তাজউদ্দীন আহমদ: তাঁর সমাজচিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজউদ্দীন আহমদ বাংলাদেশের ইতিহাসে আলোকিত এক নাম। এ দেশের স্বাধীনতাসংগ্রামের প্রতিটি ধাপে স্বতন্ত্র বৈশিষ্ট্যে উজ্জ্বল হয়ে আছেন তিনি। তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি বাংলাদেশের প্রথম সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের নয় মাসে অসাধারণ গৌরবদীপ্ত নেতৃত্বদান ও বিজয় অর্জনের সাফল্য।রাজনীতিতে তাঁর সততা, নিষ্ঠা, দক্ষতা, যোগ্যতা ভিন্ন মাত্রা যোগ করে। তিনি যেন হয়ে ওঠেন চিরকালের। চির বর্তমানের। আজ ২৩ জুলাই ২০১১, তাজউদ্দীন আহমদের ৮৬তম জন্মবার্ষিকী। এই দিনটিকে উপলক্ষ করে তাঁর বিভিন্ন সময়ের কিছু বক্তৃতা নিয়ে প্রকাশিত হয়েছে, তাজউদ্দীন আহমদের সমাজ ও রাষ্ট্রভাবনা নির্বাচিত বক্তৃতা এবং তাজউদ্দীন আহমদের আলোকভাবনা উদ্ধৃতি সংকলন—এই বই দুটি। এই বই দুটি পড়তে গিয়ে মনে হয়, সুখী সমাজ ও আত্মপ্রত্যয়ী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন এ দেশের মানুষের প্রাণের গভীরের চাওয়া—সেই লক্ষ্যে পৌঁছানোর পথ তিনি যেন নির্দেশ করে গেছেন তাঁর চিন্তায়, তাঁর কাজের ভেতর দিয়ে, তাঁর উচ্চারিত শব্দে। তাজউদ্দীন আহমদের বক্তৃতায় উঠে আসে সমাজ ও রাষ্ট্রের কথা। তাঁর রাষ্ট্রভাবনাকে ঘিরে থাকে সাধারণ মানুষের প্রতি তাঁর প্রবল সহানুভূতি ও কর্তব্যবোধ। সমাজজীবনকে স্বচ্ছ আলোতে দেখতে চেষ্টা করেছেন তিনি। কোনো রকম ফাঁকির আশ্রয় নেই তাঁর দেখার চেষ্টায়। তিনি সমস্যা সম্পর্কে জানতে চেয়েছেন, বুঝতে চেষ্টা করেছেন। কারণ, তিনি প্রতিকার চেয়েছেন এবং পথনির্দেশ করেছেন। তিনি মনে করতেন, মানুষ গড়তে হবে। যে মানুষ গড়ে তুলবে মুক্তিযুদ্ধের চেতনার আধুনিক বাংলাদেশ। তারুণ্যের প্রাণশক্তিকে সমাজ গড়ার কারিগরে রূপান্তরিত হওয়ার পথনির্দেশ করেন তিনি। বাংলাদেশে গণতান্ত্রিক, মানবিক মূল্যবোধসম্পন্ন, শোষণমুক্ত, ন্যায়বিচারভিত্তিক ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে প্রাণপণে কাজ করে যেতে বলেছেন তাজউদ্দীন আহমদ। সেই ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে যৌক্তিক, পরমতসহিষ্ণু, উদার, গণতান্ত্রিক, চিন্তাশীল, দূরদৃষ্টিসম্পন্ন কর্মী ও নেতা মানুষের প্রয়োজনীয়তার কথা ভেবেছেন তিনি।বাংলাদেশের বর্তমানের বাস্তবতায় তাজউদ্দীন আহমদের সেই কর্মী মানুষের প্রয়োজন আরও প্রকট, হয়েছে। আজ তাঁর জন্মদিনে অন্তর্নিহিত চাওয়া, সেই কর্মী মানুষ বেরিয়ে আসুন। সেই সঙ্গে পাঠকের সঙ্গে ভাগ করে নিতে চাই তাঁরই চিন্তার অসামান্য কিছু অংশ। যেমন সংবিধান প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আসল কথা, “সংবিধান” নামক বইয়ের মধ্যে কতগুলো সুন্দর, প্রাঞ্জল ভাষা, কতকগুলো সুন্দর সুন্দর শব্দের বিন্যাস ঘটালেই তার ওপর নির্ভর করে না