তরুণদের দিকেই তাকিয়ে আছে দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার পরে ৪২ বছর পেরিয়ে গেছে। সামাজিক, এমনকি অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা এগোলেও রাজনৈতিক সংকট আমাদের পিছু ছাড়ছে না। আর তাতে আর্থসামাজিক ক্ষেত্রে যে রকম অগ্রগতি হতে পারত, তা হচ্ছে না। দেশের মূল সংকট এখানেই। ৪২ বছর আগে মানুষের বীরত্ব ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতা এলেও সাফল্যের মূল কারণ ছিল জাতীয় ঐক্য। বঙ্গবন্ু্লর সাহসী দূরদর্শী নেতৃত্ব আর পাকিস্তান সরকারের শোষণ ও চরম বাঙালিবিদ্বেষী হত্যা-নির্যাতনের ফলে সহজেই দেশে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই আন্দোলন ও যুদ্ধে নেতৃত্ব আওয়ামী লীগ দিলেও দলমত-নির্বিশেষে দেশবাসী ঐক্যবদ্ধ হয়েই স্বাধীনতা এনেছিল। বায়ান্ন থেকে সূচিত ঐতিহাসিক ঘটনা-পরম্পরায় তখন রাজনীতির মূল ভিত্তি হয়ে উঠেছিল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাঙালি জাতীয়তাবাদী চেতনা। সঙ্গে যুক্ত হয়েছিল সে আমলের স্বপ্ন সমাজতন্ত্রের আদর্শ। আওয়ামী লীগের নেতৃত্বে এই ধারার রাজনীতিই একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছে। পাকিস্তানি শাসকদের মনে সত্যি-সত্যিই বাঙালি-বিদ্বেষ ছিল। আইয়ুব খানের আত্মজীবনীসহ নেতা-আমলাসহ মানুষের আচরণ, আরও অনেকের লেখা থেকে আমরা এই মনোভাবের পরিচয় পাই। একাত্তরে যে পশ্চিমা সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তাদের অল্প কিছু মানুষ বাদে, মনের মধ্যে বাঙালির প্রতি অবজ্ঞা ও বিদ্বেষই ছিল প্রবল। ফলে শুরুতে হিন্দু ও আওয়ামী সমর্থকদের মারতে গিয়ে শেষ পর্যন্ত প্রায় নির্বিচারেই বাঙালিদের হত্যা করতে তাদের বাধেনি। একাত্তরের আগে তাদের অবজ্ঞা ও বিদ্বেষের সঙ্গে দেশের সাধারণ মানুষের পরিচয় ছিল না। কিন্তু একাত্তরে তারা পাকিস্তানিদের এই মনোভাব ভালোভাবেই বুঝতে পারে। একদিকে শাসকদের এই অপমানজনক বৈরী আচরণ আর বিপরীতে স্বাধীনতার হাতছানি, একদিকে লাঞ্ছনা ও অবমাননা আর অন্যদিকে গৌরব ও প্রাপ্তি, একদিকে হত্যা-ধর্ষণ-লুণ্ঠন আর অন্যদিকে ত্যাগ ও বীরত্বের এক ঐতিহাসিক অনুপ্রেরণাদায়ী ভূমিকা গ্রহণের সুযোগ। স্বভাবতই অধিকাংশ মানুষ ইতিহাসের দিকনির্দেশনা বুঝতে ভুল করেনি। নেহাত আত্মসম্মানবিহীন দালাল প্রকৃতির মানুষ না হলে এ সময় কারোরই বাংলাদেশের পক্ষে না থেকে পাকিস্তানের পক্ষাবলম্বন সম্ভব ছিল না। ফলে দেখা যায়, সাতচল্লিশের দেশভাগের সময় দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী, মুসলিম জাতীয়তাবাদে উজ্জীবিত এবং জিন্নাহর প্রতি অটল আস্থাশীল ছিলেন বনেদি মুসলিম লীগ সমর্থকও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সমর্থন দিয়েছেন। সাধারণ ধর্মপ্রাণ বাঙালিও তার পক্ষ চিনে নিতে ভুল করেনি। ফলে একাত্তরে এত কিছুর পরও যারা পাকিস্তানি দখলদার সরকারের পক্ষে কাজ করেছে, তাদের প্রতি মানুষের বিন্দুমাত্র আস্থা বা সম্মানবোধ থাকার কারণ ছিল না। তার ওপর যারা হানাদার বাহিনীর সহযোগী হয়ে মুক্তিযুদ্ধে লড়াইরত বাঙালি জাতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিল, হত্যা-ধর্ষণ-লুণ্ঠনে সহযোগী হয়েছিল, তাদের প্রতি কেবল অনাস্থা নয়, মানুষের মনে ঘৃণার মনোভাবও রয়েছে। যুদ্ধকালীন যেকোনো মানদণ্ডে এরা যুদ্ধাপরাধী, দেশদ্রোহী এবং মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী। স্বাধীনতার