তল্লাশিচৌকিতে নারী হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের দায়িত্বে নিয়োজিত থাকেন, তাঁদের কাছে অধিকতর দায়িত্বশীলতা প্রত্যাশা করা হয়। কিন্তু দুঃখজনকভাবে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা এ বিষয়ে যথেষ্ট সতর্ক নন বলে প্রতীয়মান হয়। কখনো কখনো এমন ঘটনাও ঘটে, যখন দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণের বাধ্যবাধকতার প্রতি পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের দৃষ্টি থাকে না। এ কারণেই মানুষের সঙ্গে পুলিশের কোনো কোনো সদস্যের দুর্ব্যবহার কিংবা হয়রানিমূলক আচরণের অভিযোগ ওঠে। এসবের ফলে পুলিশ নামের প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়; জনসাধারণের আস্থা হ্রাস পায়।

২৩ অক্টোবর রাতে রাজধানীর রামপুরার এক তল্লাশিচৌকিতে পুলিশের কয়েকজন সদস্যের দ্বারা এক নারীর হয়রানির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সমাজে যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তার একটি ভিন্ন মাত্রা আছে। চিত্রটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন পুলিশেরই এক সদস্য। তাঁরা সম্ভবত ভেবেছিলেন গভীর রাতে নারী কেন ঘরের বাইরে বিচরণ করবেন, এই প্রশ্ন তুলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করার চিত্রটি দেখে জনসাধারণ পুলিশকে বাহবা দেবে। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। সামাজিক যোগাযোগমাধ্যমে তো বটেই, সমাজের বিভিন্ন অংশে ঘটনাটির তীব্র প্রতিবাদ হয়েছে। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের এমন আচরণ অগ্রহণযোগ্য। আইন ও সালিশ কেন্দ্র মন্তব্য করেছে, এ ধরনের আচরণ সাধারণ মানুষ এবং ‘বিশেষত নারীদের মধ্যে পুলিশের প্রতি তীব্র আস্থাহীনতা’ আরও বাড়িয়ে দেবে। বিশেষত নারীসমাজের মধ্যে পুলিশ সদস্যদের ভাবমূর্তির বিষয়টি বিশেষ মনোযোগ দাবি করে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার প্রথম আলোর কাছে স্বীকার করেছেন, সেই রাতে ওই নারীর সঙ্গে পুলিশ সদস্যরা যে আচরণ করেছেন, তা অন্যায় হয়েছে। এ জন্য পুলিশের পাঁচ সদস্যকে শনাক্ত করা হয়েছে, রামপুরা থানার সহকারী উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে এবং মহানগর পুলিশের মতিঝিল বিভাগকে ঘটনাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্যই সুষ্ঠু তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের দায়িত্ব পুলিশ বিভাগই পালন করতে গেলে অভিযুক্ত ব্যক্তিদের প্রতি পক্ষপাত দেখানো হতে পারে। শুধু এই ঘটনা নয়, এর চেয়ে অনেক গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগের ক্ষেত্রে অভিযুক্ত পুলিশ সদস্যদের বাঁচানোর চেষ্টা করা হয় এমন ধারণা প্রচলিত আছে। আমরা মনে করি, আইনের স্বার্থে তো বটেই, পুলিশ বিভাগের নিজের স্বার্থেও এ ধরনের সুষ্ঠু প্রতিকারের উদ্যোগ নেওয়া জরুরি।

নারীদের নাগরিক অধিকারের বিষয়ে শুধু পুলিশ সদস্য নয়, সাধারণ মানুষের মধ্যেও যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি কাজ করে, তা দূর করা প্রয়োজন।