তানভীর হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমানসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের গতি দৃশ্যত এখনো নিশ্চল। তাই নারায়ণগঞ্জবাসী তাকিয়ে আছে প্রধানমন্ত্রীর দিকে। জামায়াত-বিএনপিকে না জড়ানো, সন্দেহভাজনদের স্মারকলিপি গ্রহণ না করার মতো দৃঢ়তা স্থানীয় প্রশাসন দেখালেও তদন্তে অগ্রগতি নেই। সন্দেহভাজনদের পলায়ন রোধে প্রশাসন নির্বিকার। মানুষের এত বিক্ষোভেও জগদ্দল পাথর টলছে না। পেশাগত কারণেই নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার জেলার দলীয় রাজনীতি ও অপরাধজগতের হাঁড়ির খবর রাখার কথা। প্রশাসনের বড় পদে কারও আসীন হওয়া এবং টিকে থাকাও কখনো কারও আশীর্বাদের বিষয় হতে পারে। তাই লাশ উদ্ধারের প্রায় দুই সপ্তাহ পরও পুলিশি নিষ্ক্রিয়তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘বেশি বাড়াবাড়ি’ না করা-সংক্রান্ত একটি ইঙ্গিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছিলেন বলে পত্রিকান্তরে বেরিয়েছিল। কিছুটা বিলম্বে হলেও তিনি তা অস্বীকার করেছেন। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হিসেবে খোদ ভারপ্রাপ্ত কর্মকর্তা আদৌ তদন্ত শুরু করেছেন বলে জানা যায়নি। অথচ গোয়েন্দা সংস্থা কথিত ছায়া তদন্তের আওতায় ছয়জনকে বেআইনিভাবে অন্তরীণ রেখেছে। এই খবর নাকচ করা হয়নি। উপরন্তু এদের একজনের নাম ত্বকীর বাবা নির্দিষ্ট করেছেন। এত বড় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে এ রকম ঢাকঢাক-গুড়গুড়ের কী প্রয়োজন রয়েছে?ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রচণ্ড চাপের মুখে শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় রয়েছেন। কয়েকজনকে ‘শনাক্ত’ করা সম্ভব হয়েছে মর্মে খবর প্রকাশের পর তাঁরা বলেছেন, ‘শনাক্ত’ নয়, কথাটা হবে ‘সন্দেহ ঘনীভূত’ হয়েছে। ক্ষুব্ধ নারায়ণগঞ্জবাসী ও ত্বকীর শোকাহত পরিবার পুলিশের কাজকর্মে এখনো সান্ত্বনার কিছু পায়নি। ত্বকী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের ভাবমূর্তি শুধু নারায়ণগঞ্জেই নয়, দেশবাসীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। যখনই ক্ষমতাসীন দলের আশীর্বাদপুষ্ট কারও নাম নির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষ ‘আইনের আপনগতির’ দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকায়। এখানে সন্দেহভাজনেরা রাজনৈতিক প্রতিপক্ষের দিকে ত্বরিত অঙ্গুলি নির্দেশ করছেন। হত্যাকারীদের চেনার দাবি করছেন। এমনকি ‘তদন্তের স্বার্থে’ জেলা আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিচ্ছেন। এটা পরিষ্কার যে সুষ্ঠু তদন্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের দ্বিধাদ্বন্দ্ব প্রবল। হতে পারে তারা বাস্তব কারণে বিবেকের ডাকে সাড়া দিতে অপারগ। সম্ভবত সে কারণেই ত্বকীর বাবা উপায়ান্তর না দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছেন। নির্বাচিত মেয়রেরও তাতে সম্মতি থাকার কথা। আমরা আশা করব, তদন্তের ফল যা-ই হোক, সন্দেহভাজনেরা যতই শক্তিশালী হোক, দায়মুক্তির সুযোগ তারা যাতে না পায়, সেটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জের মানুষ ত্বকী হত্যার সন্দেহভাজনদের গ্রেপ্তার ও দ্রুত বিচারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ আশা করছেন।