পরপর এই বিচারের প্রক্রিয়া শুরু হলেও প্রথমত যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন-পুনর্বাসনের অগ্রাধিকার, দ্বিতীয়ত নানান আন্তর্জাতিক চাপ এবং তৃতীয়ত তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের সরকার উৎখাতের ফলে এটা বাধাগ্রস্ত হয়। দিনে দিনে আমরা দেখলাম পঁচাত্তরের হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তি বা একটি সরকারের বিরুদ্ধে সংঘটিত অভ্যুত্থান নয়। এ অভ্যুত্থান ক্ষমতার পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের রাজনীতিতেই পরিবর্তন নিয়ে এল। এই পরিবর্তনের মধ্য দিয়ে যিনি শেষ পর্যন্ত ক্ষমতার কেন্দ্রে এলেন, তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। একাত্তরের বাস্তবতায় বাংলাদেশে অবস্থান করে তাঁর পর্যায়ের বাঙালি সেনা কর্মকর্তার জন্য হয় বিদ্রোহ, নয়তো মৃত্যুবরণ ছাড়া সামনে বিকল্প ছিল না। যে দীর্ঘ ধারাবাহিক গণ-আন্দোলনের মাধ্যমে পূর্ববাংলা মুক্তিযুদ্ধের মঞ্জিলে পৌঁছেছিল, সেই ইতিহাস ও রাজনীতি সম্পর্কে তাঁর ধারণাও ছিল না, শ্রদ্ধাও ছিল না। তিনি পুরোনো পাকিস্তানি আমলের মুসলিম লীগের ধারার রাজনীতিই চালু করলেন। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিস্মৃতিতে ঠেলে দিলেন, প্রয়োজনে বিকৃত করলেন। সেই ধারাকে আরও পোক্ত করলেন তাঁর উত্তরসূরি জেনারেল এরশাদ।নব্বইয়ের গণ-অভ্যুত্থান ও এরশাদের পতন আবারও বাংলাদেশের জন্য ইতিহাসের সঠিক পথ খুঁজে নেওয়ার সুযোগ তৈরি করলেও নির্বাচনে বিজয়ী বিএনপি ক্ষমতায় এসে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক পথেই চলেছে। ফলে টানা ২০ বছর ধরে বাংলাদেশে যে রাজনীতি সরকারের সমর্থন ও পৃষ্ঠপোষকতা পেয়েছিল, তা মুক্তিযুদ্ধের গৌরব, বাঙালির সাংস্কৃতিক গৌরব এবং পাকিস্তান আমল ও একাত্তরে পাকিস্তানি সরকার, সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের ভূমিকা সম্পর্কে ছিল নিশ্চুপ। তারা সেই পুরোনো প্রথায় ইসলাম বিপন্ন বলে ধুয়া তুলে মানুষের ভারতবিরোধী ভাবাবেগকে চাঙা রেখেছে, আওয়ামী লীগ ও প্রগতিশীল সংস্কৃতিচর্চাকে হিন্দুয়ানির দায়ে প্রশ্নবিদ্ধ করে রেখেছে। আমরা জানি, এ সবই পাকিস্তান আমলে মুসলিম লীগ সরকারের পুরোনো কৌশল। সে রাজনীতি ও তার আনুষঙ্গিক সাংস্কৃতিক প্রচারণা, ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই স্বাধীন বাংলাদেশের পথ রচনা করতে আমাদের ২৪ বছর সময় লেগেছিল। স্বাধীন বাংলাদেশে তারও চেয়ে বেশি সময় লাগছে। আমরা যদি তরুণ প্রজন্মের নেতৃত্বে সম্প্রতি দেশব্যাপী সৃষ্ট গণজাগরণকেই একাত্তরের চাহিদা ও গণ-আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আশার তাৎপর্যপূর্ণ প্রয়াস হিসেবে দেখি, তাহলে পঁচাত্তরের পরে প্রায় চার দশক সময় লেগে গেছে বলা যায়—মাঝখানে ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও। এ বাস্তবতার কারণ প্রথমত দেখা যাচ্ছে, স্বাধীনতার পর থেকেই যেন দেশ গড়ায় দলের ভূমিকা ও করণীয় সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্ব ছন্দ হারিয়েছিল; তাদের কর্মীরা অনেকেই বিজয় ও ক্ষমতার ভাগ নিতে ব্যস্ত হয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর মতো নেতাও এ সময় দেশ পরিচালনায় রীতিমতো হিমশিম খেয়েছেন এবং সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। দ্বিতীয়ত, এই দীর্ঘ সময়ে অন্তত দুটি