তাজিংডংয়ের আর্থ পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগের পারদ এখন ওপরের দিকেই; এর মধ্যে পরিবেশের ‘অস্কার’ হিসেবে বিবেচিত বৈশ্বিক পুরস্কারটি পেয়েছে বাংলাদেশের সংস্থা তাজিংডং। সামাজিক অংশগ্রহণে গ্রামীণ বন সংরক্ষণে তাজিংডংয়ের উদ্যোগের এই স্বীকৃতি আমাদের জন্য আনন্দের। বেসরকারি সংস্থা তাজিংডংয়ের নির্বাহী পরিচালক অংশৈসিং মারমা এই পুরস্কারপ্রাপ্তিকে বাংলাদেশেরই অর্জন বলেছেন। আমরাও বলতে চাই, সমগ্র বাংলাদেশই যদি গ্রামীণ ও প্রাকৃতিক অরণ্য সংরক্ষণে তাজিংডংয়ের মতো উদ্যোগী হতো, তবে সত্যিই তা হতো এক বড় অর্জন।
তাজিংডংয়ের এই পুরস্কারপ্রাপ্তির ক্ষণ ও স্থানটিও গুরুত্বপূর্ণ। মরক্কোর মারাক্কেশে চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলনে এই পুরস্কার ঘোষিত হয় বলে জানিয়েছে রোববারের প্রথম আলো। অস্ট্রিয়ার প্রতিষ্ঠান এনার্জি গ্লোব ফাউন্ডেশনের এই পুরস্কারকে পরিবেশ রক্ষার অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে দেখা হয়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বান্দরবানের একটি ছোট বেসরকারি সংস্থার এই পুরস্কার পাওয়া বোঝায়, কল্যাণের পথে স্বীকৃতি আসবেই।
পাহাড়ি ও অরণ্যবান্ধব জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির অংশই হলো বনের পরিবেশ ও বন্য প্রাণীর সুরক্ষা। সারা বিশ্বেই এটা দেখা গেছে যে বনের ওপর নির্ভরশীল মানুষ নিজেদের স্বার্থেই বনের স্বভাব বুঝে চলে। কিন্তু আধুনিক উন্নয়ন ও নগরকেন্দ্রিক সভ্যতার চাহিদা মেটাতে গিয়ে গ্রামীণ সামাজিক ও প্রাকৃতিক বন সংরক্ষণের এই ঐতিহ্য আমরা ভুলতে বসেছি। তাজিংডং পার্বত্য চট্টগ্রামের বিলুপ্তপ্রায় গ্রামীণ এজমালি বনের ঐতিহ্যই আবার জাগিয়ে তুলতে কাজ করছে।
তাজিংডং আরণ্যক ফাউন্ডেশনের সহযোগিতায় এ পর্যন্ত ১২ হাজার ৯১৯ হেক্টর জমির বন সংরক্ষণ করেছে। পাহাড়ি গ্রামীণ মানুষই এই প্রকল্পের চালক ও সুফলভোগী। এই প্রকল্পের কারণে গ্রামের মানুষের পানির অভাবও মিটছে। রক্ষা পাচ্ছে বন্য প্রাণীর আবাসস্থল। আমরা চাই সমগ্র পার্বত্য চট্টগ্রামসহ সমতলের বন সংরক্ষণেও তাজিংডং দৃষ্টান্ত হয়ে উঠুক। গাছগাছালিবেষ্টিত গ্রাম ও শহরই মানুষের শ্রেষ্ঠ আবাস। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে সুন্দরবনসহ দেশের অন্যান্য বনাঞ্চলের ঝুঁকি মোকাবিলায় সরকারেরও দূরদর্শিতা আশা করি।