেছে। কবি টোকন ঠাকুর ফেসবুকে লিখেছেন, ‘আমার প্রথম উপন্যাস চরৈবেতি ও প্রথম গল্পগ্রন্থ জ্যোতি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিল, আমার কবিতার বই ঘামসূত্র পুড়ে শেষ। ছাই হয়ে গেলাম এবার ফাল্গুনে’। জাগৃতি প্রকাশনীর ফয়সাল আরেফিন দীপন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রায় ৪০টি স্টল পুড়িয়ে দেওয়া হয়েছে। স্টলের ছাদের ওপরে গান পাউডারজাতীয় কিছু ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে এবং সেটা দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু জায়গায়, যেন পুরো মেলায় আগুন ছড়িয়ে যেতে পারে।’ সময় প্রকাশনীর ফরিদ আহমেদ আগুন লাগার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন। তিনিও বললেন একই কথা। বইমেলার বিভিন্ন কোণে ছাদের ওপরে আগুন দেখা দিল কীভাবে? আগুন যদি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগে, তাহলে এক কোণে লাগবে। সেটা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে দেখা দিল কেন?ষড়যন্ত্রতত্ত্বে আমি সাধারণত বিশ্বাস করি না। আমার এখনো বিশ্বাস, এই আগুন কেউ লাগিয়ে দেয়নি। এটা কোনো না কোনোভাবে লেগে গেছে। কিন্তু প্রকাশকেরা তা বিশ্বাস করেন না। তাঁরা মনে করেন, আগুন লাগানো হয়েছে।আমার মনে প্রশ্ন জাগে, কে আছে, যে কিনা মানুষ হিসেবে দাবি করবে নিজেকে, আর অগ্নিসংযোগ করতে পারে বইয়ে, বইয়ের মেলায়? বইমেলায় তো সব ধরনের বই আছে, আছে জ্ঞানের বই, আনন্দের বই, বিজ্ঞানের বই, ধর্মের বই। কোরআন শরিফ আছে বইমেলায়, হাদিস শরিফ আছে। কাজী নজরুল ইসলাম আছেন, মীর মশাররফ হোসেন আছেন। জসীমউদ্দীন আছেন, জীবনানন্দ দাশ আছেন। রবীন্দ্রনাথ আছেন, সৈয়দ ওয়ালীউল্লাহ আছেন। হোমার আছেন, হুমায়ূন আছেন। শেক্সপিয়ার আছেন, শরৎচন্দ্র আছেন। আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আছে আমাদের প্রিয় বর্ণমালা অ আ ক খ। আমরা ছোটবেলা থেকেই বইকে আদব জানাতে শিখে এসেছি। বই পড়ে গেলে, বইয়ে পা লাগলে বইটা তুলে নিয়ে আমরা চুমু খাই। মহানবী (সা.) বলেছেন, বিদ্যার্থীর দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। সেই বইয়ে কেউ আগুন ধরিয়ে দিতে পারে? বইমেলায় কেউ আগুন জ্বালাতে পারে? আমার দৃঢ় বিশ্বাস, পারে না। আমাকে তোমরা এ কথা বিশ্বাস করতে বোলো না যে, এটা কেউ লাগিয়ে দিয়েছে। এ রকম উন্মাদ কেউ থাকতে পারে না। বাংলাদেশে এই রকম নৈরাজ্যবাদী একজনও আছে, আমি বিশ্বাস করতে চাই না। আমার বুক ভেঙে আসছে। আমার দুই চোখ ফেটে যাচ্ছে। এমনিতেই মানুষের মৃত্যুর খবর আমি সহ্য করতে পারি না। একজন মানুষ যখন আর্ত হয়, একজন মানুষ যদি মারা যায়, আমি বিবেচনা করতে চাই না যে সে কোন পক্ষের, আমি নজরুলের মতো বলতে চাই, সে সন্তান মোর মার। মানুষের মৃত্যুর খবর পড়ে আমার বুকের ভেতরটা হিম হয়ে আছে। আমি চাই সব হিংসা-বিদ্বেষের অবসান। সব অন্যায়-অবিচারের বদলে ন্যায়বিচার। আমি চাই অপার শান্তি। আমি চাই সেই পরিবেশ, যাতে দেশটাকে উন্নত আলোকিত করে গড়ে তোলার যে মহাকর্মযজ্ঞ মানুষ নিজের উদ্যোগে শুরু করেছে, তা