এশিয়ার যে দেশগুলোতে বনের পরিমাণ সবচেয়ে কম, বাংলাদেশের অবস্থান সেখানে। বাংলাদেশের চেয়ে খারাপ অবস্থা আর মাত্র দুটি দেশে—পাকিস্তান ও মঙ্গোলিয়া। বাংলাদেশের বনভূমি আজ যে তলানিতে এসে ঠেকেছে, তা কোনো প্রাকৃতিক কারণে হয়নি। দিনে দিনে আমরাই বনজঙ্গল উজাড় করেছি। দায়িত্বহীনতা, পরিকল্পনা ও দূরদৃষ্টির অভাব এবং বাছবিচারহীন উন্নয়ন প্রকল্প গ্রহণকেই সাধারণভাবে এর জন্য দায়ী করা যায়।
সাম্প্রতিক সময়ে দেশের বনভূমি এতটা নিচে নেমে আসার পেছনে গত ৩০-৪০ বছরে পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবনের বনভূমির ক্ষতিকেই বড় কারণ হিসেবে বলা হচ্ছে। বোঝা যায়, বন রক্ষার বিষয়টি আমাদের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় আদৌ কোনো গুরুত্ব পায়নি। বাংলাদেশের প্রকৃতি, পরিবেশ ও আবহাওয়া, গাছপালা ও জঙ্গলের জন্য উর্বর ভূমি। বন শুধু ধ্বংসই করা হয়েছে, এর সঙ্গে সামঞ্জস্য রেখে বনায়নের কার্যকর উদ্যোগও নেওয়া হয়নি।
এটা দুর্ভাগ্যজনক যে উন্নয়নের নামে বনভূমি উজাড় করার সংস্কৃতি থেকে আমরা এখনো সরে আসতে পারিনি। তা না হলে সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প নেওয়া হতো না, এই বনের চারপাশ ঘিরে রীতিমতো একটি শিল্পাঞ্চল গড়ে উঠত না। যেভাবে চলছে, তাতে আজ দেশে যে মাত্র ১১ দশমিক ২ শতাংশ বনভূমি টিকে রয়েছে, তা কমতেই থাকবে।
বনভূমি ধ্বংসের জন্য উন্নয়নের দোহাই খুব খাটবে না সিঙ্গাপুরের দৃষ্টান্ত বিবেচনায় নিলে। ছোট এই দেশটিতে জায়গার সংকট রয়েছে, কিন্তু এরপরও বনভূমির পরিমাণ হচ্ছে দেশটির আয়তনের ২৪ দশমিক ৯ শতাংশ। উন্নয়নের বিস্ময় হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ায় বনভূমির পরিমাণ দেশটির আয়তনের ৬৩ দশমিক ৬ শতাংশ। উন্নয়ন যদি জনগণের স্বার্থে করা হয়ে থাকে, তবে দেশের নীতিনির্ধারকদের এটাও বিবেচনায় নিতে হবে যে বনভূমি ধ্বংস হলে দেশের ওপর প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব পড়ে, তার শিকার হয় জনগণই।
বাংলাদেশে জনসংখ্যার চাপ রয়েছে, দেশটির উন্নয়নের আকাঙ্ক্ষাও রয়েছে। বনভূমি ও পরিবেশ-প্রকৃতি রক্ষা করে উন্নয়ন দেশটির জন্য একটি বড় চ্যালেঞ্জ। অপরিকল্পিত ও বাছবিচারহীন উন্নয়ন প্রকল্প বাংলাদেশের পক্ষে ধারণ করা সম্ভব নয়। উন্নয়ন পরিকল্পনায় যথেষ্ট বিচার-বিবেচনার পরিচয় না দিতে পারলে ‘উন্নয়ন’ হয়তো মিলবে, কিন্তু দেশটি কতটা বাসযোগ্য থাকবে, সেই প্রশ্ন বড় হয়ে দেখা দেবে।