সংবিধানের উৎকর্ষ। তা নির্ভর করে এর প্রয়োগের ওপর। সেই প্রয়োগ যদি সাচ্চা জনপ্রতিনিধিদের হাতে থাকে, তা হলে অপপ্রয়োগ কোনো দিন হবে না। আর এ দেশের মানুষকে সচেতন রেখে যদি তাদের সাচ্চা প্রতিনিধি আমরা দিতে ব্যর্থ হই, তাহলে কোনো দিনই—যত সুন্দর সুন্দর ভাষা দিয়েই সংবিধান রচনা করা হোক না কেন—সেই সংবিধানের সুফল কেউ-ই ভোগ করতে পারবে না। রাজনৈতিক অধিকার ছাড়া অর্থনৈতিক, সাংস্কৃতিক কোনো অধিকারই প্রতিষ্ঠা করা যায় না। রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠাই হচ্ছে মানবিক মূল্যবোধের হাতিয়ার। আবার রাজনৈতিক অধিকার যদি শাসকগোষ্ঠীর হাতে থাকে, স্বার্থপর লোকের বা দলের হাতে থাকে, তাহলে সেটা হয় শোষণের যন্ত্র।আজকে তাই এই সংবিধানে নির্ভেজাল গণতন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে মানুষ নির্দিষ্ট সময়ে সঠিকভাবে তাদের নির্বাচকমণ্ডলীর দ্বারা কোনোরূপ হস্তক্ষেপ ব্যতিরেকে নির্বাচিত হতে পারে, তার বিধান রাখা হয়েছে এই সংবিধানে। সেটা যাতে বাস্তবে রূপায়িত হয়, তার জন্য প্রত্যেক মানুষকে সচেতন করার দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে, রাজনৈতিক দলগুলোকে নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব গ্রহণ করতে হবে।’অন্যত্র বলেছেন, ‘আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে জাতি হিসেবে আমাদের একটা ঐক্য থাকতে হবে। আমরা যে দলেই থাকি না কেন, আমাদের জাতীয় লক্ষ্য নির্দিষ্ট। সে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের প্রথমত জাতীয় ঐক্য প্রয়োজন। পথ বিভিন্ন হতে পারে, আমরা হয়তো ভাবছি এই পথে গেলে লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারব। আর-একজন হয়তো ভাবছেন অন্য পথে গেলে তা সহজ হবে। আমরা যদি লক্ষ্য স্থির রাখতে পারি, তাহলে আমাদের গতিপথে কোনো বাধাই টিকবে না। এই আবেদনই আমি সকলের কাছে রাখব। আমাদের সেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্য গড়ে তুলতে সবচেয়ে বেশি প্রয়োজন পরস্পরের প্রতি সম্মানবোধ, শ্রদ্ধাবোধ। আমরা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ না রাখি, সম্মানবোধ না রাখি, তাহলে সেই পরিস্থিতিতে কী আকার ধারণ করবে, তা সহজেই অনুমেয়।’ বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তাঁর অভিমত ছিল, ‘একটা দেশে সরকার বিরোধী যে দল থাকে, তারাও প্রকৃত প্রস্তাবে সংসদীয় গণতন্ত্র অনুযায়ী একটা বিকল্প সরকার। একটা বিকল্প সরকার হিসেবে তাদেরও দায়িত্ব থাকে দেশের যে সমস্যা, সে সমস্ত সমস্যার সমাধান কী করে করা যায়। বিকল্প সরকার হিসেবে দায়িত্ব সহকারে সমস্ত সমস্যা তাদের চিন্তা করা কর্তব্য। দুনিয়ার সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী যেসব দেশ রয়েছে, সেই সব দেশে ছায়া মন্ত্রিসভার ব্যবস্থা