প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় একটি ছবি দেখে অবাক হলাম। একদল বিক্ষোভকারীর দিকে পুলিশ একধরনের বিক্ষোভ-নিরোধক ছুড়ে মারছে। এই নিরোধকের সঙ্গে আমার এবং আন্দাজ করি বিক্ষোভকারী সবার, প্রথম পরিচয়। এর নাম তরল গ্যাস। আমরা যারা রান্নাঘরে সিএনজি সিলিন্ডার ব্যবহার করি অথবা সিএনজিচালিত অটোরিকশায় চড়ি, তারা ঘনীভূত অথবা তরল ‘গ্যাসের মহিমা’ কিছুটা হলেও বুঝি। কিন্তু ওই তরল গ্যাস নিঃশব্দে, অদৃশ্যে পোড়ে, নেহাত সিলিন্ডারের বিস্ফোরণ না হলে কাউকে পোড়ায় না। কিন্তু শহীদ মিনারে যাঁরা বিক্ষোভ করছিলেন, তাঁরা এই নতুন তরল গ্যাসের দহন অথবা কামড় কীভাবে নিয়েছিলেন, কোনো কষ্টের অভিজ্ঞতা তাঁদের হয়েছিল কি না, তা ওই ছবির সঙ্গে সংযুক্ত সংবাদে লেখা হয়নি। এবং আমি যেহেতু প্রথম আলো পড়েছি ইন্টারনেটে—অকুস্থল থেকে অনেক ভৌগোলিক দূরত্বে বলে—আমার পক্ষে ব্যাপারটি আন্দাজ করাও কঠিন। এত দিন দেখেছি এ রকম বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ অবস্থায় নিয়ে যেতে পুলিশ। জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। কিন্তু তরল গ্যাস? আমার ধারণা হলো, এই নতুন...এবং কাঁদানে গ্যাস থেকে বিস্তার অনেক বেশি কার্যকর—তরল গ্যাস ব্যবহারের পক্ষে পুলিশের অকাট্য কিছু যুক্তি ছিল। যেহেতু ইন্টারনেট যোগাযোগটা ছিল দুর্বল, খবরের বিস্তারে যাওয়া সম্ভব ছিল না, সে জন্য আমি নিজস্ব কিছু যুক্তি অন্বেষণে নামলাম। আমার ধারণা হলো, অবস্থা বিবেচনায় যেহেতু পুলিশি ব্যবস্থা নেওয়া হয়—যেমন কোনো ম্যাজিস্ট্রেট তখনই গুলি চালানোর নির্দেশ দেবেন, যখন আইনশৃঙ্খলার অবস্থা চূড়ান্ত এবং নিয়ন্ত্রণের অযোগ্য অবস্থায় চলে যায়; কোনো স্কুলে পাঠ্যপুস্তক দেরিতে পৌঁছানোর কারণে ছাত্র-শিক্ষকেরা বিক্ষোভ করলে অবশ্যই গুলি চালানোর আদেশ দেওয়ার কথা কোনো ম্যাজিস্ট্রেট তাঁর দুঃস্বপ্নেও ভাবতেন না, যেহেতু বিক্ষোভকারীরা নিশ্চয় মারাত্মক...কেউ। নিশ্চয় তাঁরা (ক) কোনো উগ্রপন্থী দলের সদস্য অথবা (খ) সরকারবিরোধী আন্দোলনের আদাজল খাওয়া কর্মী অথবা (গ) শহীদ মিনার দখল করতে আসা অপসংস্কৃতির মাঠকর্মী অথবা (ঘ) তরল গ্যাসের কার্যকারিতা পরীক্ষা করার জন্য জমায়েত হওয়া স্বেচ্ছাকর্মী।কিন্তু অনেক কসরত করে যখন বিক্ষোভকারীদের পরিচয় জানতে পারলাম, আমার আক্কেল গুড়ুম হওয়ার অবস্থা হলো। জানলাম, তাঁরা শিক্ষক, আরও নির্দিষ্ট করে বললে এমপিওভুক্তির দাবিতে সারা দেশ থেকে আসা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী। প্রথমে তাঁরা তাঁদের দাবি জানাতে দাঁড়িয়েছিলেন জাতীয় প্রেসক্লাবের সামনে। কিন্তু পুলিশ তাঁদের দাঁড়াতে দেয়নি। কেন