প্রজন্ম বড় হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, এর নায়ক এবং দেশ ও সংস্কৃতি সম্পর্কে ঔদাসীন্য, অজ্ঞতা নিয়ে। তৃতীয়ত, গণবিরোধী ক্ষমতান্ধ স্বৈরাচারদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম চালাতে, সমানতালে তাদের মোকাবিলা করতে এবং নিজেদের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে আওয়ামী লীগেও উত্থান ঘটেছে, প্রভাবশালী হয়েছে নব্য ধনী, কালোটাকার মালিক, মাঠপর্যায়ে মাস্তানিতে দক্ষ নেতা ও কর্মীরা। তাতে আঞ্চলিক পর্যায়ে প্রকৃত রাজনীতিকেরা দলে কোণঠাসা হয়েছেন, এমনকি কেন্দ্রেও। এ ধরনের নেতাদের বেপরোয়া কার্যকলাপের—যার মধ্যে অপরাধ ও দুর্নীতি প্রধান—দায় আওয়ামী লীগকেই নিতে হবে। স্বৈরাচারদের মোকাবিলার কৌশল থেকে যে নেতা-উপনেতার সৃষ্টি হয়েছে, তাঁদের হয় সময়মতো আদর্শিক রাজনীতিতে দীক্ষিত করা উচিত ছিল, নয়তো সময়মতো দলে নিষ্ক্রিয় করার উদ্যোগ নিতে হতো। কিন্তু বর্তমান নেতৃত্ব সে দিকে মনোযোগ দেননি। ফলে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসেও বাঙালি সংস্কৃতি বেগবান হয় বটে কিন্তু টেন্ডারবাজি, দখলদারিসহ ক্ষমতার অপব্যবহারও একইভাবে চলতে থাকে। তাতে মানুষ তো স্বস্তি পায় না, তার শঙ্কা কাটে না। সাধারণ মানুষ দৈনন্দিন জীবনসংগ্রামের চাপে ব্যতিব্যস্ত থাকে, তাদের কাছে রাজনৈতিক আদর্শ ছাপিয়ে গুরুতর হয়ে ওঠে এর সঙ্গে সংশ্লিষ্ট উৎপাত। ফলে তারা বিএনপি-আওয়ামী লীগে পার্থক্য করে না। এ বছর ফেব্রুয়ারিতে আমাদের চমকে দিয়ে নতুন প্রজন্ম আবার ফিরিয়ে আনল মুক্তিযুদ্ধের চেতনা। একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিই তাদের মুখ্য দাবি। আর তাদের এই আন্দোলনে সারা দেশে সেই একাত্তরের মতোই গণজাগরণ ঘটতে দেখে মানুষের মধ্যে কেবল যে আশা জেগেছে তা নয়, তারা একাত্তরের মতোই ঐক্যবদ্ধ হতেও প্রস্তুত। কিন্তু সমস্যা হলো, নানা রকম সুবিধাবাদী ও আপসের রাজনীতিতে অভ্যস্ত বড় দুই দলের আচরণে। মানুষের মনের আশা অনেককাল ধরেই আশঙ্কার ধূলিতে মলিন। জানি আদর্শের প্রশ্নে এ ক্ষেত্রে বিএনপি ও আওয়ামী লীগকে এক কাতারে রাখার অবকাশ নেই। কারণ, বিএনপি নেত্রীও সেটা বুঝিয়ে দিয়েছেন। বিদেশ থেকে ফিরেই স্পষ্টভাবে তিনি যুদ্ধাপরাধীদের পক্ষে ও তরুণদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগ তরুণদের সমর্থন দিয়েছে। কিন্তু তরুণেরা যে জাতীয় ঐক্য তৈরির সুযোগ সৃষ্টি করেছে, সনাতন দূষিত রাজনীতিকে প্রত্যাখ্যান করে নতুন শুদ্ধ রাজনীতির আবাহন জানিয়েছে, তারা কি সেটা শুনতে পেয়েছে, তাকে গ্রহণ করেছে? নাকি ক্ষমতার রাজনীতির সংকীর্ণ আশু লাভের হিসাব কষে কৌশলের খেলা খেলছে? মানুষ এ বিষয়ে স্পষ্ট কোনো বারতা পায়নি। ফলে ক্ষমতার রাজনীতির আরেকটি সম্ভাব্য কোনো ভয়ংকর খেলার অনিশ্চয়তার মুখেই দেশ দাঁড়িয়ে আছে কি না, সেই আশঙ্কা কেবল জোরদার হয়। স্বাধীনতার ৪২ বছর পরে এই অনিশ্চয়তা, এমনকি আশঙ্কা নিশ্চয়ই হতাশাজনক। সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে অগ্রগতি, তা এই হতাশা ও আশঙ্কাকে ঢাকতে পারে না। কালো মেঘের নিচে রুপালি রেখার মতো শুধু দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের স্বপ্ন ও শপথটুকু। তরুণেরা নিশ্চয়ই জাতিকে হতাশ করবে না। এবারের স্বাধীনতা দিবস পালিত হবে তরুণদের জাগরণ ও নেতৃত্বের দিকে তাকিয়ে।আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।