থাকে। তাঁরা বিরোধী দলের লোক হলেও ছায়া মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কাজ করেন। তাঁরা মন্ত্রীর দায়িত্ব নিয়ে এবং তা অনুভব করে সমস্যা নিয়ে এগিয়ে যান। আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমাদের এখানে বিরোধীদের আরও অধিকসংখ্যক সদস্য আসা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে, তাঁরা আসতে পারেন নাই। ভবিষ্যতে আসার চেষ্টা করবেন এবং আমি আশা করি, সেই চেষ্টা সফল হবে এবং তা হলে আমরা খুশি হব। আজকে অন্যান্য দলের কার্যকলাপ বাইরে রয়েছে সেদিক থেকে তারা বিকল্প সরকারের দায়িত্ব নিয়ে কাজ করবেন, এই আবেদন আমি করতে পারি। পরস্পরের স্বার্থবোধ এবং সম্মানবোধ বজায় রেখে এগিয়ে যেতে হবে। বিরোধী দল সরকারের সম্পূরক হিসেবে কাজ করবেন এবং দেশে নেতৃত্ব দিবেন। তাই আজকে বিরোধী দলের ভাইয়েরা, যাঁরা বাইরে কথা বলছেন এবং মাননীয় সদস্য, যাঁরা ভিতরে কথা বলছেন, তাঁদের সকলের কাছে আমি আবেদন করব এবং অনুরোধ করব, যে কোনো সমস্যাকে, যাকে ইংরেজিতে বলে play up করা, তা যেন তাঁরা না করেন। বাস্তব সমস্যা এবং তার সমাধান জনসাধারণের সামনে তুলে ধরলে সরকারের ঠিক লক্ষ্য হিসেবে তাঁরা জনসাধারণের প্রশংসা পাবেন। গণতান্ত্রিক যে কোনো সমাধান তাঁরা দেবেন সরকারের বিকল্প হিসেবে, তাঁদের সেটা গ্রহণযোগ্য হলে জনসাধারণ তা বিবেচনা করবে।’ দেশের আর্থ-সামাজিক পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমরা সামন্তবাদী অবস্থা ও পরিবেশ থেকে এখনও পূর্ণ গণতান্ত্রিক অবস্থায় পৌঁছতে পারিনি। সামন্ত প্রভু আজ নেই সত্য-কিন্তু সামন্ত মনোবৃত্তি এখনও রয়েছে। আগে এই মানসিকতার পরিবর্তন করতে হবে।’‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে সঠিক তথ্য ও উপকরণ সংগ্রহ করে এর ইতিহাস রচনা করতে হবে। মিথ্যা ও কল্পনার রঙে রঞ্জিত কোনো ইতিহাস যদি রচনা করা হয় তবে তা নিশ্চিতভাবে আগামীতে মিথ্যা বলে প্রমাণিত হবে।’‘জনগণ ও রাষ্ট্রের স্বার্থে দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কাছ থেকে দূরে সরে থাকতে হবে।’‘দেশে আজ সাধারণ শিক্ষার সাথে সাথে আরও বেশি করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা আবশ্যক। কেবলমাত্র সাধারণ শিক্ষার ফলে সমাজে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।’‘প্রতিরক্ষার সবচেয়ে বড় গ্যারান্টি হলো সন্তুষ্টিচিত্ত জনগণ। কাজেই জনগণের ভাগ্যের উন্নয়ন করতে হবে।’‘আমাদের বুদ্ধিজীবীরা দেশের সত্যিকার সমস্যা তুলে ধরবেন এবং সমাধানের ইঙ্গিত প্রদর্শন করবেন, এটাই কামনা করি। অন্ধভাবে আমাদের শুধু প্রশংসা করলেই চলবে না।’রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে তাজউদ্দীন আহমদের এই বক্তব্য হতে পারে আমাদের সবার দিকনির্দেশনা। সিমিন হোসেন রিমি: সমাজকর্মী, লেখক।[email protected]