দেয়নি, তা আমার বোধগম্য হয়নি। এমন তো নয় যে, তাঁরা লাঠিসোঁটা অথবা আগ্নেয়াস্ত্র নিয়ে সহিংসতা দেখাচ্ছিলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে যখনই যাই, দেখি একটা না-একটা জমায়েত অথবা মানববন্ধন হচ্ছে—বিল ডাকাতিয়া রক্ষা কমিটি থেকে নিয়ে কিংবদন্তি ছাত্রনেতা পল্টু ভাইয়ের মুক্তি চাই কমিটি পর্যন্ত। এরা দাঁড়িয়ে যদি বিক্ষোভ করতে পারে, এমনকি যান চলাচলও বন্ধ করে দিতে পারে কিছুক্ষণের জন্য, তাহলে শিক্ষকদের কেন অনুমতি মেলে না?কিছুক্ষণ ভাবতেই দুটো বিষয় পরিষ্কার হলো। প্রথমত, কেন শিক্ষকদের এত ভয়? এর আগে শাহবাগে তাঁরা জলকামানের সামনে দাঁড়াতে না পেরে আন্দোলনে ইস্তফা দিয়ে চলে গিয়েছিলেন। সেবারও তাঁদের প্রতি পুলিশ কঠিন আচরণ করেছে। তা কি এ জন্য, রাষ্ট্র এখন শিক্ষকের কলমকে সত্যি সত্যি তলোয়ার থেকে বিপজ্জনক কিছু ভাবছে? হয়তো। কিন্তু প্রধানমন্ত্রী তো কিছুদিন আগে কয়েক হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ করে শিক্ষক পরিবারের লাখ লাখ সদস্যের মুখে হাসি ফুটিয়েছেন বলে প্রথম আলোতেই খবর বেরিয়েছিল। তাহলে এমপিওভুক্তির দাবিতে আসা শিক্ষকদের সঙ্গে এমন আচরণ কেন? বিষয়টা মৌলিকভাবেই জটিল।তবে এই জটিলতার ব্যাপারটাও আমার কাছে সুরাহা হয়েছে। কিন্তু তার আগে আমার কাছে পরিষ্কার হওয়া দ্বিতীয় বিষয়টা নিয়ে বলি। শিক্ষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস না ছুড়ে কেন তরল গ্যাস ছোড়া হলো? তার সহজ কারণটা এই: জীবনযুদ্ধে ক্লান্ত শিক্ষকদের কাছে কান্না তো নতুন নয়। কাঁদানে গ্যাস দিয়ে তাঁদের নতুন করে কাঁদিয়ে কী লাভ?সত্যিই তো, এ জন্যই তরল গ্যাস!তবে তরল গ্যাস ছোড়ার পেছনের জটিলতাটা যেভাবে আমার কাছে সুরাহা হলো, তা হলো, পুলিশ যে বলেছে, শিক্ষকেরা শহীদ মিনারে জমায়েত হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমতি নেননি, সমস্যাটা তো সেখানেই। একজন শিক্ষকের পক্ষে এই অনুমতি নেওয়ার ব্যাপারটা না জানা তো ক্ষমার অযোগ্য একটা ব্যাপারই বটে। তাঁদের তো জানার কথা, শহীদ মিনারে প্রতিদিনই যে নানা অনুষ্ঠান হয়, মঞ্চনাটক হয়, নাটকের শুটিং হয়, জুতা পায়ে লোকজন মূল বেদিতে বসে বাদাম খায় নয়তো আড্ডা মারে, প্রেম করে, একুশে ফেব্রুয়ারির রাতে নানা সংগঠন বেদিতে উঠে ফুল দেয় এবং অনেক বেশি প্রাসঙ্গিক, যা নানা সংগঠন বিক্ষোভ-অনশন-প্রতিবাদ কর্মসূচি করে, তারা প্রত্যেকেই প্রক্টরের অনুমতি নেয়। নিশ্চয় নয়। তাহলে এমপিওভুক্তির দাবিতে আসা কিছু হতদরিদ্র শিক্ষকের জন্য কেন এই কঠিন বিধানের ব্যত্যয় হবে? আপনারাই বলুন।সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।