তাঁরা অপরিহার্য নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ‘গণতন্ত্র’ দিন দিন মজবুত হচ্ছে। ১৯৯০ সালের পর এ দেশে কোনো ক্যু হয়নি। অবশ্য এক-এগারো নিয়ে অনেকেই অনেক গল্প বলেন। তবে ফখরুদ্দীনের ‘মন্ত্রিসভার’ বৈঠকে কখনো কোনো উর্দিপরা লোককে বসে থাকতে দেখা যায়নি। যা হোক, আমরা দেখেছি যে ১৯৯১ সাল থেকে নিয়মিত বিরতিতে (মাঝখানে দুই বছর বাদ দিয়ে) এ দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।আমাদের দেশে গণতন্ত্রের সংজ্ঞা হলো, নিয়মিত নির্বাচন হওয়া। আট-দশজন লোক, যাঁদের অনেককেই ভোটাররা চেনেন না, তাঁদের যেকোনো একজনের মার্কার পাশে একটা সিল মেরে আসবেন। ব্যস, নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল। নির্বাচনে গণতন্ত্রের পরীক্ষা হয় না। গণতন্ত্রের পরীক্ষা হয় নাগরিকদের প্রতি রাষ্ট্রের আচরণের মধ্য দিয়ে। এ পরীক্ষায় আমরা এখনো কৃতকার্য হতে পারিনি। গণতন্ত্রের অর্জন নিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী, যাঁরা রাষ্ট্রের নিয়ন্ত্রক, প্রচুর বাগাড়ম্বর করে থাকেন। ‘এতিম’দের সঙ্গে ইফতার করে কিংবা ঈদ-পার্বণে আমজনতাকে লাল কার্পেটে ঢাকা চত্বরে দর্শন দিয়ে অনেকেই মনে করেন, তাঁরা জনগণকে একেবারে অন্তরের অন্দরমহলে ঠাঁই দিয়েছেন। এটা যে কত বড় ভাঁওতাবাজি, তা বোঝার মতো সাধারণ জ্ঞান মানুষের আছে। আর আছে বলেই নির্বাচনের সময় এলেই ভোটাররা গণেশ উল্টে দেন। আর সেটা ঠেকানোর জন্য ক্ষমতাসীন দল এবং তার উপগ্রহগুলোর প্রাণান্তকর চেষ্টা আমরা দেখে আসছি ৪০ বছর ধরে। গণতন্ত্রের প্রাথমিক সবক হলো, সব নাগরিকই রাষ্ট্রের চোখে সমান। জনগণের অর্থে লালিত-পালিত ব্যক্তি ও গোষ্ঠীগুলো কোনো রকমে একটা ‘দায়িত্ব’ পেলেই মনে করেন, তাঁরা ‘ক্ষমতা’ পেয়ে গেছেন। তারপর চলতে থাকে সেই ‘ক্ষমতা’কে পাকাপোক্ত করার আয়োজন। তাঁদের অনেকেই একধরনের মনোরোগের শিকার। তাঁদের ধারণা, তাঁরা অপরিহার্য, ইনডিসপেনসিবল। ভাবখানা এ রকম, আমাকে ছাড়া এ দেশ অচল, গণতন্ত্র অচল, অগ্রগতি অচল। এই অপরিহার্যতার অনুপান হলো মানুষের আবেগকে পুঁজি করে আখের গোছানোর প্রয়াস। এ থেকেই শুরু লাশের রাজনীতি, এ থেকেই চলে আসছে গুরুবাদের অপসংস্কৃতি। এর একটি ভয়াবহ রূপ হলো কবর পূজা। যেকোনো ছুতানাতায় কিছু লোক দল বেঁধে একটা কবরের চারদিকে দাঁড়িয়ে যায়, হট্টগোল করে, স্লোগান দেয়, ক্যামেরাবন্দী হওয়ার জন্য ঠেলাঠেলি করে। এটি রাজনীতির দেউলিয়াত্বই প্রমাণ করে।একজন নিজেকে অপরিহার্য মনে করার মানে হলো, তিনি আর সবাইকে অপমান করছেন, অন্যদের গুরুত্বহীন মনে করছেন। অন্যের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছেন। এটা করার সুযোগ ও সাহস তাঁরা কীভাবে পান? এর উত্তর খুঁজে পেতে আমাদের রাজনৈতিক দলগুলোর কাঠামোর দিকে তাকাতে হবে।এ দেশের রাজনৈতিক দলগুলো ব্যক্তিকেন্দ্রিক, মৌচাক যেমন তৈরি হয় একটা রানি মৌমাছিকে কেন্দ্র করে, এখনকার রাজনৈতিক দলগুলোও সে রকম। একজন প্রধান নেতা থাকেন। এখানে কেউ দ্বিতীয় বা তৃতীয় নন। একজন প্রধান এবং বাকি সবাই তাঁর সহচর। একটি প্রাইভেট কোম্পানি যেমন ব্যক্তি উদ্যোগে চলে এবং এর মালিকানা ও নিয়ন্ত্রণ থাকে সেই ব্যক্তি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর, রাজনৈতিক দলগুলোও অনেকটা সে রকম। রাজনৈতিক দলগুলো তাদের গঠনতন্ত্র অনুযায়ী ‘অলাভজনক’ প্রতিষ্ঠান। কিন্তু রাজনীতি ইতিমধ্যে একটা বিশাল ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে। এটা অত্যন্ত লাভজনক একটা খাত। এখানে লেগে থাকলে বংশপরম্পরায় মুনাফা লোটা যায়। আমরা আমাদের আশপাশে কোনো একজন ‘সফল’ রাজনীতিবিদের উদাহরণ টেনে আনলেই এর যথার্থতা দেখতে পাব। একটা সময় ছিল, যখন রাজনীতিতে ঝুঁকি ছিল অনেক, লাভ ছিল না তেমন। এখন দিন বদল হয়েছে। চোখের পর্দা সরে গেছে, গায়ের চামড়া হয়েছে আরও পুরু। এখন তাই অহরহ দেখা যায় চরকিবাজি কিংবা ডিগবাজি। কেবল পরিবর্তন করে রাজনীতির ময়দানে গলাবাজি করে অনেকেই নিজেদের টেকসই করে ফেলেছেন।ক্ষমতা আঁকড়ে থাকার রোগটি বেশ পুরোনো। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ নিজেকে আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন। আইয়ুব খানের অনুচরেরাও একবার আবদার করেছিলেন তাঁকে ‘আজীবন প্রেসিডেন্ট’ বানাতে। তাঁকে করুণভাবে বিদায় নিতে হয়েছিল। সুকর্ণের পথ ধরে সুহার্তো সাতটি নির্বাচনে ‘জয়ী’ হয়েছিলেন। মার্কোস ফিলিপাইনের ক্ষমতার কেন্দ্রে ছিলেন প্রায় আড়াই দশক। দক্ষিণ কোরিয়ার পার্ক চুং হির সামরিক সরকার একসময় জগদ্দল পাথরের মতো জনগণের বুকের ওপর চেপে বসেছিল। এসব আজ ইতিহাস। গণ-আন্দোলনে এসব স্বৈরশাসকের পতন হয়েছে। এসব দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা দেখছি আমরা। কারণ, তাঁরা রাজনীতিতে সংস্কার এনেছেন। ইন্দোনেশিয়ায় কেউ এখন দুবারের বেশি মেয়াদে রাষ্ট্রপতি থাকতে পারেন না। অর্থাৎ কেউ চিরদিনের জন্য অপরিহার্য নন। ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়াতে এক মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। সংবিধান তাঁদের এই ক্ষমতা দেয় না। আমাদের দেশে একজন ক্ষমতাহীন রাষ্ট্রপতি আছেন। তাঁকে নিয়ে সমস্যা নেই। আমাদের আছে। প্রধানমন্ত্রী-শাসিত সরকারব্যবস্থা। প্রধানমন্ত্রী সবকিছু নিয়ন্ত্রণ করেন। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ থেকে শুরু করে কালভার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন পর্যন্ত, সব কাজ তাঁকেই করতে হয়। তবে তাঁর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। এ দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের প্রধান কর্তাব্যক্তিরা তিন দশক ধরে দলের প্রধান। দল আর কোনো যোগ্য উত্তরসূরি খুঁজে পাচ্ছে না। যারা আমাদের গণতন্ত্র শিখিয়েছে এবং এখনো শেখাচ্ছে, সেসব দেশে নির্বাচনে পরাজিত দলের নেতারা নেতৃত্ব ছেড়ে দেন। এ দেশে তা হয় না। নেতৃত্ব বদলাতে হলে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় অথবা দল ভাগ করতে হয় অথবা অর্ধচন্দ্র দিয়ে বিদায় করতে হয়। দলের মধ্যে অপরিহার্য হয়ে পড়ার এই রোগ এখন ছোটখাটো দলগুলো, এমনকি যাদের কখনো নির্বাচনে কৃতকার্য হওয়ার ক্ষমতা কিংবা সুযোগ নেই, তাদের মধ্যেও সংক্রমিত হয়েছে।নিজেকে অপরিহার্য এবং প্রায় ঈশ্বরতুল্য ক্ষমতাধর মনে করার মনোরোগ শুধু ব্যক্তির মধ্যে নয়, এর একটা প্রাতিষ্ঠানিক রূপও দেখা যায়। একদল মনে করে, পার্লামেন্ট ‘সার্বভৌম’ ক্ষমতার অধিকারী। আরেক দল মনে করে, সার্বভৌম ক্ষমতার আধার হলেন সুপ্রিম কোর্ট। অনেকেই মনে করেন, সশস্ত্র বাহিনী হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। অথচ সংবিধানে লেখা আছে, দেশের মালিক জনগণ। স্পিকার আর বিচারপতির সাম্প্রতিক বাহাস দেখে রবীন্দ্রনাথকেই মনে পড়ে যায়, রথ ভাবে আমি দেব/ পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব/ হাসে অন্তর্যামী। মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।[email protected]