তরুণ প্রজন্মের সচেতনতা বেশি জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মুঠোফোন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুতই বেড়ে চলেছে। এটা দৈনন্দিন জীবনের প্রতিটি শাখার দ্বার উন্মোচন করেছে। তরুণ প্রজন্ম, যাকে আমরা অনেকেই বলি ফেসবুক প্রজন্ম, ব্লগ প্রজন্ম। বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হয়েছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, টুইটার, ব্লগ ও ইউটিউব। জরুরি মুহূর্তে রক্তের জন্য তাই অনেকের শেষ ভরসা হয় অনলাইনের ফেসবুক অথবা ব্লগ। বিভিন্ন রেসিপি, ভ্রমণ, ব্যবসা, বাণিজ্য থেকে শুরু করে হোটেল, স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি, ওষুধ, জার্নাল, আই নিউজ, টিভি, রেডিও, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল বিদ্যা, বই, শপিং, খেলাধুলা, রাজনীতি, ধর্ম, আইন, সংস্কৃতি এবং পরিবহনব্যবস্থার খবর ও তথ্য পাওয়া যায় ইন্টারনেট, ব্লগ এমনকি ফেসবুক থেকেও। দুঃখজনক হলেও সত্য, এর ভালো ও মন্দ দুটো দিকই রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা গুলিয়ে ফেলেছি। সংস্কৃতিতে বিজ্ঞান বোধের অভাব আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ ও সীমাবদ্ধ করে তুলেছে। এ কারণেই অসীম সম্ভাবনার তথ্যপ্রযুক্তি আজ সমাজে সার্বিক দুঃখ ও আতঙ্কের কারণ হয়ে উঠেছে। কিন্তু দোষ কার? তথ্য ও প্রযুক্তির? না যারা তথ্যপ্রযুক্তিকে স্বার্থ লোলুপ দানবীয় প্রবৃত্তি চরিতার্থের জন্য নির্লজ্জভাবে প্রয়োগ করে, তাদের? সবচেয়ে বেশি অসুবিধা হলো সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। সাইবার অপরাধ হলো এমন এক ধরনের অপরাধ, যেখানে কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে অবৈধ বা অনৈতিক কার্যসাধন, ওয়েবসাইট হ্যাকিং, কারও গোপন তথ্য ও বার্তায় অননুমোদিত প্রবেশ, ভাইরাস প্রচলন বা উপস্থাপনা, কারও মানহানিকর অশ্লীল ছবি বা কথা ইলেকট্রনিক আকারে বিতরণ ও প্রকাশ, ইলেকট্রনিক প্রতারণা বা ব্ল্যাকমেল, কারও গোপনীয় অধিকার লঙ্ঘন, কপিরাইট লঙ্ঘন, ই-মেইলের মাধ্যমে কারও মানহানিকর অপবাদ ছড়ানো এবং ই-মেইলের মাধ্যমে কাউকে মৃত্যুর হুমকি দেওয়া। কম্পিউটার ইকোনমিকসের মতে, সাইবার অপরাধের ফলে প্রতিবছর বিশ্বে প্রায় ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বাংলাদেশে বিগত কয়েক বছরে কতগুলো সাইবার অপরাধ জনসমক্ষে দৃষ্টিগোচর হয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে ই-মেইল থেকে মৃত্যুর হুমকি, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে র‌্যাবের ওয়েবসাইট হ্যাকিং, মানহানিকর তথ্য বা ছবি উপস্থাপন এবং সমপ্রতি মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত ট্রাইব্যুনালের ওয়েবসাইট হ্যাকিংও রয়েছে। কিন্তু র‌্যাব সফলভাবে হ্যাকারদের শনাক্ত করতে পেরেছিল। এটাই প্রমাণ করে যে সেদিন আর বেশি দূরে নয় যে বাংলাদেশ সব ধরনের সাইবার অপরাধীকে ধরে ফেলবে। আধুনিক চোরেরা বন্দুক অপেক্ষা কম্পিউটার দিয়ে যেমন অধিক চুরি করতে পারে, তেমনি আগামী দিনের সন্ত্রাসী বোমা অপেক্ষা কি-বোর্ড দিয়ে অধিক ক্ষতিকর কার্যক্রম করতে পারে। ই-মেইল, ফেসবুক ও ব্লগের যুগে বাড়িঘর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিশু ও ছাত্রী নিপীড়ন