তরুণদেরই বদলে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লি এক বিস্ময়কর ঘটনার সাক্ষী হলো: বিত্তবান পরিবারের ছেলেমেয়েরা প্রতিবাদে নেমে আসছে রাজপথে। তারা ওই ২৩ বছর বয়সী তরুণীকে ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করছিল। এমন না যে এই প্রথম কোনো মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পর রাস্তায় ফেলে দেওয়া হলো। এমনকি যাদের সঙ্গে এদের চলাফেরা, এই মেয়েটি সেই এলিট শ্রেণী থেকেও আসেনি। সমাজের ওপর মহলের সহ্যসীমার বাইরে চলে গিয়েছিল দিল্লির এই ধর্ষণ। তারা মনে করেছে, এভাবে আর চলতে দেওয়া যায় না। অজানা কোনো সৈনিকের স্মৃতিতে নির্মিত ইন্ডিয়া গেটের প্রশস্ত চত্বরে শিক্ষার্থী, সব বর্ণ ও ধর্মের ছেলে ও মেয়েরা সেখানে মোমবাতি জ্বালিয়ে সমবেত হয়েছিল। তারা চেয়েছিল ত্বরিত পদক্ষেপ এবং অপরাধীর দ্রুত শাস্তি। পরিণামে, এই প্রতিবাদ পরিণত হয় যুগ যুগ ধরে নারীর ওপর চলে আসা বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে। সত্যি, ধর্ষণের মামলায় শাস্তি দিতে বছরের পর বছর লেগে যায়। তা হলেও প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং সর্বময় ক্ষমতার অধিকারী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ঘোষণা করেছেন, দোষীদের দ্রুতই বিচারের মুখোমুখি করা হবে। এমনকি এ ধরনের অপরাধের দ্রুত-বিচার আদালত প্রতিষ্ঠারও প্রতিশ্রুতি এসেছে। দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও গঠিত হয়। ধর্ষণবিষয়ক আইন ও শাস্তির মাত্রায় সংস্কারের উদ্দেশ্যে ভারতের সাবেক প্রধান বিচারপতি জে সি ভার্মাকে প্রধান করে একটি কমিশনও গঠিত হয়। শিক্ষার্থীরা ধর্ষকদের মৃত্যুদণ্ড অথবা খোজাকরণ দাবি করেছে। এত কিছুর পরও অদ্ভুত লাগে, সরকার কেবল চাপে পড়লেই নড়েচড়ে। আবার তারাই প্রতিবাদে আতঙ্কিত হয়ে দিল্লি গেটের দিকের সব সড়ক অনেক দিন বন্ধ করে রাখে, বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর জলকামান ছোড়ে এবং ব্যারিকেডের পেছনে পুলিশকে দাঁড় করায়। সেই লাঠিপেটা ব্যাপকভাবে নিন্দিত হয়। হয়তো কিছুই বদলাবে না। এখনো সরকার বুঝতে পারছে না, উচ্চবিত্তের ছেলেমেয়েদের প্রতিবাদে রাস্তায় নেমে আসার মধ্যে অন্য রকম একটা বার্তা আছে। সেই বার্তা হলো: তারা বিদ্যমান ব্যবস্থাকেই প্রশ্ন করছে। তারা কোনো দল করে না, তারা কোনো আদর্শের ধ্বজাধারী বলেও ঘোষণা করেনি। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময়ও তারা ছিল নেতৃত্বহীন। তারা সবাই চাইছিল তাদের কথা শোনা হোক, যদিও কমবেশি তারা একই কথা বলছিল: তারা চাইছিল ধর্ষকের মৃত্যুদণ্ড। এটা এক নতুন পরিস্থিতি। এটা বোঝায় যে, শিক্ষার্থীরা সহজেই উত্তেজিত হয়। এর জন্য দরকার একটা ম্যাচের কাঠি এবং এক উসকানিদাতা, যে তাদের হতাশা ও ক্ষোভকে আগুনে পরিণত করতে পারবে। রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশের ব্যবহার মানে তাদের নির্যাতকের দলে পরিণত করা। শাসকেরাই এটা করছে। কোনো গণতান্ত্রিক সমাজ এমনটা চলতে দিতে পারবে না। দিল্লি এবং অন্যান্য শহরে যেসব বিক্ষোভ হয়েছে তা পরিষ্কারভাবে ব্যবস্থার ব্যর্থতা প্রমাণ করে। সরকার প্রমাণ করেছে, পরিস্থিতির প্রয়োজনে সাড়া দিতে তারা অক্ষম এবং রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষ দিতেই ব্যস্ত। এমনকি দলের ক্যাডারদেরও তারা অপরাধমূলক তৎপরতা থেকে বিরত রাখতে ব্যর্থ। বিত্তবানদের সন্তানদের তাই প্রতিবাদের থেকেও বেশি কিছু করা উচিত। তাদের উচিত রাজনীতিতে যোগ দিয়ে সরকার ও বিরোধী দল যত জঞ্জাল জমিয়েছে, সেগুলো পরিষ্কার করা। এই দলগুলো ভোটের ফায়দা ছাড়া আর কিছু বোঝে না। পুলিশ-পলিটিশিয়ান নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থার মধ্যে মূল্যবোধের সঞ্চার ঘটানো খুবই কঠিন কাজ। একবার মূল্যবোধ হারিয়ে গেলে ফিরিয়ে আনা কঠিন। কিন্তু কোনো বিকল্প যেখানে নেই, সেখানে এটাই আমাদের করতে হবে। রাজনীতিবিদদের প্রধান সমর্থক জনগণ নয়, পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষার বদলে পুলিশ এঁদেরই রক্ষা করে। পুলিশকে ঠিক করতে হলে তাদের রাজনীতির প্রভাবমুক্ত করতে হবে, তাদের স্বাধীন করতে হবে। পাঞ্জাব আর হরিয়ানায় পুলিশ তো মোটামুটি মুখ্যমন্ত্রীদের ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছে। ছাত্রছাত্রীরা ব্যবস্থাকে পরিষ্কার করতে পারবেন, তবে এর জন্য তাদের সুবিধাভোগীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেভাবে তারা দিল্লির রাস্তায় নেমে এসেছে, তা ইঙ্গিত করে যে, তারা পুরাতনের শিকল ভেঙে রাজনীতিবিদদের সিংহাসন উচ্ছেদ করতে চায়। কিন্তু আবার যখন তারা তাদের সুখস্বাচ্ছন্দ্যের জীবনে ফিরে যায়, তখন পরিস্থিতি আরও খারাপ হয়। কারণ, মাঠ ছাড়ার মধ্যে দিয়ে যে আশার সামান্য প্রদীপটা তারা জ্বালিয়েছিল, সেটাও তো নিভে যায়। গণমাধ্যমেরও উচিত নিজেদের ভূমিকার পুনর্মূল্যায়ন করা। তারা আইনের বরখেলাপ তুলে ধরে দারুণ কাজ করেছে। কিন্তু একই সঙ্গে দর্শকদের টানার জন্য এমন অনেক কিছু তারা দেখিয়েছে, যা কোনোমতেই উচিত নয়। আত্মনিয়ন্ত্রণই উত্তম পন্থা, কিন্তু মিডিয়ার একটি অংশ যৌনতাকে পুঁজি করে, নারীকে পণ্য বানায়। তাদের উচিত নিজেদের পদক্ষেপগুলো পুনর্বিবেচনা করা। ইংরেজি থেকে অনূদিতফারুক ওয়াসিফ: সাংবাদিক।[email protected]