তরুণেরাই পারেন বদলে দিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম শহরের সবুজপাড়ার ভেতর দিয়ে হরিকেশ হয়ে হলোখানার দিকে যেতে খলিফার মোড় থেকে বাঁয়ে নেমে যাওয়া কাঁচা রাস্তা ধরে এগোলেই আরাজি পলাশবাড়ি গ্রাম। গ্রামের ঘরবাড়ির চেহারা বোঝা যায়, দারিদ্র্য কতটা কাবু করে রেখেছে গ্রামবাসীকে। তবু এখানকার শত শত দরিদ্র পরিবারের উঠতি বয়সী ছেলেমেয়েরা সুখের ভবিষ্যৎ গড়ে তোলার সংগ্রামে ঐক্যবদ্ধ। আরাজি পলাশবাড়ি তো বটেই, পুরো হলোখানা ইউনিয়নকেই বদলে দিতে উঠে পড়ে লেগেছেন এই গ্রামের কয়েকজন স্বপ্নবান তরুণ।এই স্বপ্নের বীজ রোপণ করেছিলেন শামীম নামের এক যুবক, ২০০১ সালের দিকে। শামীম তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়েন। গ্রামের ৮০ ভাগ মানুষই তখন নিরক্ষর। মেয়েদের অবস্থা সবচেয়ে শোচনীয়। ১২-১৩ বছর বয়সেই মেয়েদের বিয়ে হওয়া সাধারণ ঘটনা। গ্রামবাসী কেউ ক্ষুদ্র কৃষক, কেউ ছোট ব্যবসা; বেশির ভাগেরই পেশা দিনমজুরি, ঠেলাগাড়ি ঠেলা, রিকশা চালানো ইত্যাদি। একবার ছুটিতে এসে গ্রামের ছোট ভাইদের সঙ্গে নিয়ে শামীম বাড়ি-বাড়ি খোঁজ নিলেন, জানলেন, গ্রামের ৯০ ভাগ ছেলেমেয়েই পড়াশোনা শেষ করে না। বেশির ভাগই ঝরে পড়ে প্রাথমিক বিদ্যালয় শেষ না করেই। হাতেগোনা যারা শেষ করতে পারে, মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোনো হয় না তাদের। অভিভাবকদের ধারণা, গরিব মানুষের জন্য লেখাপড়া নয়। মেয়ে সন্তানদের তাড়াতাড়ি বিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো ভাবনাই যেন কারও মাথায় নেই। গ্রামের চিত্র দেখে শামীমের তো বটেই, সতীর্থদেরও জিদ চাপল। মোজাহেদুল, ফরহাদ, মোখলেসুর, মাহমুদুল—সবাই মনে করলেন, অশিক্ষাই আরাজি পলাশবাড়ির দারিদ্র্যের কারণ। তাঁরা ঠিক করলেন, গ্রামের সব ছেলেমেয়েকে শিক্ষিত করে তুলবেন। তাঁদের পাশে দাঁড়ালেন কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ আবু তাহের, মজিদা কলেজের আনিসুর রহমান, সেই সময়ের কুড়িগ্রামের ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানীসহ আরও অনেকেই। গ্রামের সবার কাছে এক টাকা, দুই টাকা করে চাঁদা তুলে বিভিন্ন ক্লাসের বই কিনলেন। তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত। আন্দোলনে যোগ দিলেন সাইফুল, মামুনসহ গ্রামের বেশ কয়েকজন শিক্ষার্থী তরুণ।প্রথম দিকে তাঁরা গ্রামের সব ঝরে পড়া শিশুকে বেছে নিয়ে তাদের পড়াতে শুরু করলেন। লেখাপড়ার আসর বসত গাছতলায়, পুকুরপাড়ে এবং গ্রামের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান (মক্তব) আরাজি পলাশবাড়ি ফোরকানিয়া মাদ্রাসার মাঠে। কিন্তু বৃষ্টি, ধুলা, রোদ ও শীতে কার্যক্রম চালানো কষ্টকর ছিল। একসময় হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের একটি ঘর তাঁদের ব্যবহার করতে দিলেন। কিন্তু ইউপির ভবন গ্রাম থেকে দূরে হওয়ায় মেয়েরা সেখানে যেতে পারে না। পরে গ্রামের মক্তবের ঘরে পড়াশোনার কাজ শুরু হলো। ২০০৮ সালের এক ঝড়ে সেই ঘরটি ভেঙে গেল। গ্রামের মানুষ শামীমদের সমীহ করতে শুরু করেছে। গ্রামের সবাই মিলে মাটি ফেলে উঁচু করে দিলেন। কেউ বাঁশ দিলেন, কেউ টিন, কেউ শ্রম—এভাবেই তৈরি হলো আরাজি পলাশবাড়ির ‘ওরাকল স্টুডেন্টস লাইব্রেরি’। ওরাকল স্টুডেন্টস লাইব্রেরিতে আছে স্কুলপর্যায় তো বটেই, একাদশ-দ্বাদশ থেকে শুরু করে স্নাতক, সম্মান, টেকনিক্যাল, ভোকেশনাল ইত্যাদি স্তরের প্রয়োজনীয় বই। চেয়ারম্যানের সহায়তায় বিদ্যুতের সংযোগও পাওয়া গেল। আবদুর রশিদ ও আবদুর রহমান নামের দুই ব্যক্তি লাইব্রেরিতে প্রথম আলোসহ দুটি দৈনিক পত্রিকা রাখার ব্যবস্থা করে দিয়েছেন। পত্রিকাগুলোর পড়াশোনার পাতা শিক্ষার্থীদের সবচেয়ে বেশি কাজে লাগে।