একটি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। দেশে প্রযুক্তিগত উন্নয়ন এবং জনযোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হলেও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রী নিপীড়ন ও ইলেকট্রনিক ব্ল্যাকমেল রোধে সরকার ও বিটিআরসির ভূমিকা এখনো অপর্যাপ্ত। অধিকারকর্মীদের মতে লজ্জা ও অপমানের ভয়ে অনেক ঘটনা পারিবারিকভাবে চেপে যাওয়ায় ভুক্তভোগীদের সঠিক পরিসংখ্যান জানা কঠিন। অনেক সময় বখাটেরা মুঠোফোনে ছবি ধারণ, শ্লীলতাহানি বা ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে ফটোশপে বিকৃত করে ইন্টারনেটে ছেড়ে দেবে বলে হুমকি দেয় এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেয়েদের নিয়ে খুব নোংরা ব্লগ লিখে, ব্লগের ঠিকানা বিতরণ ও প্রকাশ করে। এ ধরনের ঘটনায় অনেক পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং অনেকে আত্মহত্যাও করে। উন্নত বিশ্বে যৌন হয়রানিতে জড়িত জঘন্য ব্যক্তিদের ভ্রমণপথ ও গতিপথ শনাক্ত এবং হয়রানির ধরন জানানোর জন্য নারীরা ভার্চুয়াল দেহরক্ষীর পাশাপাশি স্মার্টফোনও ব্যবহার করছেন। অবশ্য এ ধরনের ব্যবহারযোগ্য সেবা নিতে জিপিএসসমৃদ্ধ মুঠোফোনের দরকার হয়, যা অনেকের কাছে নেই।এ ধরনের ঘটনা রোধ করতে হলে ইলেকট্রনিক ব্ল্যাকমেলকারীর ই-মেইল, ফেসবুক, ব্লগ সম্পূর্ণভাবে ব্লক বা বন্ধ করতে হবে, নির্যাতনের ঘটনার মামলা রেকর্ড করতে হবে, সাইবার অপরাধী শনাক্ত করে ব্ল্যাকমেলকারীর মডেম ও কম্পিউটার আটকাতে হবে এবং পূর্ণাঙ্গভাবে বিচার করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে। সাইবার অপরাধ ও ইলেকট্রিক ব্ল্যাকমেল বন্ধে একটি পৃথক ও কার্যকর আইন প্রণয়ন করতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও তরুণ সমাজের মধ্যে ইলেকট্রনিক ব্ল্যাকমেল ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। কারও অ্যাকাউন্টে, ব্লগ, ফেসবুক বা ওয়েবসাইটে যদি সরকার রাষ্ট্রবিরোধী, রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক অপপ্রচার এবং মিথ্যা ও উসকানিমূলক তথ্য পাওয়া যায়, তাদের সাইবার অপরাধের কারণে আইনের আওতায় আনতে হবে। তবে সাইবার সন্দেহভাজন অপরাধ পর্যবেক্ষণ করার জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের প্রয়োজনীয় হয়রানি করা থেকে বিরত থাকা উচিত। দেশের ভেতরে তথ্য ও যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা ও সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন দ্বারা গঠিত বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্স রেসপন্স টিমকে সাইবার অপরাধী শনাক্ত করতে আরও কার্যকর করতে হবে। এ ক্ষেত্রে সফল হওয়ার জন্য তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে মিডিয়া এবং আইটি প্রফেশনালদের সামনে এগিয়ে আসতে হবে। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তির আশীর্বাদ থেকে আধুনিক সমাজ পিছিয়ে থাকতে পারে না। আমাদের প্রযুক্তিকে আলিঙ্গন করতেই হবে। এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সঠিক পদক্ষেপ, আইনের যথাযথ ব্যবহার, সর্বোচ্চ নজরদারি, কঠিন শাস্তি ছাড়া সাইবার অপরাধ ও ইলেকট্রনিক ব্ল্যাকমেল কমানো সম্ভব নয়।মো. আমজাদ হোসেন: শিক্ষক ও গবেষক, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর। [email protected]