বাধাহীন হয়। ২০ বছরের মধ্যেই বাংলাদেশ একটা সম্পন্ন দেশ হিসেবে গড়ে উঠতে যাচ্ছে, সেই নিশ্চিত সম্ভাবনায় আমার বুকের ভেতরটা আশায় আনন্দে উদ্বেল হয়ে আছে। কোনো ষড়যন্ত্রেই যেন আমরা শান্তি, স্থিতিশীলতার পথ থেকে সরে না যাই। আমাদের নানাভাবে উসকানি দেওয়া হবে, তবু আমাদের বলতে হবে, হানাহানির পথ আমাদের পথ নয়। কারণ দেশটা আমাদের, এই দেশকে আমরা চোখের মণির মতো যত্ন করে রক্ষা করব, কাজেই আমরা চাইব না দেশে উন্নয়নের পথ অবরুদ্ধ হোক, কাজকর্ম-ব্যবসা-বাণিজ্য-শিল্প-সাহিত্য-বিনিয়োগের পথ কণ্টকিত হোক। আমরা নিশ্চিত জানি, বাংলাদেশ উন্নতি করছে, বাংলাদেশ উন্নতি করবে, বাংলাদেশের জয় হবে। আমাদের বুকের ভেতরে এ প্রত্যয় জ্বলজ্বল করছে, আমরা করব জয়, শিগগির।আমাদের নতুন প্রজন্ম জাগ্রত আছে। তাদের আলোকিত হতে হবে। বই না পড়ে নিজের ভেতরে আলো জ্বালানো যায় না। আমার আব্বা ছোটবেলায় আমাদের লাইব্রেরির দরজা খুলে দিয়ে বলেছিলেন, বই পড়ো, যেকোনো ধরনের বই, সবচেয়ে খারাপ বই পড়াও অলসভাবে বসে থাকার চেয়ে ভালো। কারণ, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।বইমেলায় আগুন লেগেছে, আমাদের বর্ণমালা পুড়ে গেছে, আমাদের বড় দুখিনী বর্ণমালা, এই কথা ভাবতেই আমার পাগল পাগল লাগছে। টেলিভিশনের খবরে রাতের অন্ধকারে জ্বলে ওঠা লাল আগুন দেখলাম, বইগুলো সব তাদের আকৃতি ঠিক রেখে চারকোনা রক্তবর্ণ অঙ্গার হয়ে জ্বলছে, কোনো এক প্রকাশক তাঁর স্টলের বইগুলো আগুনের শিখা থেকে বাঁচানোর জন্য বুকে করে নিয়ে ছোটার চেষ্টা করছেন। তারপর ছাই হয়ে গেল বইগুলো। তারপর অর্ধদগ্ধ বইয়ের পৃষ্ঠা পড়ে রইল ধ্বংসস্তূপে। এই দৃশ্য দেখা যায় না। চোখ ফেটে জল বেরিয়ে আসে।সময় প্রকাশনীর ফরিদ আহমেদ বলেছেন, সোমবার মেলা খোলার আগেই ক্ষতিগ্রস্ত স্টলগুলো আবার দাঁড় করানো হবে, বইমেলা চলবে।আসুন, আমরা বইমেলায় যাই। এবার বইমেলায় লোকসমাগম কম হয়েছে, বই বিক্রি নিয়ে বিক্রেতারা হতাশ। আর তিন দিন চলবে বইমেলা, আসুন, এই তিন দিন আমরা বইমেলায় যাই। বই কিনি, যেমন আমরা আগের বছরগুলোয় কিনেছিলাম। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষেরা তাঁদের সারা জীবনের জ্ঞান, অভিজ্ঞতা, উপলব্ধির কথা লিখে রেখে গেছেন বইয়ের পাতায়। আপনি বইমেলায় সক্রেটিসকে পাবেন, আলবেরুনিকে পাবেন। আপনি বইমেলায় রাসেলকে পাবেন, ড. মুহম্মদ শহীদুল্লাহেক পাবেন। আপনি বইমেলায় রবীন্দ্রনাথকে পাবেন, বিল গেটসকেও পাবেন।ধ্বংসের বিরুদ্ধে আমাদের চাই নির্মাণের কর্মচাঞ্চল্য। বিনাশের বিরুদ্ধে চাই সৃষ্টির উৎসব। অজ্ঞানতার অন্ধকারের বিরুদ্ধে চাই জ্ঞানের আলোকশিখা। বই আমাদের পড়তেই হবে। বইমেলায় আমাদের যেতেই হবে।বইমেলা পুড়ে ছাই হয়ে যায়নি। বইমেলা এখনো আছে। চলুন, বইমেলায় যাই। বই কিনি। যার যে রকম বই পছন্দ। হোক না একটা রান্নার বই, তবুও তো বই।আগুন আমাদের জ্ঞানকে ধ্বংস করতে পারবে না, আনন্দতৃষ্ণার অবসান ঘটাতে পারবে না। অন্ধকারে অনন্ত নক্ষত্রবীথির মতো বইয়ের পবিত্র শিখা চিরকাল জ্বলবে মানুষের অন্তরে অন্তরে।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।