তাঁর উত্তরাধিকার বয়ে চলবে বাংলা সাহিত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম এক পুরুষ সৈয়দ শামসুল হক। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর জীবনের পরিসমাপ্তি আমাদের শিল্প-সাহিত্যের জন্য এক বিরাট ক্ষতি। তাঁর সৃষ্টিশীল জীবন বাংলা সাহিত্য ও বাংলাদেশের মানুষের প্রতি বিশ্বস্ত ছিল। কৃতজ্ঞ ও বেদনার্ত চিত্তে আমরা তাঁকে বিদায় অভিবাদন জানাই।
সৈয়দ শামসুল হক জন্মেছিলেন ১৯৩৫ সালে। কবিতা, ছোটগল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র, গান—প্রায় সব শিল্পমাধ্যমেই তাঁর বিচরণ ছিল স্বচ্ছন্দ। মাত্র ২৯ বছর বয়সে বাংলাদেশের সাহিত্যের গৌরবজনক পুরস্কার বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। শিল্প-সাহিত্যের প্রায় সব শাখায় উচ্চ মানের সৃজনপ্রতিভার কারণে তিনি ‘সব্যসাচী লেখক’ বলে অভিধা পেয়েছেন। বাংলাদেশের মঞ্চনাটকের ঐতিহ্যকে তিনি সমৃদ্ধ ও জনপ্রিয় করেছেন। তাঁর কাব্যনাটক পায়ের আওয়াজ পাওয়া যায় ও নূরলদীনের সারাজীবন দুই বাংলাতেই বিপুলভাবে নন্দিত, অভিনীত ও উচ্চারিত হয়েছে। কৃষক বিদ্রোহী নূরলদীনের কণ্ঠে ‘জাগো বাহে কোনঠে সবায়’ সংলাপ কয়েক দশক ধরে সংগ্রামী তারুণ্যকে উদ্দীপিত করে গেছে। তাঁর ‘পরানের গহীন ভিতর’ অসাধারণ প্রেমের পঙ্ক্তিমালা হিসেবে সব শ্রেণির পাঠকের মধ্যে স্পন্দন জাগায়।

সৈয়দ শামসুল হকের সাহিত্যচর্চা সমাজ, সংস্কৃতি ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তিনি ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক-রাজনৈতিক আন্দোলনের সম্মুখ সারির শিল্পী। প্রায় ৮১ বছরের দীর্ঘ জীবন পেয়েছিলেন তিনি, মৃত্যুর কিছুদিন আগেও তাঁর লেখনী সক্রিয় ছিল। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও তাঁর মানসিক শক্তি, শিল্প-সাহিত্যের প্রতি অনুরাগ, সর্বোপরি এ দেশের মানুষের জন্য গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে।
সৈয়দ শামসুল হকের সাহিত্য এখানেই বিশিষ্ট যে, নাগরিক আধুনিকতা ও গ্রামীণতার প্রতি তিনি ছিলেন সমান অনুরাগী। তিনি তাঁর কালের বাস্তবতার তল-উপতলে সন্ধান করে গেছেন মানবীয়তার সারাৎসার। তাঁর দৃষ্টিভঙ্গি ছিল আধুনিক; মানব মনের প্রতি ছিল তাঁর গভীর ঔৎসুক্য। আধুনিক ব্যক্তিমনের ভাব ও বিকার তাঁর সাহিত্যে নির্মোহভাবে উপস্থিত। নর-নারীর সম্পর্ক তিনি দেখতে ও দেখাতে চেয়েছেন সনাতন দৃষ্টিভঙ্গির গণ্ডি ছাপিয়ে। প্রায় পাঁচ মাস ধরে ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়েছেন এই শিল্পী; মৃত্যুর আগের দিন পর্যন্ত ছিলেন জীবনপ্রেমী ও আশাবাদী একজন মানুষ।
বাংলা সাহিত্য তাঁর উত্তরাধিকার বয়ে চলবে।