জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিবেদনে বাংলাদেশকে যে তরুণদের দেশ হিসেবে অভিহিত করা হয়েছে, সেটি একটি বড় সুযোগ। এখন জনসংখ্যার ৪৯ শতাংশেরই বয়স ২৪ বছরের কম। যেকোনো দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য কর্মক্ষম জনশক্তিই সবচেয়ে বেশি ও কার্যকর অবদান রাখতে পারে। বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যা (১৫ থেকে ৬৪ বছর বয়সী) ১০ কোটি ৫৬ লাখ, যা মোট জনসংখ্যার ৬৬ শতাংশ। ২০৩০ সালে এটি বেড়ে দাঁড়াবে ১২ কোটি ৯৮ লাখে, যা মোট জনসংখ্যার ৭০ শতাংশ।
এই যে তরুণদের বাংলাদেশ, তার সুযোগটি আমরা কীভাবে কাজে লাগাতে পারি? তরুণদের কাজে লাগানোর উপায় হলো প্রথমত তাঁদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত তাঁদের মেধা ও শিক্ষার সর্বোচ্চ সদ্ব্যবহার। ইউরোপ, আমেরিকা এবং চীন ও জাপানসহ যেসব দেশ দ্রুত অর্থনৈতিক উন্নতি করেছে, তারা তাদের জনশক্তির সদ্ব্যবহার করেছে দেশের ভেতরে ও বাইরে। এমনকি আমাদের প্রতিবেশী ভারত ও শ্রীলঙ্কাও এ ক্ষেত্রে বেশ সাফল্য দেখিয়েছে। কিন্তু শিক্ষার হার বাড়লেও আমরা দেশের বর্ধিত চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে পারিনি। বিদেশে কর্মরত জনশক্তিরও বেশির ভাগ অদক্ষ।
আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা যুগের চাহিদা মেটাতে পারছে না বলেই বিশ্বে শিক্ষিত বেকারের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। প্রতিবছর বর্ধিত হারে যে তরুণেরা শ্রম বাজারে আসছেন, তাঁদের কাজে লাগাতে হলে শিক্ষাব্যবস্থায় যেমন বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে, তেমনি বাড়াতে হবে কর্মসংস্থানের পরিধিও। বর্তমানে দেশে প্রতিবছর ছয় লাখ লোকের কর্মসংস্থান হয় বলে পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে জানানো হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অন্যদিকে দেশে নারীশিক্ষার হার বাড়লেও এখনো কর্মক্ষেত্রে তাদের উপস্থিতি নগণ্য।
শ্রমশক্তির মান উন্নয়ন করতে না পারলে জনসংখ্যাতাত্ত্বিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ট) বোঝা হয়ে দেখা দিতে পারে বলে বিশেজ্ঞরা যে আশঙ্কা করছেন, তা উড়িয়ে দেওয়া যায় না। তাই, বর্ধিত কর্মশক্তির সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে চাই টেকসই পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন।