তাকওয়া অর্জনে মাহে রমজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবহে সাদিক বা সূর্যোদয়ের আগমুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামাচার বর্জন করাই রোজা বা সিয়াম সাধনার মূল লক্ষ্য নয়; বরং সিয়াম সাধনার মূল লক্ষ্য হচ্ছে এসব বৈধ কাজগুলো থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত বিরত থাকার মাধ্যমে তাকওয়া অর্থাৎ খোদাভীতি বা আত্মসংযমের মতো চারিত্রিক গুণাবলি অর্জন করা। এ সম্পর্কে পবিত্র কোরআনেও মহান রাব্বুল আলামিন এরশাদ করেছেন, ‘হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ তোমাদের পূর্ববর্তীদের ওপরও ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ (সূরা বাকারা, আয়াত ১৮৩)এই আয়াতের বক্তব্য থেকে এ কথাই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তাকওয়া অর্জনই রোজার মূল লক্ষ্য। তাকওয়ার আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা বা বেঁচে থাকা। শরিয়ার পরিভাষায় আল্লাহ তাআলার ভয়ে সর্বপ্রকার অন্যায়-অত্যাচার ও পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রেখে পবিত্র কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবনের সার্বিক কার্যক্রম পরিচালনা করার নামই হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি ইবাদত-বন্দেগিসহ জীবনের সর্বক্ষেত্রে তাকওয়া অবলম্বন করে, তাকেই মুত্তাকি বলা হয়। তাকওয়া হলো আল্লাহ-সচেতনতার এমন এক মানসিক অবস্থা, যা পাপ থেকে ফেরায় এবং সদা-সর্বদা নেক আমল বা ভালো কাজে লিপ্ত হওয়ার প্রেরণা জোগায়। তখন ব্যক্তির ভেতর আখিরাত তথা পরকালের ভয় বেড়ে ওঠে এবং আল্লাহকে খুশি করার সার্বক্ষণিক ব্যস্ততা জন্ম নেয়। তার ভেতর আল্লাহর দরবারে জবাবদিহির চেতনা সৃষ্টি করে। এমন চেতনায় জীবনের প্রতিটি মুহূর্ত মনে হয় আল্লাহর অমূল্য নেয়ামত। মুত্তাকি ব্যক্তির কাছে তার জীবনের প্রতিটি ক্ষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাপর্ব হিসেবে গণ্য হয়। কারণ, মুত্তাকি ব্যক্তি বিশ্বাস করে, আল্লাহ তাআলা সর্বদাই সর্বত্র বিরাজমান এবং তিনি সবকিছুই দেখেন, সবকিছুই জানেন। তাই কোনো অবস্থাতেই একমুহূর্তের জন্যও তাকে অসতর্ক হওয়া যাবে না, অসতর্ক হলেই সে লক্ষ্যচ্যুত হয়ে পাপকার্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রকট। উদাহরণ হিসেবে বলা যায়, যখন কোনো ব্যক্তি হাইওয়েতে দ্রুতগতিতে গাড়ি চালায়, তখন তার মনে সব সময় একটি ভয় কাজ করে—নিমেষের অসতর্কতা তার গাড়িকে গভীর খাদে ফেলে দিতে পারে এবং ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে পারে। এমন একটি দুর্ঘটনার জন্য দীর্ঘমেয়াদি কোনো ভুলের প্রয়োজন পড়ে না। চালককে তাই প্রতি মুহূর্তে চোখ ও মন খোলা রাখতে হয়। তাকে সারাক্ষণ সতর্ক থাকতে হয়। চালকের জন্য এটিই হচ্ছে তাকওয়া। আর মুমিনের জীবনে তাকওয়া হলো সিরাতুল মস্তাকিম বা সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার সার্বক্ষণিক ভয়। যেকোনো মুহূর্তে সামান্য অসাবধানতার কারণে সেও মহান আল্লাহর নির্দেশিত পথ থেকে বিচ্যুত হতে পারে। হজরত ওমর (রা.) কা’ব আল আহবার (রা.)