যখন আরাজি পলাশবাড়ি পৌঁছাই, তখন সন্ধ্যা পেরিয়ে অন্ধকার নেমেছে। গমগম করছিল লাইব্রেরি আর পড়াশোনার ঘরটা। গ্রামের গরিব ছেলেমেয়েরা এখানেই পড়ে—বাড়িতে যে তাদের বাতি জ্বালানোর সাধ্য নেই; গ্রামার, ব্যাকরণ ও গাইড—কোনো কিছুই কেনার সাধ্য নেই। বিভিন্ন স্তরের ১৭০ জন গরিব শিক্ষার্থী লাইব্রেরির সদস্য। একটি হাজিরা খাতায় সই করে তাদের লিখতে হয়, কার কোন বিষয়ে সমস্যা। সেই খাতা দেখে সাইফুল, কোহিনুর, ফরহাদসহ লাইব্রেরির উদ্যোক্তারা নির্দিষ্ট শিক্ষার্থীকে সহায়তা করেন। অনেক ক্ষেত্রে তাঁরা কুড়িগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের অনুরোধ করেন নির্দিষ্ট শিক্ষার্থীকে সেই সমস্যা সমাধানে বিশেষ সহায়তা দেওয়ার জন্য। শিক্ষকেরা সানন্দেই তা করে দেন। এর জন্য শিক্ষার্থীদের কোনো পয়সাই খরচ করতে হয় না। এসএসসি পাসের পর আনোয়ারের পড়াশোনা বন্ধ হয়ে যায় অর্থাভাবে। এই লাইব্রেরির কারণে তিনি কুড়িগ্রাম জেলার সড়ক বিভাগের মেসেঞ্জার হিসেবে কাজ করার পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক শেষ করে এখন স্নাতকে পড়ছেন। ২০০২ সালেই গ্রামের মেয়ে দয়ার পড়াশোনা বন্ধ হয়েছিল। লাইব্রেরির কল্যাণে তিনিও এইচএসসি পাস করেছেন। জাহাঙ্গীর তো এসএসসি পাস করার পর অর্থাভাবে পড়াশোনা ছেড়ে তরকারির ব্যবসা শুরু করেছিলেন। তাঁর বাবা ৬০ বছর বয়সেও ঠেলাগাড়ি টানেন। ওরাকল চাঁদা তুলে, বই দিয়ে জাহাঙ্গীরের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করে। এ বছর জাহাঙ্গীর সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার পদে যোগ দিয়েছেন। প্রথম মাসের বেতন বাড়িতে পাঠিয়ে বাবাকে বলেছেন, ‘বাবা, আর কিন্তু তুমি ঠেলাগাড়ি টানিও না।’ এ রকম বহু ছেলেমেয়েরই জীবন বদলে গেছে ওরাকলকে ঘিরে। গ্রামের ছেলেমেয়েদের ঝরে পড়া থেকে রক্ষা করার পাশাপাশি তাঁরা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করেছেন। মেয়েদের বাল্যবিবাহ বন্ধের প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন ওরাকলের বন্ধুরা। গ্রামের মানুষকে তাঁরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার গুরুত্ব বোঝান, যাতে চিকিৎসার ব্যয় বহনের কষ্ট থেকে রক্ষা পায় গ্রামের মানুষ।ওরাকলের উদ্যোক্তারা স্কুল-কলেজে গিয়ে তাঁদের গ্রামের ছেলেমেয়েদের টেস্ট পরীক্ষার খাতা দেখেন। তারপর তাদের দুর্বলতাগুলো কাটানোর সব রকম সহায়তা দেন। ফরহাদ বললেন, ‘গত বছর আমাদের গ্রাম থেকে ৩২ জন এসএসসি পরীক্ষা দিয়ে ৩০ জন পাস করেছে। এবার সব পরীক্ষার্থীকে আমরা পাস করাব, এইচএসসিতেও তাই হবে।’ সাইফুল বললেন, ‘হলোখানা ইউনিয়নের প্রতিটি গ্রামে এ রকম লাইব্রেরি হবে। এখানকার সবাই সবার সহযোগিতায় শিক্ষিত হবে। তখন অভাব থাকবে না।’ ইতিমধ্যে মাস্টারের হাট এবং হলোখানায় আরও দুটি লাইব্রেরির কাজ শুরু হয়েছে এই তরুণদের উদ্যোগেই। আরাজি পলাশবাড়ি গ্রামের রাস্তার ধারে ২০০ কৃষ্ণচূড়ার গাছ লাগানো হয়েছিল। এবার সেগুলোয় ফুল ফুটবে। ফুল ফোটার মতোই যেন ফুটে উঠছে আরাজি পলাশবাড়ির পরবর্তী প্রজন্ম। তারুণ্যের শক্তি সবই পারে। গোটা দেশের তরুণেরাই যদি এভাবে উদ্যোগী হন, তা হলে দেশটাকে বদলে দিতে খুব বেশি দিন লাগবে না।শান্ত নূরুননবী: উন্নয়নকর্মী।[email protected]