তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার নিখোঁজ হওয়ার বিষয়ে আমাদের সরকারি কর্তৃপক্ষগুলো যে আচরণ করল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা যেন হিসাবেই নিল না যে ৮০০ কোটি টাকা চুরি যাওয়ার মতো একটি বৃহত্তম কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার দিকে দেশবাসী কেবল নয়, গোটা বিশ্ববাসী তাকিয়ে আছে। আর সেখানে ক্ষতি রোধে কোনো পদক্ষেপ নিতে হলে তার পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনায় নেওয়া উচিত।
বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে ইতিপূর্বে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন বিশেষ করে সর্বশেষ যাঁকে কথিতমতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত এলাকায় দেখা গেছে, তাঁর হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে নানা সন্দেহ-সংশয় দেখা দিয়েছে। এরপর আমরা দেখলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই প্রকাশ্যে বললেন, জোহা জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়ে থাকতে পারেন কিন্তু বিষয়টি তাঁর জানা নেই, তখন তা গভীর উদ্বেগ ও অস্বস্তির জন্ম দেয়। কারণ গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশে সোপর্দ করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এ ছাড়া কোনো নাগরিক নিখোঁজ হলে তাঁকে উদ্ধার করার দায়িত্ব রাষ্ট্রের। তাঁর স্ত্রী সরকারের কাছে তাঁকে খুঁজে বের করা এমনকি তাঁর প্রাণভিক্ষার আবেদন করেছেন। এতে আমাদেরও সহমত আছে।
এটা অনুমেয় যে ‘বিশেষজ্ঞ’ হিসেবে নিয়োজিত হওয়ার পরেও তদন্তাধীন ঘটনার ব্যাপারে তাঁকে গণমাধ্যমে বক্তব্য দিতে দেখা গেছে এবং তা হয়তো সরকারি সংস্থার মূল্যায়নে সুষ্ঠু তদন্তের পথে কোনো প্রভাব ফেলেছে। গণমাধ্যমকর্মীদের কাছে কথিতমতে অস্পষ্ট কোনো বক্তব্য দেওয়া কিন্তু আইনসংগত নয় বা সেটা কোনো ভালো রাষ্ট্রের ভালো আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনের নমুনা নয়। তানভীরের বিরুদ্ধে অভিযোগ থাকুক আর না-ই থাকুক, তাঁকে ঘিরে নাটকীয়তার অবসান হোক। তাঁর স্বজনদের দুশ্চিন্তার অপনোদন ঘটুক।
অারও পড়ুন :-