-কে প্রশ্ন করেছিলেন, ‘তাকওয়া কী?’ জবাবে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ পথে হেঁটেছেন? তখন আপনি কী পন্থা অবলম্বন করেন?’ ওমর (রা.) বললেন, ‘আমি সতর্ক হয়ে কাপড় গুটিয়ে হেঁটেছি। যাতে কাঁটায় কাপড় আটকে না যায়।’ কা’ব বললেন, ‘এটিই তাকওয়া।’ পৃথিবীতে চারদিকে পাপ-পঙ্কিলতার কাঁটা ছড়ানো রয়েছে, তা থেকে সতর্কভাবে নিজেকে বাঁচিয়ে চলার নামই তাকওয়া। রাসুল (সা.) ‘আত তাকওয়া হা হুনা অর্থাৎ তাকওয়া হচ্ছে এখানে।’ এ বাক্য তিন-তিনবার উচ্চারণ করে সঙ্গে সঙ্গে বুকের দিকে আঙুলি দিয়ে ইশারা করেছেন। এ থেকেই প্রতীয়মান হয় তাকওয়ার অবস্থান ব্যক্তির মনোজগতে বা অন্তঃকরণে। যারা জীবনের সর্বত্র এই তাকওয়া অবলম্বন করে, আল্লাহর কাছে তারাই অধিক মর্যাদাবান। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিকতর মর্যাদার অধিকারী, যে অধিক মুত্তাকি।’ (সূরা আল-হুজুরাত, আয়াত ১৩)রোজার মূল লক্ষ্য তাকওয়া বৃদ্ধি। তাই তাকওয়া নিছক ক্ষুধা, তৃষ্ণা ও কামনা দমিয়ে রাখার সামর্থ্য নয়; বরং সর্বপ্রকার জৈবিক, আত্মিক ও আর্থিক কুপ্রবৃত্তি দমনের ইমানি শক্তি। রোজাদার ব্যক্তি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বৈধ পানাহারকে আল্লাহর নির্দেশে বর্জন করে। নির্জনে, নিরালায়, অন্ধকারে—যেখানে কারও দেখার বা জানারও কোনো সম্ভাবনা নেই—কিছুই পানাহার করে না। কারণ, সে জানে সবখানেই আল্লাহ বিরাজমান, তিনি সবকিছুই দেখেন ও জানেন। দীর্ঘ ৩০ দিন একটানা এই সাধনার মাধ্যমে রোজাদারের এই বিশ্বাস আরও সুদৃঢ় হয়, তার মানসিক অবস্থা আরও উন্নত স্তরে পৌঁছায়। সে পরিপূর্ণ মুত্তাকি রূপে নিজেকে গড়ে তোলার সুযোগ লাভ করে। যার ফলে পরবর্তী ১১ মাস তার অন্যান্য ইবাদত-বন্দেগি ও কাজকর্মে গুণগত উন্নতি সাধিত হয়। সৃষ্টিকর্তাকে ভয় করে তাঁর আইন ভঙ্গের অপরাধ থেকে বিরত থাকা, তাঁকে ভালোবেসে যে কাজে তাঁর সন্তুষ্টি লাভ করা যায় এবং স্বীয় আমিত্বকে দমন করা যায়, সেসব কাজ ঐকান্তিক আগ্রহের সঙ্গে সম্পাদন করার প্রয়াসই প্রকৃত ইবাদত। যে ব্যক্তি সর্বান্তঃকরণে এ প্রয়াস গ্রহণ করে না তার রোজা রাখার কোনো সার্থকতা নেই। তাই আমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও কামনা বর্জন করে সর্বাঙ্গীণভাবে তাকওয়া অর্জনের প্রার্থনা করব। মহান আল্লাহ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমাদের প্রকৃত মুত্তাকি হওয়ার তওফিক দান করুন।আবদুস সবুর খান: সহযোগী অধ্যাপক, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected]